ঢাকা   বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

নতুন বিধিমালা ও রেট শিডিউল না আসা পর্যন্ত সব দরপত্র স্থগিত

গ্রামবাংলা

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৮:০৭, ১৫ অক্টোবর ২০২৬

আপডেট: ১৮:১৪, ১৫ অক্টোবর ২০২৬

সর্বশেষ

নতুন বিধিমালা ও রেট শিডিউল না আসা পর্যন্ত সব দরপত্র স্থগিত

সরকারি ক্রয়সংক্রান্ত সংশোধিত অধ্যাদেশের আওতায় নতুন বিধিমালা প্রণয়ন ও রেট শিডিউল প্রকাশ না হওয়া পর্যন্ত সব ধরনের কাজ, সেবা ও পণ্য সরবরাহসংক্রান্ত দরপত্র ও ক্রয়প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগের প্রশাসন-১ শাখা থেকে এ নির্দেশনা জারি করা হয়। বিভাগের সিনিয়র সহকারী সচিব এ বি এম আরিফুল ইসলাম স্বাক্ষরিত চিঠিটি দেশের সব সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ ২০২৬-এর আওতায় বিধিমালা প্রণয়ন সম্পন্ন এবং নতুন রেট শিডিউল প্রকাশিত না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সব কাজ, সেবা ও পণ্য সরবরাহের দরপত্র ও ক্রয়প্রক্রিয়া স্থগিত রাখতে হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ স্থগিতাদেশ কার্যকর থাকবে।

নির্দেশনাটি দেশের সব সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, পৌরসভার প্রশাসক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা পরিষদের প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে।

এ ছাড়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতেও চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।

নতুন নির্দেশনার ফলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর আওতায় নতুন উন্নয়নকাজের দরপত্র আহ্বান, বিভিন্ন সেবা গ্রহণ এবং পণ্য কেনার ক্রয়প্রক্রিয়া স্থগিত থাকবে। তবে ইতিমধ্যে কার্যাদেশ দেওয়া হয়েছে এমন কাজ কিংবা বাস্তবায়নাধীন প্রকল্পের বিষয়ে চিঠিতে পৃথক কোনো নির্দেশনা দেওয়া হয়নি।

একইভাবে নতুন বিধিমালা প্রণয়ন ও রেট শিডিউল প্রকাশের নির্দিষ্ট সময়সীমাও উল্লেখ করা হয়নি। ফলে স্থগিতাদেশ কত দিন বহাল থাকবে এবং চলমান ক্রয়প্রক্রিয়াগুলোর ক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া হবে, তা এখনো স্পষ্ট নয়।

সর্বশেষ