ঢাকা   রোববার ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রাহায়ণ ১৪৩৩

৩০% শেয়ারধারণের বাধ্যবাধকতা শিথিল করছে বিএসইসি, আসছে নতুন সুযোগ

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১২:৫৮, ২৯ নভেম্বর ২০২৬

সর্বশেষ

৩০% শেয়ারধারণের বাধ্যবাধকতা শিথিল করছে বিএসইসি, আসছে নতুন সুযোগ

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকদের সম্মিলিতভাবে ন্যূনতম ৩০ শতাংশ শেয়ার ধারণের বাধ্যবাধকতা শর্তসাপেক্ষে শিথিল করার পরিকল্পনা করছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ পরিবর্তন কার্যকর হলে বিদ্যমান উদ্যোক্তা ও পরিচালকেরা নির্দিষ্ট শর্ত মেনে নিজেদের শেয়ার অন্য গ্রুপ সদস্যদের পাশাপাশি নতুন উদ্যোক্তা-পরিচালক হিসেবে যুক্ত হতে আগ্রহী বাইরের বিনিয়োগকারীদের কাছেও বিক্রি করতে পারবেন।

এ ছাড়া প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) মিউচুয়াল ফান্ডের অংশগ্রহণ বাড়ানো, আইপিও নিরীক্ষায় যোগ্য নিরীক্ষক নির্ধারণ এবং আর্থিক উপদেষ্টাদের জন্য লাইসেন্সিং কাঠামো চালুর উদ্যোগ নিচ্ছে নিয়ন্ত্রক সংস্থাটি। একই সঙ্গে নির্দিষ্ট যোগ্যতাসম্পন্ন কোম্পানির জন্য শেয়ারবাজারে তালিকাভুক্তি বাধ্যতামূলক করার বিষয়টিও বিবেচনা করছে বিএসইসি।

গত ২৬ নভেম্বর ঢাকার ডিএসই টাওয়ারে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) আয়োজিত এক সেমিনারে এসব পরিকল্পনার কথা জানান বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান।

‘নিউ আইপিওস, নিউ অপরচুনিটিস: দ্য কেস ফর ব্রিংগিং লার্জ আনলিস্টেড কোম্পানিজ টু বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে তিনি বলেন, শেয়ারবাজারে শৃঙ্খলা বজায় রেখেই শেয়ার ধারণের নিয়মে আরও নমনীয়তা আনার বিষয়ে কাজ করছে কমিশন।

প্রস্তাবিত পরিবর্তন অনুযায়ী, সুনির্দিষ্ট কিছু শর্ত পূরণ সাপেক্ষে উদ্যোক্তা ও পরিচালকেরা নিজেদের গ্রুপের অন্য সদস্যদের কাছে শেয়ার বিক্রি করতে পারবেন। পাশাপাশি নতুন করে উদ্যোক্তা-পরিচালক গ্রুপে যুক্ত হতে আগ্রহী বাইরের বিনিয়োগকারীদের কাছেও শেয়ার বিক্রির সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করছে কমিশন।

আইপিও ও নিরীক্ষায় আসছে নতুন কাঠামো

বিএসইসি চেয়ারম্যান জানান, আইপিওতে সাধারণ বিনিয়োগকারীদের পাশাপাশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়াতে মিউচুয়াল ফান্ডের জন্য আইপিও শেয়ারের কোটা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া আইপিও নিরীক্ষার মান উন্নত করতে নিরীক্ষক তালিকাভুক্তির একটি কাঠামো চূড়ান্ত করা হয়েছে। প্রস্তাবিত ব্যবস্থায় মার্কিং পদ্ধতির মাধ্যমে নিরীক্ষকদের যোগ্যতা মূল্যায়ন করা হবে। সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত নিরীক্ষকেরাই আইপিও নিরীক্ষার কাজ করার সুযোগ পাবেন।

অন্যদিকে, আর্থিক উপদেষ্টাদের (ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার) জন্য একটি খসড়া বিধিমালা তৈরি করছে বিএসইসি। প্রয়োজনীয় অনুমোদনের পর এটি জনমত গ্রহণের জন্য উন্মুক্ত করা হবে। এই কাঠামোর আওতায় কেবল যোগ্যতা ও লাইসেন্সপ্রাপ্ত আর্থিক উপদেষ্টারাই কাজ করতে পারবেন।

মাসুদ খান আরও বলেন, জনস্বার্থ সংশ্লিষ্ট বা নির্ধারিত যোগ্যতাসম্পন্ন কোনো কোম্পানি মূলধন সংগ্রহ কিংবা নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের আবেদন করলে তাদের জন্য শেয়ারবাজারে তালিকাভুক্তি বাধ্যতামূলক করার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে বলে মনে করছে কমিশন।

বিএপিএলসির বক্তব্য ও বড় কোম্পানি তালিকাভুক্তির প্রস্তাব

সেমিনারে স্বাগত বক্তব্যে বিএপিএলসির সভাপতি রিয়াদ মাহমুদ বলেন, ‘এ’ ক্যাটাগরির কোম্পানি এবং অন্তত ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা প্রতিষ্ঠানগুলোকে ডিজিটাল ট্রেডিং প্ল্যাটফর্ম ব্যবহারের সুযোগ দেওয়ার সাম্প্রতিক সিদ্ধান্ত একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। বর্তমান কমিশন কথার চেয়ে কাজে বেশি বিশ্বাসী। আইনি সংস্কারের মাধ্যমে বাজারের যৌক্তিক চাহিদাগুলো দ্রুত পূরণ করা হচ্ছে।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পিডব্লিউসি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং পার্টনার শামস জামান। তিনি বলেন, বড় অ-তালিকাভুক্ত কোম্পানিগুলোকে শেয়ারবাজারে আনতে বাংলাদেশ হংকং, ভারত, ইন্দোনেশিয়া ও পাকিস্তানের অভিজ্ঞতা কাজে লাগাতে পারে।

