ঢাকা   সোমবার ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩

দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ, তাই লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রীর ব্যাখ্যা

জাতীয়

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২২:২০, ২৮ জুন ২০২৬

দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ, তাই লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রীর ব্যাখ্যা

দেশের দুটি বিদ্যুৎকেন্দ্র কারিগরি কারণে বন্ধ হয়ে যাওয়ায় প্রায় ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় সঞ্চালন ব্যবস্থা থেকে কমে গেছে। এ কারণেই দেশের বিভিন্ন অঞ্চলের পাশাপাশি ঢাকাতেও লোডশেডিং দিতে হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

রোববার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে মন্ত্রী বলেন, এটি একটি জাতীয় সংকট। সংকট মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, আগামী দুই দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে এবং লোডশেডিংয়ের মাত্রাও কমে আসবে।

বিদ্যুৎমন্ত্রী জানান, একটি বিদ্যুৎকেন্দ্রের বয়লারের টিউবে লিকেজ দেখা দেওয়ায় নিরাপত্তার স্বার্থে উৎপাদন বন্ধ রাখতে হয়েছে। অন্যদিকে, বঙ্গোপসাগর উত্তাল থাকায় কয়লা খালাস করা সম্ভব না হওয়ায় আরেকটি বিদ্যুৎকেন্দ্রেও বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে।

তবে বিবৃতিতে কোন দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ রয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো নাম উল্লেখ করেননি বিদ্যুৎমন্ত্রী।