ঢাকা   রোববার ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

বারবার মাথা ব্যথা কেন হয়? যে কারণগুলো জানা জরুরি

স্বাস্থ্য

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৭:০৪, ২০ সেপ্টেম্বর ২০২৬

সর্বশেষ

বারবার মাথা ব্যথা কেন হয়? যে কারণগুলো জানা জরুরি

মাঝে মধ্যে মাথা ব্যথা হওয়া অস্বাভাবিক নয়। তবে একই সমস্যা যদি ঘন ঘন ফিরে আসে, তাহলে শুধু ব্যথা কমানোর দিকে নজর না দিয়ে এর পেছনের কারণ খুঁজে দেখা জরুরি। হরমোনের পরিবর্তন, ঘুমের ঘাটতি, শরীরে পানির স্বল্পতা, দীর্ঘ সময় না খেয়ে থাকা কিংবা ঘাড় ও কাঁধের পেশিতে অতিরিক্ত টান—বিভিন্ন কারণেই মাথা ব্যথা বাড়তে পারে।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে মেনোপজ কোচ ও মেনোভেদারের সহপ্রতিষ্ঠাতা তামান্না সিং বলেন, বিশেষ করে নারীদের ক্ষেত্রে হরমোনের ওঠানামা মাথা ব্যথার অন্যতম কারণ হতে পারে।

হরমোনের পরিবর্তন

পেরিমেনোপজ বা মেনোপজের আগের সময়ে নারীদের শরীরে ইস্ট্রোজেনের মাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন হতে পারে। তামান্না সিংয়ের মতে, ইস্ট্রোজেনের দ্রুত ওঠানামা কিছু নারীর ক্ষেত্রে মাথা ব্যথা বা মাইগ্রেনের প্রবণতা বাড়িয়ে দিতে পারে।

এমনকি আগে নিয়মিত মাথা ব্যথার অভিজ্ঞতা না থাকলেও ৪০ বছর বয়সের আশপাশে গিয়ে কারও কারও নতুন করে ঘন ঘন মাথা ব্যথা শুরু হতে পারে।

ঘুমের ঘাটতি ও পানিশূন্যতা

পর্যাপ্ত ঘুম না হওয়াও মাথা ব্যথার পরিচিত একটি কারণ। বিশেষ করে পেরিমেনোপজের সময়ে রাতে অতিরিক্ত ঘাম বা বারবার ঘুম ভেঙে যাওয়ার কারণে ঘুমের স্বাভাবিকতা নষ্ট হতে পারে। এর সঙ্গে শরীরে পানির ঘাটতি যোগ হলে মাথা ব্যথা আরও বাড়তে পারে।

তাই নিয়মিত ঘুমের অভ্যাস গড়ে তোলার পাশাপাশি প্রতিদিন পর্যাপ্ত পানি পান করাও গুরুত্বপূর্ণ।

দীর্ঘ সময় না খেয়ে থাকা

অনেকক্ষণ খালি পেটে থাকা বা এক খাবার থেকে আরেক খাবারের মধ্যে দীর্ঘ বিরতি থাকলেও মাথা ব্যথা দেখা দিতে পারে। শরীরে হরমোনের পরিবর্তন চললে এর প্রভাব আরও বেশি অনুভূত হতে পারে।

ব্যস্ততার মধ্যেও খাবারের সময় যেন বাদ না যায়, সেদিকে খেয়াল রাখা এবং দীর্ঘ সময় খালি পেটে না থাকার পরামর্শ দেওয়া হয়।

ঘাড় ও কাঁধের পেশিতে টান

মানসিক চাপের কারণে অনেক সময় অজান্তেই চোয়াল, ঘাড় ও কাঁধের পেশিতে টান তৈরি হয়। দিনের পর দিন এই চাপ জমতে থাকলে মাথা ব্যথার প্রবণতাও বাড়তে পারে।

এ ছাড়া দীর্ঘ সময় কম্পিউটার বা ডেস্কে ভুল ভঙ্গিতে বসে কাজ করলেও ঘাড়ের ওপর অতিরিক্ত চাপ পড়ে। এর ফলে দিনের শেষ দিকে মাথা ব্যথা শুরু হতে পারে কিংবা আগে থেকে থাকা ব্যথা আরও তীব্র হয়ে উঠতে পারে।

কখন মাথা ব্যথা হচ্ছে, তা লিখে রাখুন

বারবার মাথা ব্যথা হলে শুধু ব্যথার তীব্রতা নয়, কখন এবং কোন পরিস্থিতিতে ব্যথা শুরু হচ্ছে, সেটিও খেয়াল করা জরুরি। প্রয়োজনে একটি নোটে সময় ও পরিস্থিতি লিখে রাখা যেতে পারে।

যেমন—মাসিকের আগে, কম ঘুমের পর, দীর্ঘ সময় না খেয়ে থাকলে কিংবা অতিরিক্ত মানসিক চাপের সময় মাথা ব্যথা হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ করলে সম্ভাব্য কারণ শনাক্ত করতে সুবিধা হতে পারে।

পর্যাপ্ত পানি পান, নিয়মিত খাবার খাওয়া ও ভালো ঘুমের অভ্যাসের পাশাপাশি এসব তথ্য চিকিৎসকের সঙ্গে আলোচনা করাও উপকারী হতে পারে।

বিশেষ করে জীবনে প্রথমবার ঘন ঘন মাথা ব্যথা শুরু হলে, বয়স বাড়ার সঙ্গে নতুন ধরনের মাথা ব্যথা দেখা দিলে কিংবা ব্যথার ধরন বারবার ফিরে এলে শুধু নিয়মিত ব্যথানাশক ওষুধের ওপর নির্ভর না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

সর্বশেষ