ঢাকা   মঙ্গলবার ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

পবিত্র আশুরা ২৬ জুন, বুধবার থেকে মহররম মাস শুরু

ধর্ম

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২১:৩৪, ১৬ জুন ২০২৬

সর্বশেষ

পবিত্র আশুরা ২৬ জুন, বুধবার থেকে মহররম মাস শুরু

দেশের আকাশে মঙ্গলবার সন্ধ্যায় পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল বুধবার (১৭ জুন) থেকে ১৪৪৮ হিজরি সনের মহররম মাস গণনা শুরু হবে। সেই হিসাবে আগামী ২৬ জুন (শুক্রবার) পবিত্র আশুরা পালিত হবে।

মঙ্গলবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সচিবের রুটিন দায়িত্ব) মো. ফজলুর রহমান।

ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের বিভিন্ন জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং স্পারসো থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে জাতীয় চাঁদ দেখা কমিটি নিশ্চিত হয়েছে যে, মঙ্গলবার মহররম মাসের চাঁদ দেখা গেছে। ফলে বুধবার থেকে নতুন হিজরি বছরের প্রথম মাস মহররম শুরু হবে।

ইসলামে মহররম মাস অত্যন্ত মর্যাদাপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। ‘মহররম’ শব্দের অর্থ সম্মানিত। আর ‘আশুরা’ শব্দটি এসেছে আরবি ‘আশারা’ থেকে, যার অর্থ দশ। মহররম মাসের ১০ তারিখকে আশুরা বলা হয়।

ইসলামের ইতিহাসে আশুরার দিনটি বিশেষ গুরুত্ব বহন করে। হিজরি ৬১ সনের ১০ মহররম মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.) এবং তাঁর পরিবারের সদস্যরা কারবালার প্রান্তরে সত্য ও ন্যায়ের পক্ষে লড়াই করতে গিয়ে শহীদ হন। এ কারণে দিনটি মুসলিম বিশ্বের কাছে গভীর শোক ও ত্যাগের প্রতীক হিসেবে বিবেচিত।

এ ছাড়া ইসলামের ইতিহাসে ১০ মহররমের সঙ্গে জড়িত রয়েছে আরও বহু গুরুত্বপূর্ণ ঘটনা। ধর্মপ্রাণ মুসলমানদের অনেকে এ দিনে রোজা পালন করে থাকেন।

জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেকসহ কমিটির সদস্য এবং সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