ঢাকা   রোববার ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রাহায়ণ ১৪৩৩

ফ্লোর প্রাইস, টাকার অবমূল্যায়ন ও রাজনৈতিক অনিশ্চয়তায় আস্থা হারাচ্ছেন বিদেশিরা, ৯ বছরে তুলে নিলেন প্রায় ১০ হাজার কোটি টাকা

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১২:৩৯, ২৮ নভেম্বর ২০২৬

আপডেট: ১৩:১০, ২৮ নভেম্বর ২০২৬

সর্বশেষ

ফ্লোর প্রাইস, টাকার অবমূল্যায়ন ও রাজনৈতিক অনিশ্চয়তায় আস্থা হারাচ্ছেন বিদেশিরা, ৯ বছরে তুলে নিলেন প্রায় ১০ হাজার কোটি টাকা

ফ্লোর প্রাইসে আটকে যাওয়া বিনিয়োগ, টাকার অবমূল্যায়নে ডলারের বিপরীতে সম্পদের মূল্য কমে যাওয়া, রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক অনিশ্চয়তা—সব মিলিয়ে বাংলাদেশের শেয়ারবাজার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন বিদেশি বিনিয়োগকারীরা। নতুন বিনিয়োগের পরিবর্তে পুরোনো পুঁজি তুলে নেওয়ার প্রবণতাই এখন তাদের মধ্যে বেশি। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) হিসাবে, ২০১৮ সাল থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত প্রায় ৯ বছরে বিদেশিরা শেয়ার কেনার চেয়ে বিক্রি করেছেন ৯ হাজার ৯২১ কোটি টাকা বেশি। সবচেয়ে উদ্বেগের বিষয়, ২০২৬ সালের প্রথম ১০ মাসেই তাদের নিট বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় হাজার কোটি টাকা। এতে শুধু বিদেশি পুঁজিই বেরিয়ে যাচ্ছে না, দেশের শেয়ারবাজারের প্রতি আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আস্থার সংকটও স্পষ্ট হয়ে উঠছে।

বিদেশিরা কেন বিনিয়োগ তুলে নিচ্ছেন

সংশ্লিষ্ট সূত্র ও বাজার বিশ্লেষকদের মতে, বিদেশি বিনিয়োগকারীদের আস্থা কমে যাওয়ার পেছনে কয়েকটি কারণ একসঙ্গে কাজ করেছে। এর মধ্যে সবচেয়ে বড় নেতিবাচক প্রভাব তৈরি করেছে করোনাকালে শেয়ারের সর্বনিম্ন দর বেঁধে দিয়ে ফ্লোর প্রাইস আরোপ। এই ব্যবস্থায় বাজারে ক্রেতা না থাকলেও নির্ধারিত দরের নিচে শেয়ার বিক্রির সুযোগ ছিল না। ফলে প্রয়োজনের সময় বিনিয়োগ প্রত্যাহার করতে না পেরে অনেক বিদেশি বিনিয়োগকারী দীর্ঘদিন আটকে ছিলেন। এতে বাংলাদেশের বাজারের স্বাভাবিক লেনদেন ব্যবস্থা ও নীতিগত ধারাবাহিকতা নিয়ে তাদের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি হয়।

এর পাশাপাশি ডলারের বিপরীতে টাকার ধারাবাহিক অবমূল্যায়ন বিদেশি বিনিয়োগকারীদের জন্য আরেকটি বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। কারণ, শেয়ারে মুনাফা হলেও টাকা ডলারে রূপান্তরের সময় বিনিময় হারের কারণে প্রকৃত রিটার্ন কমে যেতে পারে। এর সঙ্গে দেশের রাজনৈতিক অনিশ্চয়তা, অর্থনৈতিক চাপ এবং বৈশ্বিক পরিস্থিতির অস্থিরতা যুক্ত হয়ে বিদেশিদের বিনিয়োগ সিদ্ধান্তকে আরও সতর্ক করে তুলেছে।

