বিশ্বকাপে লিওনেল মেসির রেকর্ডগড়া হ্যাটট্রিকের পর এবার আলোচনার কেন্দ্রে ক্রিস্টিয়ানো রোনালদো। বুধবার মাঠে নামলে বিশ্বকাপে অংশগ্রহণের ক্ষেত্রে মেসির রেকর্ডে ভাগ বসাবেন পর্তুগিজ মহাতারকা। একই দিনে ৬০ বছরের শিরোপাখরা ঘোচানোর স্বপ্ন নিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইংল্যান্ডও।
৪১ বছর বয়সী রোনালদোর সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির অসাধারণ পারফরম্যান্স। মঙ্গলবার আর্জেন্টিনার হয়ে দুর্দান্ত হ্যাটট্রিক করে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাদের কাতারে উঠে এসেছেন ৩৮ বছর বয়সী মেসি।
ফুটবল ইতিহাসের দুই মহাতারকা রোনালদো ও মেসি মিলে জিতেছেন মোট ১৩টি ব্যালন ডি’অর।
হিউস্টনে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিপক্ষে ম্যাচে পর্তুগালের অধিনায়ক হিসেবে মাঠে নামার কথা রয়েছে রোনালদোর। প্রতিভাবান খেলোয়াড়ে ভরা পর্তুগাল এবার প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে খেলছে।
অন্যদিকে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন সতীর্থদের উদ্দেশে আত্মবিশ্বাসী থাকার আহ্বান জানিয়েছেন। টেক্সাসের আর্লিংটনে অবস্থিত এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে ২০১৮ বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড।
সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকবার শিরোপার খুব কাছে গিয়েও ব্যর্থ হয়েছে ইংল্যান্ড। ১৯৬৬ সালে নিজেদের মাটিতে জেতা বিশ্বকাপই এখন পর্যন্ত তাদের একমাত্র বিশ্বকাপ ট্রফি।
মঙ্গলবার সংবাদ সম্মেলনে কেইন বলেন, “দল হিসেবে বিশ্বকাপ জয়ের জন্য এটি আমাদের অন্যতম সেরা সুযোগ। আমরা ভালোভাবে শুরু করতে চাই এবং প্রমাণ করতে চাই যে এই টুর্নামেন্টে অনেক দূর যাওয়ার সামর্থ্য আমাদের আছে।”
তিনি আরও বলেন, “আমার বার্তা একটাই—মাঠে নামো এবং মানসিকভাবে মুক্ত থেকো।”
বুধবারের অন্য ম্যাচে ইংল্যান্ডের গ্রুপ ‘এল’-এ ঘানা খেলবে পানামার বিপক্ষে। এছাড়া গ্রুপ ‘কে’-তে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলা উজবেকিস্তান মুখোমুখি হবে কলম্বিয়ার।
ইতিহাসের পাতায় মেসি
মঙ্গলবার ছিল লিওনেল মেসির জন্য এক ঐতিহাসিক দিন। নিজের ২০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে তিনি বিশ্বকাপের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে ছয়টি বিশ্বকাপে অংশ নেওয়ার কীর্তি গড়েন।বিশ্বকাপে অভিষেকের ঠিক ২০ বছর পূর্তির দিনে তিনি নিজের প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিকও করেন।
১৭ মিনিটে করা দৃষ্টিনন্দন গোলের মাধ্যমে বিশ্বকাপে তার গোলসংখ্যা দাঁড়ায় ১৪-তে। পরে আরও দুটি গোল করে তিনি মোট ১৬ গোল নিয়ে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসের রেকর্ড স্পর্শ করেন।
ম্যাচ শেষে দর্শকদের দাঁড়িয়ে অভিবাদনের মধ্য দিয়ে মাঠ ছাড়েন আর্জেন্টাইন অধিনায়ক।
২০২২ সালের বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। এবারও দুই দল আবার ফাইনালে মুখোমুখি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ফ্রান্সও নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করেছে জয় দিয়ে। সেনেগালকে ৩-১ গোলে হারানো ম্যাচে দুটি গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। এতে বোঝা যাচ্ছে, এবারের বিশ্বকাপেও বড় কিছু করার জন্য প্রস্তুত ফরাসি এই তারকা।
























