রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয় থেকে গ্রেপ্তার হওয়া ২৭ জনের মধ্যে ২৪ জন জামিনে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাঁরা মুক্তি পান।
জাসদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে জামিন পাওয়ার পর তাঁদের মুক্তি দেওয়া হয়।
বাকি তিনজনের মধ্যে একজনের বাবার নামের বানানে ভুল থাকায় জামিন পাওয়ার পরও বৃহস্পতিবার তিনি মুক্তি পাননি। জাসদের পক্ষ থেকে বলা হয়েছে, তিনি জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে থাকা একটি দোকানের কর্মচারীর বাবা।
অন্যদিকে, বাকি দুই নেতার জামিন আবেদনের শুনানি আগামী ১১ অক্টোবর অনুষ্ঠিত হবে।
গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় প্রতিনিধি সভা চলাকালে ২৮৯ জনকে আটক করে পুলিশ। পরে তাঁদের মধ্যে ২৭ জনকে গ্রেপ্তার দেখানো হয়।
পুলিশের অভিযোগ, জাসদ কার্যালয়ের ভেতরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে অস্থিতিশীল ও বিশৃঙ্খলাপূর্ণ পরিবেশ সৃষ্টি করা হয়েছিল। এ অভিযোগে ওই ২৭ জনকে গ্রেপ্তার দেখানো হয়।
তবে জাসদের পক্ষ থেকে দাবি করা হয়, ওই দিন তাদের কেন্দ্রীয় প্রতিনিধি সভা চলছিল এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অনুমতি নিয়েই কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সভায় সারা দেশ থেকে আসা প্রায় চার শতাধিক নেতা-কর্মী অংশ নেন।
জাসদের ভাষ্য অনুযায়ী, সভার একপর্যায়ে বিএনপির নেতা-কর্মীরা সেখানে হামলা চালান। পরে পুলিশ কার্যালয় ঘেরাও করে নেতা-কর্মীদের আটক করে নিয়ে যায়। পরে রাতে যাচাই-বাছাই শেষে অনেককে ছেড়ে দেওয়া হয়।
