বাজারসংশ্লিষ্ট বিশ্লেষকদের মতে, বিদেশি বিনিয়োগকারীদের উপস্থিতি কোনো শেয়ারবাজারের জন্য কেবল লেনদেন বাড়ানোর বিষয় নয়। তাদের অংশগ্রহণের ফলে ভালো মৌলভিত্তির কোম্পানিতে দীর্ঘমেয়াদি বিনিয়োগের সুযোগ তৈরি হয়, বাজারে তারল্য বাড়ে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের শেয়ারবাজারের গ্রহণযোগ্যতাও শক্তিশালী হয়। কিন্তু দীর্ঘদিন ধরে বিদেশি বিনিয়োগকারীদের নিট বিক্রেতা হিসেবে অবস্থান বাজারের জন্য উদ্বেগজনক। এ পরিস্থিতিতে নতুন বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার পাশাপাশি যারা এখনো বাজারে রয়েছেন, তাদের বিনিয়োগ ধরে রাখাও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

৯ বছরে কেনার চেয়ে বিক্রি বেশি প্রায় ১০ হাজার কোটি টাকা

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, ২০১৮ সাল থেকে চলতি ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত বিদেশি বিনিয়োগকারীরা মোট ৩১ হাজার ৫৩৮ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার বিক্রি করেছেন। একই সময়ে তাদের শেয়ার কেনার পরিমাণ ছিল ২১ হাজার ৬১৭ কোটি ৪৩ লাখ টাকা। অর্থাৎ কেনার তুলনায় বিক্রি বেশি হয়েছে ৯ হাজার ৯২১ কোটি ৬ লাখ টাকার। প্রায় নয় বছরের এই চিত্রে দেশের শেয়ারবাজার থেকে বিদেশি বিনিয়োগকারীদের ধারাবাহিকভাবে পুঁজি সরিয়ে নেওয়ার প্রবণতা স্পষ্ট হয়ে উঠেছে।

বিদেশিদের এই বিক্রির পেছনে টাকার অবমূল্যায়ন এবং ফ্লোর প্রাইস আরোপকে অন্যতম কারণ হিসেবে দেখছেন ডিএসইর পরিচালক মিনহাজ মান্নান ইমন। তাঁর মতে, ফ্লোর প্রাইসের মাধ্যমে বাজারের স্বাভাবিক লেনদেন ব্যবস্থায় বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয়েছিল। এতে বিদেশি বিনিয়োগকারীরা চাইলেও নিজেদের প্রয়োজন অনুযায়ী শেয়ার বিক্রি করতে পারেননি। দীর্ঘ সময় বিনিয়োগ আটকে থাকায় বাংলাদেশের বাজার সম্পর্কে তাদের নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে আবারও এ ধরনের নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা চালু হতে পারে, এমন আশঙ্কাও বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে রয়ে গেছে বলে মনে করেন তিনি।

আস্থা ফেরাতে সরকারের উদ্যোগ কতটা কার্যকর হবে

বিদেশি বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে অবশ্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সরকার ও শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর অংশ হিসেবে সম্প্রতি বিদেশি শেয়ারহোল্ডারদের লভ্যাংশ পরিশোধের নিয়ম সহজ করা হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে দ্বৈত কর পরিহার চুক্তি বা ডিটিএ সনদ পাওয়ার পরবর্তী ৩০ দিনের মধ্যে বিদেশি শেয়ারহোল্ডারদের লভ্যাংশ পরিশোধ করতে হবে।

এ ছাড়া বিদেশিদের বিনিয়োগ ও অর্থ প্রত্যাবাসন প্রক্রিয়া সহজ করতে নন-রেসিডেন্ট ইনভেস্টরস টাকা অ্যাকাউন্টের (এনআইটিএ) নিয়মেও পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। অন্যদিকে ফ্লোর প্রাইস পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি বিও হিসাব খোলার প্রক্রিয়া ডিজিটাল করা এবং বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীদের জন্য বিশেষ অনবোর্ডিং পোর্টাল চালুর সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।

