বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের বেতন-ভাতা ব্যাংকিং চ্যানেলে পরিশোধ নিশ্চিত করতে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। হালনাগাদ ওয়ার্ক পারমিট থাকা বিদেশিদের জন্য ব্যাংক হিসাব খুলতে দেশের সব তফসিলি ব্যাংককে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) এ বিষয়ে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে নির্দেশনা পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
নির্দেশনায় বলা হয়েছে, ‘এ-৩’ ভিসাসহ সব ধরনের এমপ্লয়মেন্ট ভিসায় বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের ক্ষেত্রে প্রচলিত কেওয়াইসি বা গ্রাহক পরিচিতি বিধি অনুসরণ করে ব্যাংক হিসাব খোলার ব্যবস্থা করতে হবে।
বাংলাদেশ ব্যাংক জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গত ২৯ এপ্রিলের এক পরিপত্রে ‘এ-৩’ ভিসায় বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের বেতন-ভাতা ব্যাংকের মাধ্যমে গ্রহণের বিষয়টি স্পষ্ট করা হয়েছে। এ ধরনের ভিসায় বাংলাদেশে আসা বিদেশিদের বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) থেকে ওয়ার্ক পারমিট নিতে হয়। নির্ধারিত মেয়াদ শেষে সেই পারমিট নবায়নও করতে হয়।
ওয়ার্ক পারমিটে বিদেশি কর্মীদের বেতন-ভাতা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে গ্রহণের শর্তও উল্লেখ থাকে। বাংলাদেশ ব্যাংক বলছে, একই বিধান অন্যান্য এমপ্লয়মেন্ট ভিসা ক্যাটাগরিতে কর্মরত বিদেশি নাগরিকদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
ফলে বৈধ ও হালনাগাদ ওয়ার্ক পারমিট থাকা বিদেশি নাগরিকদের ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে প্রচলিত কেওয়াইসি বিধি মেনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে।
























