রাজধানীর দয়াগঞ্জ রেলক্রসিং-সংলগ্ন ঘুন্টিঘরের মাদক স্পটে অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে এ অভিযান চালানো হয়। এর আগে গত শনিবার এই স্পটে অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন সদ্য পদত্যাগ করা মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মঙ্গলবার সকালে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।
থানার পুলিশ সূত্র জানায়, গত সোমবার যৌথ অভিযান চালিয়ে ১৫ জনকে আটকের পরও ঘুন্টিঘরে প্রকাশ্যে মাদক বিক্রি ও সেবন চলছিল। এ খবর পেয়ে মঙ্গলবার সকালে আবার অভিযান চালায় পুলিশ। এ সময় তিনজনকে আটক করে থানায় নেওয়া হয়। তাঁদের সবাই মাদকসেবী। তাঁদের কাছ থেকে গাঁজা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
সরেজমিনে দেখা যায়, পুলিশ অভিযান শুরু করলে স্পটে থাকা ব্যক্তিরা পালানোর চেষ্টা করেন। অনেকে দেয়াল টপকে পালিয়ে যান। পরে সেখান থেকে তিনজনকে আটক করে পুলিশ। এরপর বেলা একটা পর্যন্ত ওই এলাকায় মাদক বিক্রেতা ও সেবীদের আর দেখা যায়নি।
গেন্ডারিয়া থানার ওসি মনিরুজ্জামান বলেন, ঘুন্টিঘরে নিয়মিত অভিযান চালানো হয়। সেখানে মূলত ভাসমান মাদক বিক্রেতা ও সেবীদের আনাগোনা বেশি। এ কারণে মাদক নির্মূল করা কঠিন হচ্ছে। তবে স্থায়ীভাবে সমস্যার সমাধানে কাজ করছে পুলিশ।
তিনি আরও বলেন, পূজার কার্যক্রম শেষ হলে সেখানে বিশেষ অভিযান চালানো হবে। প্রয়োজনে মাদক নির্মূলে ওই এলাকায় সার্বক্ষণিক পুলিশ মোতায়েন রাখা হবে।
আগের অভিযানে আটক ১৫
এর আগে সোমবার বিকেলে ঘুন্টিঘরের ওই মাদক স্পটে যৌথ অভিযান চালায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় ১৫ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের সাজা দেওয়া হয়। একই সঙ্গে মাদক সেবনের জন্য তৈরি অস্থায়ী কাগজের ছাউনি ও ঝুপড়িগুলো ভেঙে দেওয়া হয়।
অস্ত্র হাতে অভিযানে গিয়ে সমালোচনায় ইশরাক
গত শনিবার ঘুন্টিঘরের এই মাদক স্পটে ব্যক্তিগত ও সহযোগীদের নিয়ে অভিযানে অংশ নেন তৎকালীন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তাঁর ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিওতে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে উপস্থিত ব্যক্তিদের দিকে এগিয়ে যেতে দেখা যায় তাঁকে।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর একজন প্রতিমন্ত্রীর এভাবে অস্ত্র প্রদর্শন করে অভিযানে অংশ নেওয়া নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। এ ঘটনায় সরকার ও তাঁর নিজ দল বিএনপির মধ্যেও অস্বস্তি ও অসন্তোষ তৈরি হয়।
সমালোচনার মুখে গত রোববার প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের নির্দেশ দেন। এরপর সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন ইশরাক হোসেন।
























