প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপে খেলার স্বপ্ন নিয়ে আবারও বাছাইপর্বের লড়াইয়ে নামতে যাচ্ছে বাংলাদেশ। তবে মূল স্বপ্নপূরণের পথে প্রথম বাধাই হতে পারে বড় পরীক্ষা। আগামী ১৫ ডিসেম্বর ২০৩০ ফিফা বিশ্বকাপ ও ২০৩১ এএফসি এশিয়ান কাপের যৌথ বাছাইপর্বের ড্র অনুষ্ঠিত হবে। মালয়েশিয়ায় আয়োজিত এই ড্রয়ের মধ্য দিয়েই জানা যাবে, প্রথম রাউন্ডে হামজা-শমিতদের প্রতিপক্ষ হচ্ছে কোন দেশ।
ফিফার সর্বশেষ র্যাঙ্কিং অনুযায়ী, বিশ্বে ১৮২তম এবং এশিয়ায় ৩৭তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। এশিয়ার ৪৬টি দেশের মধ্যে র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকায় প্রথম রাউন্ড থেকেই বাছাইপর্বের লড়াই শুরু করতে হবে লাল-সবুজের প্রতিনিধিদের।
বর্তমান র্যাঙ্কিংয়ের হিসাব অনুযায়ী, প্রথম রাউন্ডে বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে তুর্কমেনিস্তান, ইয়েমেন, সিঙ্গাপুর, হংকং, মিয়ানমার, আফগানিস্তান, মালদ্বীপ, চায়নিজ তাইপে, কম্বোডিয়া কিংবা নেপাল। অর্থাৎ এশিয়ার র্যাঙ্কিংয়ে বাংলাদেশের ওপরে থাকা ২৭ থেকে ৩৬ নম্বরের দলগুলোর মধ্যে যেকোনো একটির মুখোমুখি হতে পারে বাংলাদেশ। তবে ড্রয়ের আগে র্যাঙ্কিং কিংবা বাছাইপর্বের নিয়মে পরিবর্তন এলে প্রতিপক্ষের তালিকায়ও পরিবর্তন আসতে পারে।
প্রথম রাউন্ডের খেলা হবে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে। অর্থাৎ দুই দল একবার নিজেদের মাঠে এবং আরেকবার প্রতিপক্ষের মাঠে খেলবে। দুই ম্যাচের সম্মিলিত ফলে এগিয়ে থাকা দল পাবে পরবর্তী রাউন্ডের টিকিট। এএফসির সূচি অনুযায়ী, প্রথম রাউন্ডের ম্যাচ দুটি অনুষ্ঠিত হওয়ার কথা ২০২৭ সালের ২৫ ও ৩০ মার্চ।
প্রথম বাধা পেরোতে পারলে বাংলাদেশের সামনে খুলে যাবে পরবর্তী রাউন্ডের পথ। দ্বিতীয় রাউন্ডে প্রথম রাউন্ডের বিজয়ী দলগুলোর সঙ্গে যুক্ত হবে এশিয়ার শীর্ষস্থানীয় দলগুলো। মোট ৩৬টি দলকে নিয়ে অনুষ্ঠিত হবে গ্রুপ পর্বের লড়াই।
এই রাউন্ডে ভালো করতে পারলে একদিকে যেমন বিশ্বকাপ বাছাইয়ের পরবর্তী ধাপে যাওয়ার সুযোগ তৈরি হবে, অন্যদিকে ২০৩১ এএফসি এশিয়ান কাপের মূল পর্বে খেলার পথও খুলবে।
তবে বাংলাদেশের জন্য আপাতত সবচেয়ে বড় চ্যালেঞ্জ প্রথম রাউন্ডের বাধা অতিক্রম করা। সম্ভাব্য প্রতিপক্ষের তালিকায় মালদ্বীপ, নেপাল কিংবা কম্বোডিয়াকে পেলে তুলনামূলক স্বস্তিতে থাকতে পারে বাংলাদেশ। বিপরীতে তুর্কমেনিস্তান, ইয়েমেন কিংবা সিঙ্গাপুরের মতো দলকে পেলে কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে হামজা-শমিতদের।
সব মিলিয়ে ১৫ ডিসেম্বরের ড্র বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্নের পথে প্রথম গুরুত্বপূর্ণ অধ্যায় নির্ধারণ করবে। এখন দেখার বিষয়, বিশ্বকাপের পথে বাংলাদেশের সামনে অপেক্ষা করছে তুলনামূলক সহজ প্রতিপক্ষ, নাকি কঠিন কোনো চ্যালেঞ্জ।
























