সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরা ও হরিণ শিকারে বাধা দেওয়ায় হত্যার হুমকি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ করেছেন মোংলা উপজেলার চিলা ইউনিয়ন বিএনপির সভাপতি ও বন বিভাগের চাঁদপাই রেঞ্জের কো-ম্যানেজমেন্ট কমিটির (সুন্দরবন সুরক্ষা কমিটি) সভাপতি মো. ফারুক হাওলাদার। এ ঘটনায় নিরাপত্তার জন্য মোংলা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
বুধবার (৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে মোংলা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ফারুক হাওলাদার।
তিনি বলেন, সুন্দরবন সুরক্ষায় কো-ম্যানেজমেন্ট কমিটির কার্যক্রমের কারণে বনকেন্দ্রিক একটি অসাধু চক্রের অবৈধ কর্মকাণ্ডে বাধা সৃষ্টি হচ্ছে। এর জের ধরে তাকে লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা, মানহানিকর ও কুরুচিপূর্ণ প্রচার চালানো হচ্ছে।
ফারুক হাওলাদারের অভিযোগ, মোংলার জয়মনি এলাকার সোহেল শেখ ও চিলা এলাকার গাববুনিয়ার মিলন শেখ ষড়যন্ত্রমূলকভাবে ‘রাজ খান’ ও ‘মিডিয়া সেল মোংলা’ নামের দুটি ফেসবুক আইডি/পেজ ব্যবহার করে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। একই সঙ্গে তাকে হত্যাসহ জখমের হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।
তিনি জানান, দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি মৌসুমি ইলিশ মাছের ব্যবসা করেন তিনি। একই সঙ্গে চাঁদপাই রেঞ্জের কো-ম্যানেজমেন্ট কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন। সুন্দরবন রক্ষায় দায়িত্ব পালন করতে গিয়ে তার ওপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
হত্যা ও জখমের হুমকির অভিযোগে ইতোমধ্যে থানায় জিডি করেছেন জানিয়ে ফারুক হাওলাদার বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও হুমকির ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাইবার অপরাধ আইনে মামলা করার প্রস্তুতি চলছে।
সংবাদ সম্মেলনে সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় বিষ দিয়ে মাছ ধরা, অবৈধ মাছ শিকার ও বন্যপ্রাণী নিধন বন্ধে প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ দাবি করেন তিনি।
তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত সোহেল শেখ। তার দাবি, এসবই প্রতিপক্ষের অপপ্রচার। অন্য অভিযুক্ত মিলন শেখের মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য জানা যায়নি।
























