ভবিষ্যতে ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে নারায়ণগঞ্জের আড়াইহাজারে ১০২ শতাংশ জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ পিএলসি।
কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিএসইর প্রকাশিত তথ্যমতে, আড়াইহাজার থানার ব্রাহ্মন্দী-৩৭ মৌজায় জমিটি কেনা হবে। এর জন্য কোম্পানিকে ব্যয় করতে হবে ২ কোটি ২৯ লাখ ৫০ হাজার টাকা।
জামান মিয়া, মো. মনিরুজ্জামান ভূঁইয়া ও অন্য মালিকদের কাছ থেকে জমিটি কোম্পানির নামে নিবন্ধন করা হবে। ভবিষ্যতে ব্যবসা সম্প্রসারণে প্রয়োজনীয় স্থাপনা নির্মাণে জমিটি ব্যবহার করা হবে। জমি নিবন্ধনের ভ্যাট, কর ও অন্যান্য আনুষঙ্গিক ব্যয়ও কোম্পানিই বহন করবে।
এর আগে চলতি বছর নারায়ণগঞ্জের বন্দর থানার মদনপুরে ১৯ শতাংশের বেশি জমি কিনেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। ওই জমির ক্রয়মূল্য ছিল প্রায় ৫৮ লাখ টাকা।
জমি কেনার ঘোষণার পর মঙ্গলবার ডিএসইতে কোম্পানিটির শেয়ারে ইতিবাচক প্রবণতা দেখা গেছে। লেনদেনে শেয়ারের সর্বোচ্চ দাম উঠেছে ১৫৪ টাকা এবং সর্বনিম্ন ছিল ১৫২ টাকা ৯০ পয়সা।
অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ১৯৮৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। বিস্কুট, কনফেকশনারি ও ব্যাটারি ব্যবসায় দেশের অন্যতম পরিচিত প্রতিষ্ঠানটির এনার্জি, নাটি, টিপ ও লেক্সাসসহ বিভিন্ন ব্র্যান্ডের পণ্য রয়েছে।
২০২৫ সালের প্রথম নয় মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ৪১ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১০ টাকা ৬ পয়সা।
কোম্পানিটি ২০২৫ সালে ৩০ শতাংশ, ২০২৪ সালে ১০ শতাংশ এবং ২০২৩ সালে ৬০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
অলিম্পিক ইন্ডাস্ট্রিজের মোট শেয়ার প্রায় ২০ কোটি। এর মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে ৩৭ দশমিক ৩৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ২২ দশমিক ৮৫ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে ২৭ দশমিক ৫১ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ১২ দশমিক ২৬ শতাংশ শেয়ার রয়েছে।
























