ঢাকা   বুধবার ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩

ওয়ানডের নতুন অধিনায়ক লিটন, নেতৃত্ব হারালেন মিরাজ

খেলার জগৎ

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ২০:২২, ২৯ জুলাই ২০২৬

ওয়ানডের নতুন অধিনায়ক লিটন, নেতৃত্ব হারালেন মিরাজ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে নেতৃত্বে বড় পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মেহেদী হাসান মিরাজের পরিবর্তে লাল-সবুজ দলের ওয়ানডে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে লিটন দাসকে। এর মাধ্যমে টি-টোয়েন্টির পর ওয়ানডেতেও দলের নেতৃত্বে আসছেন অভিজ্ঞ এই ব্যাটার।

বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে নতুন অধিনায়কের নাম ঘোষণা করা হয়। বিসিবি সভাপতি তামিম ইকবাল খান বিষয়টি নিশ্চিত করেন।

লিটন দাস এর আগে বিভিন্ন সময়ে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে ওয়ানডে দলে দায়িত্ব পালন করেছেন। এবার প্রথমবারের মতো পূর্ণকালীন ওয়ানডে অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়ে সীমিত ওভারের ক্রিকেটে বাংলাদেশের নেতৃত্বের ভার সামলাবেন তিনি।

এখন পর্যন্ত ওয়ানডে ফরম্যাটে ৭ ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন লিটন। এর মধ্যে তিনটি ম্যাচে জয় পেয়েছে দল, তিনটিতে পরাজয় এসেছে এবং একটি ম্যাচের ফল হয়নি। তবে অধিনায়ক হিসেবে ব্যাটিংয়ে তার পরিসংখ্যান খুব একটা উল্লেখযোগ্য নয়। নেতৃত্ব দেওয়া ম্যাচগুলোতে ২৯ দশমিক ৮০ গড়ে করেছেন ১৪৯ রান।

অন্যদিকে, মেহেদী হাসান মিরাজের অধীনে ওয়ানডে দলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে ক্রিকেট অঙ্গনে আলোচনা চলছিল। এসব বিষয় বিবেচনায় নিয়েই ওয়ানডে নেতৃত্বে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

নতুন দায়িত্বে লিটন দাসের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে দলের ধারাবাহিকতা ধরে রাখা এবং গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সিরিজগুলোতে বাংলাদেশকে সাফল্যের পথে এগিয়ে নেওয়া।