ঢাকা   শনিবার ০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩

আগস্টে সরকারি চাকরিজীবীদের জন্য দুই দফায় টানা ৪ দিনের ছুটির সুযোগ

চাকরি

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১০:৪৯, ১ আগস্ট ২০২৬

আগস্টে সরকারি চাকরিজীবীদের জন্য দুই দফায় টানা ৪ দিনের ছুটির সুযোগ

আগস্ট মাসে সরকারি চাকরিজীবীদের জন্য থাকছে দুই দফায় টানা চার দিনের ছুটি কাটানোর সুযোগ। সরকারি ছুটির সঙ্গে এক দিন করে নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি যোগ করলে মাসজুড়ে মোট আট দিনের দীর্ঘ অবকাশ উপভোগ করা সম্ভব হবে।

সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ৫ আগস্ট (বুধবার) ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে সারা দেশে সাধারণ ছুটি থাকবে। এর পরদিন ৬ আগস্ট (বৃহস্পতিবার) অফিস খোলা থাকলেও সেদিন এক দিনের নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি নিলে ৭ ও ৮ আগস্টের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা চার দিনের অবকাশ মিলবে।

মাসের দ্বিতীয় দফার দীর্ঘ ছুটির সুযোগ তৈরি হচ্ছে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে। ২৬ আগস্ট (বুধবার) এ উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। তবে এ ছুটির তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল।

ঈদে মিলাদুন্নবীর পরদিন ২৭ আগস্ট (বৃহস্পতিবার) এক দিনের নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি নিলে ২৮ ও ২৯ আগস্টের (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে আবারও টানা চার দিনের অবকাশ পাওয়া যাবে।

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সাধারণ ছুটি পালন করা হয়। অনেক বেসরকারি প্রতিষ্ঠানও এ উপলক্ষে ছুটি ঘোষণা করে থাকে।

তবে হাসপাতাল, আইনশৃঙ্খলা বাহিনী, বিদ্যুৎ, ফায়ার সার্ভিসসহ জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কর্মীদের ক্ষেত্রে এ ছুটির সুবিধা স্বাভাবিকভাবে প্রযোজ্য হবে না।