ঢাকা   বুধবার ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

২৫ অক্টোবর আবার চালু হচ্ছে রিয়াদের ফ্লাইট, দাম্মাম রুটে কাল থেকে চলবে বিমান

জাতীয়

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২০:৫৩, ২১ অক্টোবর ২০২৬

সর্বশেষ

২৫ অক্টোবর আবার চালু হচ্ছে রিয়াদের ফ্লাইট, দাম্মাম রুটে কাল থেকে চলবে বিমান

দুই সপ্তাহ বন্ধ থাকার পর সৌদি আরবের রাজধানী রিয়াদে আবার ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আগামী ২৫ অক্টোবর ঢাকা থেকে রিয়াদের উদ্দেশে একটি ফ্লাইট ছেড়ে যাবে। এদিকে আগামীকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) থেকে দাম্মাম রুটেও ফ্লাইট চলাচল শুরু হচ্ছে।

বুধবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সময় ২৫ অক্টোবর দিবাগত রাত ১টা ২৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রিয়াদের উদ্দেশে ফ্লাইট ছেড়ে যাবে। সৌদি আরবের বিমানবন্দরে হুতিদের হামলাজনিত পরিস্থিতির উন্নতি হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে রিয়াদগামী পরবর্তী ফ্লাইটগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে ২২ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ৮টায় ঢাকা থেকে দাম্মামের উদ্দেশে ফ্লাইট পরিচালনা করা হবে। এসব ফ্লাইটে ব্যবহার করা হবে বোয়িং ৭৭৭ উড়োজাহাজ।

বিমান আরও জানিয়েছে, ২২ অক্টোবর ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে দুটি ফ্লাইট পরিচালনা করা হবে। এ ছাড়া ২৩, ২৪ ও ২৫ অক্টোবর প্রতিদিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে একটি করে ফ্লাইট ছেড়ে যাবে।

অন্যদিকে মদিনা রুটে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে। এ রুটে বোয়িং ৭৮৭ উড়োজাহাজ ব্যবহার করা হচ্ছে। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত মদিনাগামী ফ্লাইটের সময়সূচি ও কার্যক্রম অপরিবর্তিত থাকবে।

ফ্লাইট পরিচালনা ও সময়সূচির পরবর্তী হালনাগাদ তথ্য যথাসময়ে জানানো হবে বলে জানিয়েছে বিমান। টিকিট কেনা, বুকিং এবং ভ্রমণসংক্রান্ত তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

এর আগে চলতি মাসের শুরুর দিকে সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ অন্তত ১৪ জন নিহত হওয়ার খবর আসে। এর পরিপ্রেক্ষিতে বিমানবন্দরটিতে ফ্লাইট চলাচল স্থগিত করে সৌদি কর্তৃপক্ষ। পরিস্থিতির কারণে ১০ অক্টোবর ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট বাতিল করে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। পরে দাম্মাম রুটের ফ্লাইটও বাতিল করা হয়।

নতুন সূচি অনুযায়ী, রিয়াদ ও দাম্মাম রুটে ফ্লাইট পুনরায় চালু হওয়ায় সৌদি আরবগামী যাত্রীদের যাতায়াতের সুযোগ আবার বাড়ছে।

সর্বশেষ