ঢাকা   বুধবার ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

বন্ধ বিও হিসাব চালুর অনুমোদন, শেয়ারবাজারে তারল্য বাড়ার আশা ডিবিএর

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৬:২৫, ৪ নভেম্বর ২০২৬

সর্বশেষ

বন্ধ বিও হিসাব চালুর অনুমোদন, শেয়ারবাজারে তারল্য বাড়ার আশা ডিবিএর

দীর্ঘদিন ধরে স্থগিত থাকা ৬১৭টি বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাব পুনরায় চালু করে লেনদেনের সুযোগ দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। সংগঠনটির মতে, এ সিদ্ধান্তের ফলে পুঁজিবাজারে তারল্য প্রবাহ বাড়বে, লেনদেনের পরিমাণ বৃদ্ধি পাবে এবং বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ার সুযোগ তৈরি হবে।

বুধবার (৪ নভেম্বর ২০২৬) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান, কমিশনারবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে ডিবিএ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন সরকারি সংস্থার অনুরোধ এবং বিএসইসির সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ৬১৭টি বিও হিসাবের লেনদেন স্থগিত করা হয়েছিল। দীর্ঘদিন এসব হিসাব বন্ধ থাকায় সংশ্লিষ্ট বিনিয়োগকারীরা শেয়ার কেনাবেচার সুযোগ থেকে বঞ্চিত ছিলেন।

এ পরিস্থিতিতে বন্ধ বিও হিসাবগুলো পুনরায় চালুর উদ্যোগ নেয় ডিবিএ। গত ২০ জুলাই ২০২৬ তারিখে বিএসইসির চেয়ারম্যান বরাবর লিখিত আবেদন জমা দেয় সংগঠনটি। আবেদনে বলা হয়, কোনো আইনগত কর্তৃপক্ষ, সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থা কিংবা সরকারি সংস্থার নিষেধাজ্ঞা না থাকলে দীর্ঘদিন স্থগিত থাকা বিও হিসাব পুনরায় চালুর ব্যবস্থা নেওয়া উচিত।

ডিবিএর আবেদন গুরুত্বের সঙ্গে বিবেচনা করে স্থগিত হিসাবগুলো পুনরায় চালু করে লেনদেনের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। কমিশনের এ সিদ্ধান্তকে ইতিবাচক উল্লেখ করে ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলাম আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

শেয়ার লেনদেন ও তারল্য বাড়ার প্রত্যাশা

ডিবিএর মতে, বন্ধ বিও হিসাবগুলো পুনরায় সচল হলে দীর্ঘদিন আটকে থাকা বিপুল পরিমাণ শেয়ার আবার লেনদেনের আওতায় আসবে। এতে পুঁজিবাজারে তারল্য প্রবাহ বাড়ার পাশাপাশি সামগ্রিক লেনদেনের পরিমাণ বৃদ্ধির সুযোগ তৈরি হবে।

একই সঙ্গে বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণ বাড়বে এবং বাজারের প্রতি তাদের হারানো আস্থা পুনরুদ্ধারেও সিদ্ধান্তটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছে সংগঠনটি।

ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকের সংকট কাটার আশা

বিশেষ করে মার্জিন ঋণ প্রদানকারী স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকগুলোর জন্য এ সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে ডিবিএ।

সংগঠনটির ভাষ্য, দীর্ঘদিন বিও হিসাব স্থগিত থাকায় এসব প্রতিষ্ঠানের ব্যবসায়িক ও আর্থিক কার্যক্রমে সংকট তৈরি হয়েছিল। হিসাবগুলো পুনরায় চালু হলে আটকে থাকা শেয়ার লেনদেনের সুযোগ সৃষ্টি হবে। এর ফলে মার্জিন ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিনের আর্থিক ও বাণিজ্যিক সংকট কাটিয়ে স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রমে ফিরে আসতে পারবে।

এতে সংশ্লিষ্ট স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকগুলোর আর্থিক সক্ষমতা বাড়বে এবং ব্যবসায়িক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা সহজ হবে। পাশাপাশি পুঁজিবাজারে এসব প্রতিষ্ঠানের কার্যকর অংশগ্রহণ ও সামগ্রিক গতিশীলতা বাড়বে বলে প্রত্যাশা করছে ডিবিএ।

বাজার উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে ডিবিএ

সংবাদ বিজ্ঞপ্তিতে ডিবিএ জানায়, দেশের পুঁজিবাজারের উন্নয়ন ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সরকারের নেওয়া পরিকল্পনা ও উদ্যোগ বাস্তবায়নে সংগঠনটি ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখবে।

এ লক্ষ্যে বিএসইসিসহ পুঁজিবাজারের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয় ও সহযোগিতার ভিত্তিতে কাজ করতে এবং প্রয়োজনীয় ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ ডিবিএ।

সংবাদ বিজ্ঞপ্তিতে ধন্যবাদান্তে স্বাক্ষর করেছেন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সেক্রেটারি মো. দিদারুল গনী।

সর্বশেষ