তবে বাজারসংশ্লিষ্টদের মতে, শুধু বিনিয়োগের প্রশাসনিক প্রক্রিয়া সহজ করলেই বিদেশিদের আস্থা ফিরবে না। বিনিয়োগ প্রত্যাহারের ক্ষেত্রে স্বাধীনতা, মুদ্রাবাজারের স্থিতিশীলতা, নীতিগত ধারাবাহিকতা এবং কোম্পানিগুলোর আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করাও জরুরি।

টানা পাঁচ বছর বিদেশিদের বড় অঙ্কের নিট বিক্রি

ডিএসইর তথ্য পর্যালোচনায় আরও দেখা যায়, ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত টানা পাঁচ বছর বিদেশি বিনিয়োগকারীরা বড় অঙ্কের নিট বিক্রি করেছেন। এ সময়ে তারা ১৫ হাজার ৩৮৭ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার কিনলেও বিক্রি করেছেন ২৩ হাজার ৩৭৪ কোটি ৫০ লাখ টাকার। ফলে পাঁচ বছরে তাদের নিট বিক্রির পরিমাণ দাঁড়ায় ৭ হাজার ৯৮৬ কোটি ৭৪ লাখ টাকা।

তবে ২০২৩ সালে এসে এ প্রবণতায় সাময়িক পরিবর্তন দেখা যায়। ওই বছর বিদেশিরা ১ হাজার ১১৫ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার কেনার বিপরীতে বিক্রি করেন ১ হাজার ৫১ কোটি ৪৫ লাখ টাকার। এতে তারা নিট বিক্রেতা না হয়ে নিট ক্রেতায় পরিণত হন। ওই বছর তাদের নিট কেনার পরিমাণ ছিল ৬৪ কোটি ৪৮ লাখ টাকা।

কিন্তু বিদেশিদের এই ইতিবাচক অবস্থান দীর্ঘস্থায়ী হয়নি। ২০২৪ সালেই আবারও নিট বিক্রির ধারায় ফিরে যান তারা। ওই বছর ১ হাজার ৬৮৩ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার কেনার বিপরীতে বিক্রি করেন ১ হাজার ৯৫৫ কোটি ৪৩ লাখ টাকার। এতে নিট বিক্রির পরিমাণ দাঁড়ায় ২৭১ কোটি ৫৭ লাখ টাকা।

পরের বছর অর্থাৎ ২০২৫ সালে বিদেশিরা ১ হাজার ৮২৫ কোটি ৮ লাখ টাকার শেয়ার কেনেন। বিপরীতে বিক্রি করেন ২ হাজার ৯৫ কোটি ৩৪ লাখ টাকার। ফলে ওই বছরও তাদের নিট বিক্রি ছিল ২৭০ কোটি ২৭ লাখ টাকা।

২০২৬ সালেই বিক্রির চাপ সবচেয়ে বেশি

চলতি বছর বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির চাপ আরও বেড়েছে। ডিএসইর হিসাবে, ২০২৬ সালের প্রথম ১০ মাসে তারা ১ হাজার ৬০৪ কোটি ৮০ লাখ টাকার শেয়ার কিনেছেন। অন্যদিকে বিক্রি করেছেন ৩ হাজার ৬১ কোটি ৭৭ লাখ টাকার। এতে চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত তাদের নিট বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৪৫৬ কোটি ৯৬ লাখ টাকা।

অর্থাৎ ২০২৬ সালের প্রথম ১০ মাসেই বিদেশিদের নিট বিক্রি ২০২৪ ও ২০২৫ সালের সম্মিলিত নিট বিক্রির তুলনায় অনেক বেশি হয়েছে। এই প্রবণতা অব্যাহত থাকলে দেশের শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগের অংশগ্রহণ আরও সংকুচিত হওয়ার আশঙ্কা রয়েছে।

