নির্দলীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কেউ যাতে অসৎ উদ্দেশ্য নিয়ে মাঠে না নামেন, সে বিষয়ে রাজনৈতিক দলগুলোকে সতর্ক করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। নির্বাচনে কেউ ‘ফাউল’ করার চেষ্টা করলে রাজনৈতিক দলগুলোকে নির্বাচন কমিশনের পাশে থাকার আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে সুষ্ঠু নির্বাচন আয়োজনই কমিশনের একমাত্র লক্ষ্য বলে জানিয়েছেন সিইসি।
আজ রোববার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপের প্রথম দিনের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইউপি নির্বাচন সামনে রেখে আয়োজিত এ সংলাপে প্রথম দিনে ১৬টি নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন।
সিইসি বলেন, ‘সবাই যাতে ফাউল করার নিয়তে মাঠে না নামেন এবং কেউ ফাউল করতে চাইলে আপনারা আমাদের পাশে থাকবেন। এ ক্ষেত্রে সবার সহযোগিতা দরকার। আমরা সুষ্ঠু ভোট চাই, এটা আমাদের প্রতিশ্রুতি। আমাদের দ্বিতীয় কোনো এজেন্ডা নেই। দলীয় ভিত্তিতে যেহেতু নির্বাচন হচ্ছে না, দলভিত্তিক এজেন্ডাও কারও থাকার কথা নয়।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রাজনৈতিক দলগুলোর সহযোগিতায় সম্পন্ন করার কথা উল্লেখ করে নাসির উদ্দিন বলেন, বাংলাদেশে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য—এ ধরনের বিশেষণ দিয়ে অভিহিত করা হয়। পৃথিবীর অন্য কোথাও নির্বাচনের আগে এ ধরনের বিশেষণ ব্যবহারের প্রচলন নেই।
তিনি বলেন, নির্বাচন বলতে এমন একটি প্রক্রিয়াকে বোঝায়, যেখানে ভোটাররা নির্বিঘ্নে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে বাড়ি ফিরবেন। রাজনৈতিক দলগুলোর সহযোগিতায় এ ধরনের বিশেষণের প্রয়োজন ছাড়াই গণতন্ত্রের জন্য উপযোগী প্রকৃত নির্বাচন দেখতে চান তাঁরা।
এবারের স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হলেও রাজনৈতিক দলগুলোর সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরেন সিইসি। তিনি বলেন, এ নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না। প্রার্থীরা স্বতন্ত্র প্রার্থীদের মতো প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে দলীয় ভিত্তিতে নির্বাচন না হলেও অনেক প্রার্থী রাজনৈতিক দলের সমর্থন পাবেন। তাঁদের পেছনে দলের নেতাদের সমর্থন ও আশীর্বাদ থাকবে। তাই নির্বাচনে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা গুরুত্বপূর্ণ। প্রত্যেক দলের নেতাদেরই প্রভাব রয়েছে।
নাসির উদ্দিন আরও বলেন, ‘যত চ্যালেঞ্জ আছে, ভবিষ্যতে যত চ্যালেঞ্জ আসবে—সব আপনাদের নিয়ে আমরা মোকাবেলা করতে চাই। বিরোধী দলও স্থানীয় নির্বাচন চেয়েছে। সবাই এক দাবি করছে। ইউপি ভোটের পর সিটি, পৌর, উপজেলা ও জেলা ভোট রয়েছে। ১০ মাস থেকে এক বছর সময় লাগে এসব ভোট করতে। ধাপে ধাপে সব নির্বাচন করব, সেভাবে কৌশল নিতে হবে।’
প্রথম দিনের সংলাপে অংশ নেওয়া দলগুলোর মধ্যে রয়েছে জাতীয় পার্টি (জেপি), কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), গণতন্ত্রী পার্টি, ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), জাকের পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও গণফোরাম।
























