ঢাকা   বুধবার ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩

রাত ৮টার পর মার্কেট-দোকান বন্ধ

রাত ৮টার পর মার্কেট-দোকান বন্ধ

বিদ্যুৎ সাশ্রয়ে নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার। এখন থেকে দেশের শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে। একই সঙ্গে সন্ধ্যা ৭টার মধ্যে আলোকিত বিলবোর্ড বন্ধ এবং সব ধরনের আলোকসজ্জা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১২ আগস্ট) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে এ নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনা অনুযায়ী, শপিংমল, মার্কেট ও দোকান সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। এর আগে গত ১১ জুন থেকে এসব প্রতিষ্ঠান রাত ৯টা পর্যন্ত খোলা রাখার অনুমতি ছিল। নতুন সিদ্ধান্তে এক ঘণ্টা কমিয়ে রাত ৮টা করা হয়েছে।

সরকারের নির্দেশনায় আরও বলা হয়েছে, সব ধরনের আলোকিত বিলবোর্ড সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে। পাশাপাশি সব ধরনের আলোকসজ্জাও বন্ধ রাখতে হবে।

দেশের বিভিন্ন স্থানে চলমান ও অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও রাত ৮টার মধ্যে শেষ করতে হবে। তবে খাবারের দোকান, হাসপাতাল ও ওষুধের দোকানসহ সংশ্লিষ্ট কিছু প্রতিষ্ঠান এ নির্দেশনার আওতামুক্ত থাকবে।

নির্দেশনা বাস্তবায়নে সিটি করপোরেশনের মেয়র বা প্রশাসক, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। এ ছাড়া বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট সংস্থা এবং ব্যবসায়ী সংগঠনগুলোকেও বিষয়টি জানানো হয়েছে।

সরকারের নতুন এই সিদ্ধান্তের মূল লক্ষ্য বিদ্যুৎ সাশ্রয় ও ব্যবহারে শৃঙ্খলা আনা।