ফ্লোর প্রাইসের শুরু যেভাবে

প্রসঙ্গত, করোনা মহামারীর সময় শেয়ারবাজারের দরপতন ঠেকাতে ২০২০ সালের ১৯ মার্চ প্রথমবারের মতো ফ্লোর প্রাইস চালু করে বিএসইসি। এ ব্যবস্থায় প্রতিটি শেয়ারের জন্য সর্বনিম্ন মূল্য নির্ধারণ করে দেওয়া হয়। ফলে নির্ধারিত দরের নিচে কোনো শেয়ার বিক্রির সুযোগ ছিল না। বাজারে ক্রেতার উপস্থিতি না থাকলেও বিক্রেতারা নির্ধারিত দরের নিচে শেয়ার ছাড়তে পারতেন না। এতে বিনিয়োগকারীদের স্বাভাবিকভাবে শেয়ার কেনাবেচার সুযোগ সীমিত হয়ে পড়ে।

পরবর্তী সময়ে ২০২১ সালের জুনে ফ্লোর প্রাইস তুলে নেওয়া হয়। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা এবং দেশের অর্থনৈতিক পরিস্থিতির অবনতির আশঙ্কায় ২০২২ সালের ২৮ জুলাই আবারও এ ব্যবস্থা চালু করা হয়। এরপর কয়েক ধাপে বিভিন্ন কোম্পানির শেয়ারের ওপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার করা হয়। সর্বশেষ গত ৮ জুন ইসলামী ব্যাংক বাংলাদেশ ও বেক্সিমকো লিমিটেডের শেয়ার থেকে এ বিধিনিষেধ তুলে নেওয়ার মধ্য দিয়ে ফ্লোর প্রাইস ব্যবস্থার সম্পূর্ণ অবসান ঘটে।

তবে ফ্লোর প্রাইসের অবসান ঘটলেও দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তা পুরোপুরি কাটেনি। ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তন আসে। এর পাশাপাশি চলতি বছর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে নতুন অস্থিরতা তৈরি করেছে। এর প্রভাব থেকে বাদ যায়নি বাংলাদেশও। বিশেষ করে জ্বালানি খাতে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় অর্থনীতির সামগ্রিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ বেড়েছে।

সব মিলিয়ে করোনা মহামারীর আগে থেকে দেশের শেয়ারবাজারকে ঘিরে বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে যে আস্থার ঘাটতি তৈরি হয়েছিল, দীর্ঘ সময় পেরিয়েও তা দূর করা সম্ভব হয়নি। ফ্লোর প্রাইস প্রত্যাহার ও বিনিয়োগ প্রক্রিয়া সহজ করার মতো উদ্যোগ নেওয়া হলেও বিদেশিদের আস্থা ফেরাতে এখনো কার্যকর অগ্রগতি দেখা যাচ্ছে না।

বিদেশিরা কীভাবে বাংলাদেশের শেয়ারবাজারে লেনদেন করেন

উল্লেখ্য, বিদেশি বিনিয়োগকারীরা সাধারণত নিজ দেশের তৃতীয় পক্ষের প্রতিষ্ঠান বা ব্রোকারের মাধ্যমে বাংলাদেশের শেয়ারবাজারে লেনদেন করে থাকেন। এ ক্ষেত্রে তারা সরাসরি বাংলাদেশের কোনো ব্রোকারেজ হাউজের সঙ্গে যোগাযোগ না করে নিজ দেশের ব্রোকারকে শেয়ার কেনাবেচার নির্দেশনা দেন। পরবর্তী সময়ে ওই ব্রোকার বাংলাদেশের সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউজের মাধ্যমে নির্দেশনা কার্যকর করে। অর্থাৎ বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার কেনাবেচার পুরো প্রক্রিয়াটি নিজ দেশের ব্রোকার এবং বাংলাদেশের ব্রোকারেজ প্রতিষ্ঠানের পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে সম্পন্ন হয়।

সর্বশেষ