গাড়ি কিনতে ক্রেতাকে আর ছুটতে হবে না এক শোরুম থেকে আরেক শোরুমে—এক জায়গাতেই মিলবে নতুন, রিকন্ডিশন্ড ও ব্যবহৃত গাড়ি-মোটরসাইকেলের নানা বিকল্প। ক্রেতা-বিক্রেতার এই দূরত্ব কমাতে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হচ্ছে নতুন আয়োজন ‘সুপার সেল কার বাজার’। আগামী ৪ সেপ্টেম্বর থেকে প্রতি শুক্রবার বসবে এ বাজার, যেখানে গাড়ির পাশাপাশি থাকছে অর্থায়ন ও অটোমোবাইল-সংশ্লিষ্ট বিভিন্ন সেবার সুযোগ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) আইসিসিবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আয়োজকরা এসব তথ্য জানান।
আয়োজকদের ভাষ্য, দেশের অটোমোবাইল খাত দ্রুত সম্প্রসারিত হলেও ক্রেতা-বিক্রেতাদের জন্য নিয়মিত, সুশৃঙ্খল ও নির্ভরযোগ্য একটি মার্কেটপ্লেসের প্রয়োজন রয়েছে। সেই চাহিদা পূরণে ‘সুপার সেল কার বাজার’ আয়োজন করা হচ্ছে। এতে শীর্ষস্থানীয় গাড়ি ও মোটরসাইকেল ব্র্যান্ড, ডিলার, আর্থিক প্রতিষ্ঠান এবং অটোমোবাইল-সংশ্লিষ্ট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে একই প্ল্যাটফর্মে আনা হবে।
এ আয়োজনের মাধ্যমে ক্রেতারা এক জায়গায় বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের যানবাহন সম্পর্কে জানতে ও তুলনা করতে পারবেন। পাশাপাশি নতুন, রিকন্ডিশন্ড ও ব্যবহৃত গাড়ি-মোটরসাইকেল কেনাবেচার পাশাপাশি বিভিন্ন আর্থিক সুবিধা ও সংশ্লিষ্ট সেবা সম্পর্কে জানার সুযোগ থাকবে।
অন্যদিকে বিক্রেতারাও সরাসরি সম্ভাব্য ক্রেতাদের কাছে পৌঁছানোর সুযোগ পাবেন। ফলে ক্রেতা ও বিক্রেতার মধ্যে সরাসরি যোগাযোগ বাড়ার পাশাপাশি অটোমোবাইল ব্যবসা ও সংশ্লিষ্ট সেবার পরিধি আরও বিস্তৃত হওয়ার সম্ভাবনা রয়েছে।
বক্তারা বলেন, দেশে গাড়ি ও মোটরসাইকেলের চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে একটি আধুনিক ও নিয়মিত মার্কেটপ্লেসের প্রয়োজনীয়তাও তৈরি হয়েছে। ‘সুপার সেল কার বাজার’ সেই প্রয়োজন পূরণে সময়োপযোগী উদ্যোগ। অটোমোবাইল বিশেষজ্ঞ ও বিভিন্ন কার-বাইক কমিউনিটির প্রতিনিধিরাও উদ্যোগটিকে দেশের অটোমোবাইল ইকোসিস্টেমের জন্য সম্ভাবনাময় হিসেবে উল্লেখ করেন।
আয়োজকরা জানান, ‘সুপার সেল কার বাজার’ আয়োজন করছে উইজার্ড শোবিজ এবং ভেন্যু পার্টনার হিসেবে রয়েছে আইসিসিবি। প্রতি শুক্রবারের আয়োজনে বিভিন্ন ব্র্যান্ড, ডিলারশিপ, আর্থিক প্রতিষ্ঠান ও অটোমোবাইল-সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অংশ নেবে। পাশাপাশি ব্যক্তি মালিকানাধীন নতুন, রিকন্ডিশন্ড ও ব্যবহৃত গাড়ি এবং মোটরসাইকেলও বিশেষ ছাড়ে কেনাবেচার সুযোগ থাকবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বারভিডার মহাসচিব রিয়াজ রহমান, ফেয়ার গ্রুপের হেড অব গ্রুপ মার্কেটিং তাসলিম কবির, বিওয়াইডি বাংলাদেশের হেড অব ক্যাটাগরি ডেভেলপমেন্ট অ্যান্ড মার্কেটিং ইমতিয়াজ নওশের, ট্রাস্ট ব্যাংক পিএলসির ভাইস প্রেসিডেন্ট ও হেড অব রিটেইল ব্যাংকিং ডিভিশন মো. ওয়াহেদ ইবনে শাহেদ, চেরি বাংলাদেশের হেড অব সেলস আবু নাসের মাহমুদ, উইজার্ড শোবিজের চেয়ারম্যান মো. ফয়েজ উল্লাহ, সিইও আরিফুজ্জামান রাসেল এবং আইসিসিবির প্রধান পরিচালন কর্মকর্তা এম এম জসীম উদ্দীনসহ অটোমোবাইল খাতের বিশিষ্ট ব্যক্তিরা।
এ ছাড়া আয়োজক প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন গাড়ি ও মোটরসাইকেল কমিউনিটির প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অংশীজনরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
























