মধ্যবিত্তের নিজের একটি বাড়ির স্বপ্ন ক্রমেই ব্যয়বহুল হয়ে উঠছে। রড, সিমেন্ট, ইট, বালু, পাথরসহ প্রায় সব ধরনের নির্মাণসামগ্রীর দাম বেড়ে যাওয়ায় বাড়ি নির্মাণের খরচ গত এক বছরে প্রায় ৪৩ শতাংশ বেড়েছে। এতে নির্ধারিত বাজেটে বাড়ি নির্মাণ করতে পারছেন না সাধারণ মানুষ। বাড়তি ব্যয়ের চাপ সামলাতে না পেরে অনেকেই নির্মাণকাজ মাঝপথে বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন। একই সঙ্গে আবাসন খাতে ক্রেতা সংকট তৈরি হওয়ায় চাপে পড়েছেন ডেভেলপাররাও। এর প্রভাব ছড়িয়ে পড়ছে নির্মাণসংশ্লিষ্ট প্রায় ২৭০টি স্থানীয় শিল্পে।
রড-সিমেন্ট থেকে ইট-বালু, সবকিছুর দাম ঊর্ধ্বমুখী
আবাসন খাতের ব্যবসায়ী ও বাজার বিশ্লেষকদের তথ্যমতে, আন্তর্জাতিক ভূরাজনৈতিক অস্থিরতা, আমদানি ব্যয় ও সমুদ্রপথে জাহাজভাড়া বৃদ্ধির কারণে নির্মাণসামগ্রীর বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। বিশেষ করে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতকে কেন্দ্র করে বৈশ্বিক সরবরাহব্যবস্থায় চাপ তৈরি হওয়ায় আমদানিনির্ভর কাঁচামালের দাম বেড়েছে।
খাতসংশ্লিষ্ট ব্যক্তিদের হিসাবে, বৈশ্বিক ও বাজার পরিস্থিতির কারণে নির্মাণসামগ্রীর দাম বেড়েছে প্রায় ৩১ শতাংশ। এর সঙ্গে পরবর্তী সময়ে বাজেটে ব্যাকওয়ার্ড ও ফরওয়ার্ড লিংকেজ শিল্পে কর ও শুল্ক বাড়ানোর কারণে আরও ১২ শতাংশ মূল্যবৃদ্ধি হয়েছে। সব মিলিয়ে গত এক বছরে নির্মাণ ব্যয় প্রায় ৪৩ শতাংশ বেড়েছে।
গত বৃহস্পতিবার বাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে প্রতি টন ৬০ গ্রেডের রড বিক্রি হচ্ছে ৯০ হাজার থেকে ৯৪ হাজার ৫০০ টাকায়। আর ৪০ গ্রেডের রডের দাম টনপ্রতি ৮৬ হাজার থেকে ৮৮ হাজার টাকা। নির্মাণ মৌসুম শুরুর আগেও এসব রডের দাম টনে প্রায় ১০ হাজার টাকা কম ছিল।
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, গত বছর একই সময়ে প্রতি টন ৬০ গ্রেডের রডের দাম ছিল ৮১ হাজার থেকে ৮৬ হাজার টাকা। ৪০ গ্রেডের রড বিক্রি হয়েছিল ৭৫ হাজার থেকে ৭৯ হাজার টাকায়।
দীর্ঘমেয়াদি চিত্রেও রডের বাজারে বড় ধরনের ওঠানামা দেখা গেছে। ২০১৭ সালের মাঝামাঝি সময়ে প্রতি টন রডের দাম ছিল ৪৯ হাজার থেকে ৫২ হাজার টাকা। এরপর দাম বেড়ে লাখ টাকা ছাড়িয়ে যায়। পরে কমে ৭০ হাজার টাকায় নামলেও বর্তমানে আবার ঊর্ধ্বমুখী।
অন্যদিকে, ৫০ কেজির প্রতি বস্তা সিমেন্ট বিক্রি হচ্ছে ৪৮০ থেকে ৫৩০ টাকায়। সিমেন্ট উৎপাদনের অন্যতম কাঁচামাল আমদানিনির্ভর ক্লিংকারের দাম টনপ্রতি ৪২ ডলার থেকে বেড়ে ৫৮ ডলারে উঠেছে। এ কারণে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো দাম বাড়ানোর চেষ্টা করছে। তবে বাজারে চাহিদা কম থাকায় সিমেন্টের দাম এখনো সামান্য ওঠানামার মধ্যে রয়েছে বলে জানিয়েছেন খুচরা ব্যবসায়ীরা।
বালুর বাজারেও বাড়তি দামের চাপ রয়েছে। রাজধানীর খুচরা বাজারে মোটা আস্তরের বালু প্রতি ঘনফুট বিক্রি হচ্ছে ৩৫ টাকায়। আর পাকশি বালুর দাম প্রতি ঘনফুট ৫৫ থেকে ৬০ টাকা। ভরাটের বালু প্রতি বস্তা বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকায়।
এ ছাড়া পরিবহন ও সরবরাহ ব্যয় বেড়ে যাওয়ায় বিভিন্ন ধরনের পাথরের দামও বেড়েছে। ইট পোড়ানোর কয়লার মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে ইটের বাজারে। বর্তমানে ১ নম্বর ইট প্রতি হাজার বিক্রি হচ্ছে ১৩ হাজার থেকে সাড়ে ১৪ হাজার টাকায়।
