ঢাকা   বুধবার ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন: শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে মাউশির চার নির্দেশনা

শিক্ষা

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২০:২৬, ২১ অক্টোবর ২০২৬

সর্বশেষ

প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন: শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে মাউশির চার নির্দেশনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের আকস্মিক পরিদর্শনকে কেন্দ্র করে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছন্নতা, ডেঙ্গু প্রতিরোধ ও শৃঙ্খলা নিশ্চিত করতে চার দফা জরুরি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মঙ্গলবার অধ্যক্ষ, প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের এসব নির্দেশনা পাঠানো হয়েছে। নির্দেশনাপত্রে বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

মাউশির নির্দেশনায় বলা হয়েছে, সম্প্রতি ঢাকা মহানগরীর বিভিন্ন হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর অংশ হিসেবে তিনি রাজউক উত্তরা মডেল কলেজ, মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং সরকারি বাঙলা কলেজসহ বিভিন্ন স্থাপনা আকস্মিকভাবে পরিদর্শন করেন।

এ পরিস্থিতিতে ঢাকা মহানগরীসহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং প্রয়োজনীয় প্রস্তুতি নিশ্চিত করতে প্রতিষ্ঠানপ্রধানদের চারটি নির্দেশনা দেওয়া হয়েছে।

মাউশির চার নির্দেশনা হলো—

১. নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা: প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষ, অফিসকক্ষ, বারান্দা, ছাদ, শৌচাগার, আঙিনা ও আশপাশের এলাকা নিয়মিত পরিষ্কার রাখতে হবে।

২. ডেঙ্গু প্রতিরোধ: কোথাও পানি জমে আছে কি না, তা নিয়মিত পরীক্ষা করতে হবে। জমে থাকা পানি দ্রুত অপসারণের পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস করে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

৩. সচেতনতা কার্যক্রম: শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের সম্পৃক্ত করে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে।

৪. শৃঙ্খলা ও প্রশাসনিক প্রস্তুতি: প্রতিষ্ঠানের সার্বিক শৃঙ্খলা বজায় রাখা, স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা এবং প্রয়োজনীয় প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন করতে হবে।

মাউশির নির্দেশনা অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এসব ব্যবস্থা যথাযথভাবে বাস্তবায়ন করে পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে হবে।

সর্বশেষ