রাজধানী ঢাকা ও চট্টগ্রামসহ দেশের দ্রুত বর্ধনশীল নগরগুলোতে আবাসনের চাহিদা ও মানুষের জীবনযাপনের প্রত্যাশায় পরিবর্তন আসছে। এখন ক্রেতারা শুধু ফ্ল্যাট নয়, নিরাপদ ভবন, পর্যাপ্ত আলো-বাতাস, সবুজ পরিবেশ এবং আধুনিক নাগরিক সুবিধার সমন্বয় খুঁজছেন। এই পরিবর্তিত চাহিদাকে সামনে রেখে প্রায় তিন দশক ধরে পরিকল্পিত নগরায়ণ ও মানসম্মত আবাসন নির্মাণে কাজ করছে দেশের অন্যতম আবাসন প্রতিষ্ঠান নাভানা রিয়েল এস্টেট লিমিটেড। নির্দিষ্ট কোনো এলাকা নয়, ঢাকাজুড়েই আবাসন উদ্যোগ বিস্তারের পাশাপাশি বাণিজ্যিক স্থাপনা ও ভূমি উন্নয়নেও কাজ করছে প্রতিষ্ঠানটি।
নাভানা গ্রুপের চেয়ারম্যান শফিউল ইসলামের নেতৃত্বে ১৯৯৬ সালে যাত্রা শুরু করে নাভানা রিয়েল এস্টেট লিমিটেড। শুরু থেকেই দেশের আবাসন খাতে নতুনত্ব আনা এবং সাধারণ মানুষের জন্য মানসম্মত বাসস্থানের সুযোগ তৈরি করাকে প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য হিসেবে নেওয়া হয়। সময়ের সঙ্গে নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলামের নেতৃত্বে আবাসিক ভবনের পাশাপাশি বাণিজ্যিক স্থাপনা ও ল্যান্ড ডেভেলপমেন্ট খাতেও নিজেদের কার্যক্রম বিস্তৃত করেছে প্রতিষ্ঠানটি।
দীর্ঘ পথচলায় জমি ও ফ্ল্যাটের কাগজপত্রে স্বচ্ছতা, নির্মাণের গুণগত মান এবং প্রতিশ্রুত সময়ে ফ্ল্যাট হস্তান্তরের মাধ্যমে ক্রেতাদের আস্থা অর্জনের কথা বলছে নাভানা। প্রতিষ্ঠানটির মতে, ফ্ল্যাট হস্তান্তরের মধ্য দিয়েই গ্রাহকের সঙ্গে সম্পর্কের সমাপ্তি ঘটে না; বরং এরপর থেকেই শুরু হয় প্রকৃত দায়িত্ব। এ কারণে ভবনের রক্ষণাবেক্ষণ ও কারিগরি সহযোগিতার জন্য রয়েছে তাদের বিক্রয়োত্তর সেবা দল।
নিরাপত্তা ও মান নিয়ন্ত্রণে গুরুত্ব
আবাসন নির্মাণে মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছে নাভানা রিয়েল এস্টেট। প্রতিষ্ঠানটির দাবি, প্রতিটি প্রকল্প বাস্তবায়নে রাজউকের অনুমোদিত নকশা এবং বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডের (বিএনবিসি ২০২০) নির্দেশনা অনুসরণ করা হয়।
ভূমিকম্প সহনশীলতা নিশ্চিত করতে মাটির ধারণক্ষমতা পরীক্ষা করে অভিজ্ঞ প্রকৌশলীদের মাধ্যমে ভবনের ফাউন্ডেশন, কলাম ও বিমের কাঠামোগত নকশা তৈরি করা হয়। পাশাপাশি অগ্নিনিরাপত্তায় প্রতিটি ভবনে রাখা হয় ফায়ার অ্যালার্ম, ফায়ার হাইড্রেন্ট, অগ্নিনির্বাপণ সরঞ্জাম ও জরুরি বহির্গমন সিঁড়ি।
নির্ধারিত সময়ে মানসম্মত প্রকল্প হস্তান্তরের লক্ষ্যে স্থাপত্য, কাঠামোগত নকশা, বৈদ্যুতিক ও প্লাম্বিং বিভাগের সমন্বয়ে প্রতিটি নির্মাণপর্যায়ে তদারকি করা হয়। পাশাপাশি বিভিন্ন ধাপে ল্যাব পরীক্ষার ব্যবস্থাও রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
সবুজ আবাসন ও আধুনিক জীবনযাত্রা
নগরজীবনে প্রকৃতির ছোঁয়া ধরে রাখতে পরিবেশবান্ধব বা ‘গ্রিন বিল্ডিং’ ধারণাকে গুরুত্ব দিচ্ছে নাভানা। ভবনের চারপাশে সবুজ চত্বর ও ল্যান্ডস্কেপিংয়ের পাশাপাশি নকশায় প্রাকৃতিক আলো ও বাতাস চলাচলের ব্যবস্থা রাখা হয়। এতে দিনের বেলায় কৃত্রিম আলো ও শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের ওপর নির্ভরতা কমানোর সুযোগ তৈরি হয়।
এ ছাড়া বৃষ্টির পানি সংরক্ষণ, পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা এবং বিদ্যুৎ-সাশ্রয়ী প্রযুক্তির ব্যবহারও প্রতিষ্ঠানটির পরিবেশবান্ধব পরিকল্পনার অংশ।
আধুনিক নগরবাসীর জীবনযাত্রা সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে প্রকল্পগুলোতে যুক্ত করা হচ্ছে সুইমিংপুল, জিমনেসিয়াম, জগিং ট্র্যাক, শিশুদের খেলার জায়গা, কমিউনিটি স্পেস, দ্রুতগতির লিফট, সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যাকআপ ও সিসিটিভি নজরদারির মতো সুবিধা। এর অন্যতম উদাহরণ মিরপুরের ‘সিটি উইদিন বাই নাভানা’ প্রকল্প। প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, এখানে আধুনিক ও স্বয়ংসম্পূর্ণ কমিউনিটি জীবনের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা রাখা হয়েছে।
নতুন প্রজন্মের চাহিদা অনুযায়ী প্রকল্প
বর্তমান সময়ের তরুণ পেশাজীবী ও আধুনিক দম্পতিদের রুচি এবং জীবনধারার পরিবর্তন বিবেচনায় নিয়ে ফ্ল্যাটের অভ্যন্তরীণ বিন্যাস বা স্পেস প্ল্যানিংয়েও নতুনত্ব এনেছে নাভানা।
