পাথর, বালু ও স্যানিটারি ফিটিংসসহ অন্যান্য আনুষঙ্গিক নির্মাণ উপকরণের দামও বাড়তি। ব্যবসায়ীদের ভাষ্য, নির্মাণ মৌসুম চলায় গত মাসের তুলনায় এখন একই পণ্য বেশি দামে বিক্রি হচ্ছে। প্রায় প্রতি সপ্তাহেই কোনো না কোনো নির্মাণসামগ্রীর দাম বাড়ছে।
নির্ধারিত বাজেটে মিলছে না বাড়ি নির্মাণের হিসাব
নির্মাণসামগ্রীর লাগামহীন মূল্যবৃদ্ধিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ব্যক্তিগত উদ্যোগে বাড়ি নির্মাণকারীরা। মধ্যবিত্ত পরিবারের অনেকেই সারা জীবনের সঞ্চয় দিয়ে জমি কেনার পর নির্দিষ্ট বাজেট ধরে দোতলা বা তিনতলা বাড়ি নির্মাণের পরিকল্পনা করেন। কিন্তু নির্মাণকাজ শুরু করার পর উপকরণের দাম বেড়ে যাওয়ায় তাঁদের আর্থিক পরিকল্পনা ভেঙে পড়ছে।
রাজধানীর মিরপুর ও উত্তরার একাধিক বাড়ি নির্মাণকারীর সঙ্গে কথা বলে জানা গেছে, নির্ধারিত বাজেটের তুলনায় ৩০ থেকে ৪০ শতাংশ অতিরিক্ত ব্যয় হওয়ায় অনেকেই ছাদ ঢালাইয়ের পর পলেস্তারা ও ফিনিশিংয়ের কাজ বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন।
ব্যাংকঋণের উচ্চ সুদ এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির মধ্যে নতুন করে বাড়তি অর্থের সংস্থান করাও কঠিন হয়ে পড়েছে। ফলে অনেকের স্বপ্নের বাড়ি নির্মাণকাজ অনির্দিষ্ট সময়ের জন্য থমকে যাচ্ছে।
আবাসন খাতে ক্রেতা সংকট, চাপে ২৭০ সংযোগশিল্প
আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাবের সভাপতি ড. মো. আলী আফজাল বলেন, নির্মাণ ব্যয় বেড়ে যাওয়ায় ফ্ল্যাটের দাম ক্রেতাদের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। ফলে বাজারে ক্রেতার সংকট তৈরি হয়েছে এবং ফ্ল্যাট কেনাবেচা তলানিতে ঠেকেছে।
তিনি বলেন, বড় ডেভেলপার কোম্পানিগুলো পুঁজির জোরে লোকসান দিয়ে হলেও চলমান প্রকল্প শেষ করার চেষ্টা করছে। কিন্তু ছোট ও মাঝারি আবাসন ব্যবসায়ীরা কার্যত মুখ থুবড়ে পড়েছেন।
মো. আলী আফজাল আরও বলেন, একটি ভবন নির্মাণের সঙ্গে রড, সিমেন্ট, ইট, টাইলস, বৈদ্যুতিক সরঞ্জাম ও স্যানিটারি ফিটিংসসহ প্রায় ২৭০টি দেশীয় সংযোগশিল্প জড়িত। আবাসন খাতে স্থবিরতা নেমে আসায় এসব স্থানীয় শিল্পের বেচাকেনা অর্ধেকের নিচে নেমে এসেছে। মূল খাতটি সচল না থাকলে সহায়ক শিল্পগুলোও অস্তিত্বের সংকটে পড়বে।
নীতিসহায়তা চান ব্যবসায়ীরা
খাতসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, অন্ন, বস্ত্র, শিক্ষা ও চিকিৎসার মতো বাসস্থানও মানুষের অন্যতম মৌলিক চাহিদা। দেশের ১৮ কোটি মানুষের আবাসন নিশ্চিত করার রাষ্ট্রীয় দায়িত্ব পালনে বেসরকারি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
কিন্তু ২০২৬-২৭ অর্থবছরের বাজেটেও আবাসন ও নির্মাণ খাত প্রত্যাশিত নীতিসহায়তা পায়নি বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
তাঁদের মতে, নির্মাণ উপকরণের দাম নিয়ন্ত্রণ, কর ও শুল্ক কাঠামো পুনর্বিবেচনা এবং আবাসন খাতে নীতিসহায়তা নিশ্চিত করা না গেলে ব্যক্তিগত বাড়ি নির্মাণ থেকে শুরু করে বড় আবাসন প্রকল্প—সব ক্ষেত্রেই স্থবিরতা আরও গভীর হতে পারে। এর প্রভাব পড়বে কর্মসংস্থান, স্থানীয় শিল্প ও সামগ্রিক অর্থনীতিতে।
























