ঢাকা   বুধবার ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩

ইঁদুর-উইপোকায় নষ্ট নোট, টাকা ফেরত পাবেন যেভাবে

ইঁদুর-উইপোকায় নষ্ট নোট, টাকা ফেরত পাবেন যেভাবে

বাড়িতে জমানো প্রায় দুই লাখ টাকা ইঁদুর ও উইপোকায় কেটে নষ্ট হয়ে যাওয়ার পর আলোচনায় এসেছেন গাইবান্ধার কৃষক তোফাজ্জল হোসেন। তবে পুরো টাকা নষ্ট হয়ে গেলেও ক্ষতিগ্রস্ত নোটের বিনিময়ে অর্থ ফেরত পাওয়ার সুযোগ রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম অনুযায়ী, ছেঁড়া, ফাটা, পোড়া বা ক্ষতিগ্রস্ত নোট নির্দিষ্ট প্রক্রিয়ায় ব্যাংকের মাধ্যমে জমা দিয়ে বিনিময়মূল্য দাবি করা যায়। ইঁদুর বা উইপোকায় কাটা নোটও নির্দিষ্ট শর্ত পূরণ করলে ‘দাবিযোগ্য’ নোট হিসেবে বিবেচিত হতে পারে।

বাংলাদেশ ব্যাংকের নোট প্রত্যর্পণ প্রবিধান ২০২৫ অনুযায়ী, ক্ষতিগ্রস্ত নোটের খণ্ড বা অংশের সত্যতা ও অবস্থা যাচাই করে বিনিময়মূল্য নির্ধারণ করা হয়। এ জন্য সরাসরি বাংলাদেশ ব্যাংকের কার্যালয় অথবা যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় আবেদন করা যাবে।

নিয়ম অনুযায়ী, নোটের ৯০ শতাংশের বেশি অংশ অক্ষত থাকলে মূল্যমানের ১০০ শতাংশ ফেরত পাওয়া যেতে পারে। ৭৫ থেকে ৯০ শতাংশ অংশ থাকলে পাওয়া যাবে ৭৫ শতাংশ এবং ৫১ থেকে ৭৫ শতাংশ অংশ থাকলে পাওয়া যাবে ৫০ শতাংশ মূল্য।

একাধিক খণ্ডে বিভক্ত নোটের ক্ষেত্রেও বিনিময়ের সুযোগ রয়েছে। নোটের দুই পাশের নম্বর অক্ষত থাকা এবং নম্বরযুক্ত খণ্ডগুলোর সম্মিলিত আয়তন অন্তত ৬০ শতাংশ থাকলে মূল্যমানের ৫০ শতাংশ পর্যন্ত পাওয়ার সুযোগ রয়েছে।

তবে নোটের অক্ষত অংশ ৫১ শতাংশের কম হলে দাবি প্রত্যাখ্যান হতে পারে। একইভাবে ইচ্ছাকৃতভাবে কাটা, ছেঁড়া বা ছিদ্র করা নোট, জাল বা বিকৃত নোটের দাবি গ্রহণ করা হবে না।

ক্ষতিগ্রস্ত নোটের দাবি উপস্থাপনের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নোটের সত্যতা ও অবস্থা যাচাই করবে। প্রয়োজনে বিশেষজ্ঞ মতামতের জন্য নোট সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পাঠানো হতে পারে। নিয়ম অনুযায়ী, দাবি নিষ্পত্তির জন্য নির্ধারিত সময়সীমাও রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত নোট নিয়ে রংপুর বা বগুড়ায় কেন্দ্রীয় ব্যাংকের কার্যালয়ে যোগাযোগ করা যেতে পারে। পাশাপাশি কাছের যেকোনো ব্যাংক শাখা, বিশেষ করে সোনালী ব্যাংক বা কৃষি ব্যাংকের শাখা থেকেও প্রয়োজনীয় পরামর্শ নেওয়া যাবে।

তবে কেন্দ্রীয় ব্যাংকের পরামর্শ হলো, বড় অঙ্কের নগদ অর্থ বাড়িতে না রেখে নিরাপদে ব্যাংকে সংরক্ষণ করা। এতে ইঁদুর, উইপোকা, আগুন বা অন্য কোনো কারণে টাকা নষ্ট হওয়ার ঝুঁকি কমে।