ঢাকা   মঙ্গলবার ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩

মধ্যপ্রাচ্য সংকটে কমলো সোনা-রুপার দাম, বাড়ছে তেলের দর

অর্থ ও বাণিজ্য

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২০:২১, ১৮ আগস্ট ২০২৬

মধ্যপ্রাচ্য সংকটে কমলো সোনা-রুপার দাম, বাড়ছে তেলের দর

মধ্যপ্রাচ্যে যুদ্ধের সংকট দীর্ঘায়িত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। এতে নতুন করে মূল্যস্ফীতি বাড়ার শঙ্কা তৈরি হয়েছে। আর এর প্রভাবে মার্কিন ট্রেজারি বন্ডের ইয়েল্ড ঊর্ধ্বমুখী হওয়ায় চাপের মুখে পড়েছে নিরাপদ বিনিয়োগ হিসেবে পরিচিত সোনার বাজার। টানা দুই কার্যদিবস বাড়ার পর মঙ্গলবার (১৮ আগস্ট) আন্তর্জাতিক বাজারে সোনা ও অন্যান্য মূল্যবান ধাতুর দাম কমেছে। 

মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ০.৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩৯২ দশমিক ৮৬ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে আগামী ডিসেম্বর সরবরাহের জন্য সোনার দামও ০.৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৪৪৯ দশমিক ৫০ ডলারে দাঁড়ায়।

স্বাধীন আর্থিক বিশ্লেষক রস নরম্যান বলেন, সাম্প্রতিক সময়ে সোনার দামে উল্লেখযোগ্য বৃদ্ধির পর বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতা তৈরি হয়েছে। এর সঙ্গে বাজারের কিছু প্রতিকূল পরিস্থিতি যুক্ত হওয়ায় সোনার দামে সাময়িক সংশোধন দেখা যাচ্ছে।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যের সংকট দীর্ঘায়িত হলে বিশ্বজুড়ে মূল্যস্ফীতির চাপ আবারও বাড়তে পারে। এতে মার্কিন ডলার আরও শক্তিশালী হওয়ার পাশাপাশি ট্রেজারি বন্ডের ইয়েল্ড বাড়ার সম্ভাবনা রয়েছে। আর এসব বিষয় সাধারণত সোনার দামের জন্য নেতিবাচক প্রভাব তৈরি করে।

সোনার পাশাপাশি মঙ্গলবার অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও দরপতন হয়েছে। স্পট মার্কেটে রুপার দাম ১ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৬৫ দশমিক ০৮ ডলারে নেমেছে। প্ল্যাটিনামের দাম ১ দশমিক ৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ৭৪৫ দশমিক ৫৮ ডলারে। আর প্যালাডিয়ামের দাম ১ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৩১৮ দশমিক ২৯ ডলারে কেনাবেচা হয়েছে।

এদিকে দেশের বাজারে বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা। ২১ ক্যারেটের সোনা ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯৪ হাজার ২০৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা প্রতি ভরি ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকায় বিক্রি হচ্ছে।

অন্যদিকে, দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার দাম ৫ হাজার ৭৪ টাকা। ২১ ক্যারেটের রুপা ৪ হাজার ৮৪১ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ১৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ১৫৯ টাকা দরে বিক্রি হচ্ছে।