প্রবাসী আয়ে শক্তিশালী প্রবাহ অব্যাহত রয়েছে। আগস্টের প্রথম ১৭ দিনেই দেশে এসেছে ১৮৮ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৩ হাজার ২১০ কোটি টাকা। ফলে গত বছরের একই সময়ের তুলনায় চলতি আগস্টে প্রবাসী আয় বেড়েছে ৩২ দশমিক ৬০ শতাংশ।
মঙ্গলবার (১৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, শুধু সোমবার (১৭ আগস্ট) একদিনেই দেশে ১ হাজার ২০৫ কোটি ৪০ লাখ টাকা সমপরিমাণ রেমিট্যান্স এসেছে।
গত বছরের আগস্টের প্রথম ১৭ দিনে দেশে প্রবাসী আয় এসেছিল ১৪২ কোটি ৪০ লাখ ডলার। সেই হিসাবে এক বছরের ব্যবধানে একই সময়ে রেমিট্যান্স বেড়েছে ৪৬ কোটি ৩০ লাখ ডলার।
এদিকে চলতি অর্থবছরের শুরু থেকেই রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা দেখা যাচ্ছে। ১ জুলাই থেকে ১৭ আগস্ট পর্যন্ত দেশে মোট ৪৭৪ কোটি ৬০ লাখ ডলার প্রবাসী আয় এসেছে।
অন্যদিকে, গত অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৩৯০ কোটি ২০ লাখ ডলার। ফলে চলতি অর্থবছরের প্রথম ৪৮ দিনে গত বছরের একই সময়ের তুলনায় প্রবাসী আয় বেড়েছে ৮৪ কোটি ৪০ লাখ ডলার বা ২১ দশমিক ৬০ শতাংশ।
প্রবাসী আয়ের এই ধারাবাহিক প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার বাজার ও রিজার্ভের ওপর ইতিবাচক প্রভাব রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
























