ঢাকা   শুক্রবার ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

বাংলাদেশ স্কোয়াড ঘোষণা, দলে ফিরলেন বিশ্বনাথ-ফাহমিদুলরা

খেলার জগৎ

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৯, ২০ মার্চ ২০২৬

বাংলাদেশ স্কোয়াড ঘোষণা, দলে ফিরলেন বিশ্বনাথ-ফাহমিদুলরা

সিঙ্গাপুর ও ভিয়েতনামের বিপক্ষে আসন্ন ম্যাচকে সামনে রেখে ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ঘোষিত দলে নতুন কোনো মুখ না থাকলেও কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলারের প্রত্যাবর্তন দলকে বাড়তি শক্তি জোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন নির্ভরযোগ্য ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। সর্বশেষ ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর ভুটানের বিপক্ষে দেশের জার্সিতে মাঠে নেমেছিলেন তিনি। এরপর চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয় তাকে। প্রায় দেড় বছর পর আবারও জাতীয় দলে জায়গা করে নিলেন বসুন্ধরা কিংসের এই ডিফেন্ডার।

এ ছাড়া স্কোয়াডে ফিরেছেন ফাহমিদুল ইসলাম, আরমান ফয়সাল ও মিরাজুল ইসলাম। তারা কেউই গত নভেম্বরে ভারতের বিপক্ষে দলে ছিলেন না।

মিরাজুল ইসলামের আন্তর্জাতিক অভিষেক হয়েছিল ২০২৪ সালে ভুটানের বিপক্ষে, সেটিই এখন পর্যন্ত তার শেষ ম্যাচ। অন্যদিকে আরমান ফয়সাল সর্বশেষ খেলেছেন গত বছরের এশিয়ান কাপ বাছাইপর্বে হংকংয়ের বিপক্ষে। একই ম্যাচে মাঠে ছিলেন ফাহমিদুল ইসলামও। তবে কার্ডজনিত নিষেধাজ্ঞার কারণে ভারতের বিপক্ষে ঘরের ম্যাচে খেলতে পারেননি তিনি।

ঘোষিত স্কোয়াডে গোলরক্ষক হিসেবে রয়েছেন মিতুল মারমা, সুজন হোসেন ও মেহেদী হাসান। ডিফেন্ডার লাইনে আছেন তারিক কাজী, রহমত মিয়া, শাকিল আহাদ, আবদুল্লাহ ওমর, জায়ান আহমেদ, বিশ্বনাথ ঘোষ ও সাদ উদ্দিন।

মিডফিল্ডে জায়গা পেয়েছেন কাজেম শাহ, শেখ মোরছালিন, অধিনায়ক জামাল ভূঁইয়া, সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, শমিত সোম ও হামজা চৌধুরী। ফরোয়ার্ড লাইনে রয়েছেন আরমান ফয়সাল, সুমন রেজা, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ, ফাহমিদুল ইসলাম ও মিরাজুল ইসলাম।

স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা-এর শিষ্যরা আগামী ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে। এরপর ৩১ মার্চ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্ব-এর শেষ ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ।

এই লক্ষ্যেই আজ রাতেই দলের ভিয়েতনামের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, এশিয়ান কাপের মূল পর্বে খেলার সুযোগ আগেই হারিয়েছে বাংলাদেশ। বাছাইপর্বে এখন পর্যন্ত পাঁচ ম্যাচে একটি জয় পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা—যা এসেছে গত নভেম্বরে ভারতের বিপক্ষে। অন্য ম্যাচগুলোতে দুই ড্র ও দুই হারে মোট ৫ পয়েন্ট সংগ্রহ করেছে দলটি।