পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সঙ্গে অ-তালিকাভুক্ত ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একীভূতকরণে (মার্জার) অনুমোদন দিয়েছে হাইকোর্ট।
বুধবার (১২ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে প্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্যে (পিএসআই) এ তথ্য জানিয়েছে ওয়ালটন হাই-টেক।
কোম্পানির তথ্য অনুযায়ী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের কোম্পানি ম্যাটার নম্বর-৩১৮/২০২৬ মামলায় গত ২৯ জুলাই দেওয়া রায় ও আদেশ ১১ আগস্ট কোম্পানির হাতে পৌঁছেছে। ওই আদেশে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজকে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের সঙ্গে একীভূত করার স্কিম অনুমোদন করা হয়।
এর আগে গত ১২ এপ্রিল মার্জার পরিকল্পনার বিষয়ে ঘোষণা দিয়েছিল ওয়ালটন। পরবর্তী সময়ে কোম্পানির পরিচালনা পর্ষদ ও শেয়ারহোল্ডাররা এ পরিকল্পনা অনুমোদন করেন। একই সঙ্গে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকেও অনাপত্তিপত্র (এনওসি) পাওয়া যায়।
কোম্পানির ভাষ্য, হাইকোর্টের অনুমোদনের ফলে কৌশলগত করপোরেট পুনর্গঠনের গুরুত্বপূর্ণ একটি ধাপ সম্পন্ন হয়েছে। এখন একীভূতকরণ প্রক্রিয়া বাস্তবায়নের পথ আরও সহজ হলো।
























