কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসল করতে নেমে সাগরের ঢেউ ও তীব্র স্রোতে ভেসে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ রয়েছেন আরও একজন।
বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় হিমছড়ি এলাকার মারিনা রিসোর্টের জাদুঘর-সংলগ্ন সৈকতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় পর্যটকদের একটি দল সৈকতে গোসল করতে নামে। এ সময় সাগরের প্রবল ঢেউ ও স্রোতে কয়েকজন ভেসে যেতে থাকেন। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় লোকজন দ্রুত তাঁদের উদ্ধারে এগিয়ে আসেন।
পরে তাঁদের প্রচেষ্টায় একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এ সময় ঘটনাস্থল থেকে তিন পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা রশিদ জানান, সাগরে গোসল করতে নামার পর পর্যটকেরা ঢেউ ও স্রোতের কবলে পড়েন। তাঁদের উদ্ধারে স্থানীয় লোকজন এগিয়ে আসেন।
হিমছড়ি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সুলাইমান জানান, এ ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে এবং একজন পর্যটক নিখোঁজ রয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে দুজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তাঁরা হলেন রোহান ও জিসান। দুজনই ঢাকার উত্তরার বাসিন্দা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান জানান, পর্যটকদের একটি দল মারিনা রিসোর্টের জাদুঘর-সংলগ্ন সৈকতে গোসল করতে নেমে সাগরের ঢেউ ও স্রোতে ভেসে যান। পরে স্থানীয় লোকজন একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠান।
এদিকে দুর্ঘটনার পর সৈকত এলাকায় শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। নিখোঁজ পর্যটকের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তাঁর সন্ধান মেলেনি।
























