ঢাকা   শনিবার ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

এইচএসসির ফল আজ, এসএমএসে জানতে পাঠাতে হবে নতুন নম্বরে

শিক্ষা

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৯:৪৯, ৩১ অক্টোবর ২০২৬

সর্বশেষ

এইচএসসির ফল আজ, এসএমএসে জানতে পাঠাতে হবে নতুন নম্বরে

এ বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ শনিবার (৩১ অক্টোবর)। বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করা হবে। এবার মুঠোফোনে এসএমএসের মাধ্যমে ফল জানতে শিক্ষার্থীদের নতুন নম্বরে বার্তা পাঠাতে হবে। আগের বছরগুলোতে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে ফল জানা গেলেও এবার নির্ধারণ করা হয়েছে ১৬১৪০ নম্বর।

আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনলাইন রেজাল্ট পোর্টাল, নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং মুঠোফোনে এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে। তবে শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড বা পত্রিকা অফিসে ফলাফল পাওয়া যাবে না।

যেভাবে জানা যাবে ফল

অনলাইনে: বোর্ডের ওয়েবসাইট ও নির্ধারিত রেজাল্ট পোর্টালের মাধ্যমে ফলাফল সংগ্রহ করা যাবে। শিক্ষার্থীরা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও ফল জানতে পারবেন।

শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে: পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফলাফল সংগ্রহ করতে পারবেন। এ জন্য প্রতিষ্ঠানগুলোকে বোর্ডের ওয়েবসাইটের রেজাল্ট কর্নারে গিয়ে বোর্ড ও প্রতিষ্ঠানের ইআইআইএন (প্রতিষ্ঠানের পরিচিতি নম্বর) ব্যবহার করে ফলাফল ডাউনলোড ও প্রকাশ করতে বলা হয়েছে।

এসএমএসের মাধ্যমে: যেকোনো মুঠোফোন থেকে ১৬১৪০ নম্বরে খুদে বার্তা পাঠিয়ে ফলাফল জানা যাবে। এ জন্য বার্তার ঘরে লিখতে হবে—

HSC বোর্ডের নামের প্রথম তিন অক্ষর রোল নম্বর 2026

উদাহরণ: HSC Dha 123456 2026

এরপর বার্তাটি পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে।

পরীক্ষায় অংশ নেন ১২ লাখ ৭০ হাজারের বেশি শিক্ষার্থী

এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ২ জুলাই। লিখিত পরীক্ষা ৮ আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা স্থগিত করা হয়। পরে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়।

এবার নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেন। তবে পরীক্ষায় বেশ কিছুসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

সর্বশেষ