ঢাকা   বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩

চাঁদ দেখা যায়নি, বদলে গেল হিসাব—২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী

ধর্ম

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ২০:২৫, ১৩ আগস্ট ২০২৬

সর্বশেষ

চাঁদ দেখা যায়নি, বদলে গেল হিসাব—২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী

চাঁদ দেখা নিয়ে ছিল অপেক্ষা, আর সেই অপেক্ষার অবসান হলো জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তে। বাংলাদেশের আকাশে পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামী ১৫ আগস্ট থেকে শুরু হবে ১৪৪৮ হিজরি সনের রবিউল আউয়াল মাস। সেই হিসাব অনুযায়ী আগামী ২৬ আগস্ট, বুধবার দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ। দেশের বিভিন্ন জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয় ও বিভাগীয়-জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে পাওয়া তথ্য সভায় পর্যালোচনা করা হয়।

কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, শুক্রবার (১৪ আগস্ট) পবিত্র সফর মাস ৩০ দিন পূর্ণ হবে। এরপর শনিবার (১৫ আগস্ট) থেকে শুরু হবে পবিত্র রবিউল আউয়াল মাস। এ মাসের ১২ তারিখ অনুযায়ী বুধবার (২৬ আগস্ট) দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে।

সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী নদভী, প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক ড. মু. মাহবুবুর রহমান, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম, স্পারসোর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ শহিদুল ইসলামসহ জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