তিনি জানান, বাংলাদেশে চারটি পদ্ধতির ভ্যালুয়েশন কাঠামো, উদ্যোক্তাদের লক-ইন সীমা ৫ শতাংশে নামিয়ে আনা এবং ২০ দিনের মধ্যে আইপিও পর্যালোচনার প্রস্তাবের মতো বেশ কিছু সংস্কার আনা হয়েছে। তবে আঞ্চলিক দেশগুলোতে শেয়ারের মূল্য নির্ধারণে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ওপর বেশি নির্ভর করা হয়। এতে ক্ষুদ্র বিনিয়োগকারীনির্ভর বাজারের অস্থিরতা কমানো সম্ভব।

শামস জামান দেশীয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়াতে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান (এসআইপি) ও মিউচুয়াল ফান্ডের প্রসারের ওপর গুরুত্ব দেন। পাশাপাশি বিদেশি মূলধন আকর্ষণ, দ্রুত ডিজিটালাইজেশন, প্রাইভেট ইকুইটি ও ভেঞ্চার ক্যাপিটাল বিনিয়োগকারীদের জন্য সহজ এক্সিট সুবিধা, স্বচ্ছ করপোরেট সুশাসন এবং নির্ভরযোগ্য ক্রেডিট রেটিং নিশ্চিত করার পরামর্শ দেন তিনি।

এ ছাড়া এমএসসিআইয়ের মতো আন্তর্জাতিক সূচকের মানদণ্ডের সঙ্গে দেশের শেয়ারবাজারকে সামঞ্জস্যপূর্ণ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আস্থার সংকট কাটাতে অ্যানালিস্ট কল বাধ্যতামূলক করার প্রস্তাব

ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) সভাপতি সাইফুল ইসলাম বলেন, শেয়ারবাজারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বিনিয়োগকারীদের দীর্ঘস্থায়ী আস্থার সংকট। এ কারণে ভালো মৌলভিত্তির কোম্পানিগুলোও ন্যায্য মূল্যায়ন পাচ্ছে না। একই সঙ্গে নতুন কোম্পানিগুলোও বাজারে আসতে নিরুৎসাহিত হচ্ছে।

তিনি জানান, প্রায় ৪০০ তালিকাভুক্ত কোম্পানির মধ্যে পাঁচটিরও কম কোম্পানি নিয়মিত অ্যানালিস্ট কল আয়োজন করে। এমনকি ব্ল্যাকরকের মতো বৈশ্বিক ফান্ড ম্যানেজাররা ঢাকায় এসে কোম্পানির আর্থিক প্রতিবেদন নিয়ে আলোচনা করতে চাইলেও খুব কম ব্লু-চিপ কোম্পানি তাতে সাড়া দেয়।

এ পরিস্থিতি পরিবর্তনে প্রাথমিকভাবে ডিএসই-৩০ সূচকভুক্ত কোম্পানিগুলোর জন্য ত্রৈমাসিক অ্যানালিস্ট কল এবং স্বতন্ত্র ইনভেস্টর রিলেশনস বিভাগ বাধ্যতামূলক করার প্রস্তাব দেন তিনি।

নতুন আইপিও নিয়ে প্রস্তুত ডিএসই

ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেন, নতুন আইপিও আবেদন দ্রুততম সময়ে প্রক্রিয়াকরণের জন্য ডিএসই সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। গত মাসের শেষে ডিএসই চারটি নতুন আইপিও আবেদন পেয়েছে। সেমিনারের দুই দিন আগে অনুষ্ঠিত পর্ষদ সভায় এসব আবেদনের বিস্তারিত উপস্থাপন করা হয়েছে।

তিনি বলেন, বিনিয়োগকারীরা যাতে সঠিক তথ্যের ভিত্তিতে বিনিয়োগ সিদ্ধান্ত নিতে পারেন, সে জন্য আইপিও প্রসপেক্টাসে আরও স্বচ্ছ ও নির্ভুল তথ্য তুলে ধরতে হবে। এ ক্ষেত্রে ইস্যু ম্যানেজারদের সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

স্বতন্ত্র পরিচালক নিয়োগে সময় কমেছে

বিএসইসির কমিশনার নাজমুস সাদাত বলেন, অ-তালিকাভুক্ত কোম্পানিগুলোকে শেয়ারবাজারে আনতে সঠিক নীতিমালা, বাজার শৃঙ্খলা, সহায়ক পরিবেশ এবং অংশীজনদের সঙ্গে নিয়মিত আলোচনার সমন্বয় প্রয়োজন।

তিনি জানান, কমিশন সম্প্রতি স্বতন্ত্র পরিচালক নিয়োগের প্রক্রিয়া সহজ করেছে। এর ফলে আগে যেখানে নিয়োগ সম্পন্ন করতে দুই থেকে তিন মাস সময় লাগত, এখন তা কমে দুই থেকে তিন সপ্তাহে নেমে এসেছে।

সেমিনারে বিএসইসির কমিশনার তানভীর হাবিব রহমান, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান এ কে এম হাবিবুর রহমানসহ শেয়ারবাজারের বিভিন্ন অংশীজন উপস্থিত ছিলেন।

সর্বশেষ