ফজলি আমগাছের চারা থেকে ফজলি আমই হয়। কিন্তু ক্রিকেটের জগতে বাবার মতোই ছেলে হবেন, এমন কোনো নিয়ম নেই। কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকার যেমন পেস বোলিং অলরাউন্ডার, তেমনি ভারতের সাবেক ওপেনার বীরেন্দর শেবাগের ছেলে আর্যবীর শেবাগও বাবার ব্যাটিংয়ের ধরন অনুসরণ করতে চান না।
ভারতীয় ক্রিকেটে বীরেন্দর শেবাগ মানেই আক্রমণাত্মক ব্যাটিং। বল দেখলেই আঘাত করা ছিল তাঁর ব্যাটিংয়ের অন্যতম বৈশিষ্ট্য। কিন্তু ছেলে আর্যবীরের ব্যাটিংয়ে রয়েছে ভিন্নতা। তিনিও ওপেনার, তবে নতুন বলে শুরুতেই আক্রমণে না গিয়ে উইকেটে থিতু হতে সময় নেন। পায়ের কাজ ভালো এবং বলের লাইন-লেংথ ও উইকেটের আচরণ বুঝে ব্যাট চালান তিনি।
সম্প্রতি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দুর্দান্ত পারফরম্যান্স করে আলোচনায় এসেছেন ১৯ বছর বয়সী আর্যবীর। টুর্নামেন্টে পাঁচ ম্যাচে ৯০ দশমিক ২৫ গড়ে করেছেন ৩৬১ রান। স্ট্রাইক রেট ৯৫ দশমিক ৫০। ১৬০ রানের একটি ইনিংসের পাশাপাশি করেছেন তিনটি অর্ধশতক। হয়েছেন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক ও সেরা খেলোয়াড়।
এমন পারফরম্যান্সের পর স্বাভাবিকভাবেই তাঁকে নিয়ে প্রত্যাশা বেড়েছে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের। অনেকেই তাঁর মধ্যে দেখতে চান নতুন বীরেন্দর শেবাগকে। কিন্তু বাবার মতো হতে চান না আর্যবীর। তাঁর স্পষ্ট কথা, ‘আমি শেবাগ ২.০ হতে আসিনি। আমি আর্যবীর শেবাগ হতে এসেছি।’
জিওস্টারের সঙ্গে এক সাক্ষাৎকারে নিজের অবস্থান পরিষ্কার করেছেন তিনি। আর্যবীর বলেন, ক্যারিয়ারের শুরু থেকেই তিনি জানেন, বাবার সঙ্গে তাঁর তুলনা হবে। এটি এড়ানোর কোনো সুযোগ নেই। তবে মানুষ যদি তাঁদের ব্যাটিংয়ে মিল খুঁজে পান, সেটি তাঁদের নিজস্ব মতামত এবং বাবার প্রতি ভালোবাসার প্রকাশ।
তিনি বলেন, ‘আমি দ্বিতীয় শেবাগ হওয়ার চেয়ে প্রথম আর্যবীর হতে বেশি পছন্দ করব।’
বাবার সঙ্গে তুলনা নিয়ে অবশ্য কোনো অস্বস্তি নেই আর্যবীরের। তবে সেই তুলনার চাপ নিয়ে খেলতে চান না তিনি। নিজের সামর্থ্য ও খেলার ধরন দিয়েই আলাদা পরিচিতি গড়তে চান।
বীরেন্দর শেবাগ ব্যাটিংয়ের সময় অনেকটা নিজের মতো করেই খেলতেন। বল পেলেই আক্রমণ করতেন। এমনকি ব্যাটিংয়ের সময় বলিউডের গান গাওয়ার অভ্যাসও ছিল তাঁর। অন্যদিকে আর্যবীর তুলনামূলক শান্ত ও হিসাবি। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ব্যাটিংয়ের সময় অবশ্য তাঁর ঠোঁটেও গান ছিল। তবে বলিউডের গান নয়, গেয়েছেন ‘সীতা রাম’ কীর্তন।
তাহলে আর্যবীরের ব্যাটিংয়ের আদর্শ কে? এ প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন, তাঁর পছন্দের ক্রিকেটার বিরাট কোহলি। নিজের ব্যাটিং দর্শন সম্পর্কে আর্যবীর বলেন, ‘আমি নিজেকে শুধু স্ট্রোক প্লেয়ার বা নির্দিষ্ট কোনো ধরনের ব্যাটসম্যান হিসেবে দেখতে চাই না। পরিস্থিতি অনুযায়ী খেলতে চাই। আমি বিরাট কোহলির অনেক বড় ভক্ত। দলের যে পরিস্থিতিতে যা প্রয়োজন, ঠিক সেটাই করতে চাই।’
বাবা বীরেন্দর শেবাগের পরিচিতি আক্রমণাত্মক ব্যাটিংয়ে। আর ছেলে আর্যবীরের লক্ষ্য পরিস্থিতি বুঝে নিজের মতো করে খেলা। বাবার ছায়ায় নয়, নিজের নামেই ক্রিকেটে পরিচিত হতে চান তিনি।
























