ঢাকা   রোববার ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রাহায়ণ ১৪৩৩

টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্তে বিএসইসিকে ডিবিএর ধন্যবাদ

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ২০:৪১, ২১ নভেম্বর ২০২৬

টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্তে বিএসইসিকে ডিবিএর ধন্যবাদ

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে শেয়ার লেনদেনে টি+১ ট্রেডিং ব্যবস্থা চালুর সিদ্ধান্ত গ্রহণ করায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।

শনিবার (২১ নভেম্বর) ডিবিএর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কৃতজ্ঞতা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিবিএর সদস্য স্টক ব্রোকারদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল পুঁজিবাজারে টি+১ ট্রেডিং ব্যবস্থা চালু করা। এ লক্ষ্যে বিএসইসি, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে ধারাবাহিক আলোচনা ও বৈঠক করে আসছিল সংগঠনটি। ডিবিএর দীর্ঘদিনের দাবিকে গুরুত্ব দিয়ে এ সিদ্ধান্ত নেওয়ায় বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান, কমিশনারসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছে সংগঠনটি।

ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলাম বলেন, টি+১ ট্রেডিং চালু পুঁজিবাজারের আধুনিকায়ন এবং আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি স্টক ব্রোকার ও বিনিয়োগকারীদের দীর্ঘদিনের প্রত্যাশা। এ উদ্যোগের ফলে লেনদেনের গতি ও বাজারের তারল্য বাড়বে। পাশাপাশি দেশি-বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণও উৎসাহিত হবে।

তিনি আরও বলেন, দীর্ঘদিনের দাবির প্রতি গুরুত্ব দিয়ে এ সিদ্ধান্ত নেওয়ায় বিএসইসির চেয়ারম্যান, কমিশনার ও সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।

ডিবিএর মতে, টি+১ ট্রেডিং ব্যবস্থা চালু হলে লেনদেন নিষ্পত্তির সময় কমবে। ফলে বিনিয়োগকারীরা দ্রুত অর্থ পুনর্বিনিয়োগের সুযোগ পাবেন। এতে পুঁজিবাজারের তারল্য ও লেনদেন বাড়ার পাশাপাশি বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা জোরদার হবে।

এ ছাড়া নতুন এ ব্যবস্থা পুঁজিবাজারকে আন্তর্জাতিক মানের সঙ্গে আরও সামঞ্জস্যপূর্ণ করে তুলবে। একই সঙ্গে সরকারের রাজস্ব আয় বৃদ্ধিতেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছে সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পুঁজিবাজারের টেকসই উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে ভবিষ্যতেও বিএসইসির সঙ্গে সমন্বিতভাবে কাজ করবে ডিবিএ। বাজারের উন্নয়নে নেওয়া ইতিবাচক উদ্যোগ বাস্তবায়নেও সংগঠনটির সহযোগিতা অব্যাহত থাকবে।