ঢাকা   সোমবার ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

কোরবানির মাংস কাটার পর হাতে গন্ধ? দূর করবেন যেভাবে

জীবনযাপন

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ২০:০৪, ২৫ মে ২০২৬

কোরবানির মাংস কাটার পর হাতে গন্ধ? দূর করবেন যেভাবে

ঈদুল আজহায় কোরবানির মাংস কাটা, ধোয়া ও ভাগাভাগির ব্যস্ততার মধ্যে হাতে কাঁচা মাংসের গন্ধ লেগে থাকা খুবই সাধারণ একটি সমস্যা। অনেকেই দেখেন, বারবার সাবান দিয়ে হাত ধোয়ার পরও সেই গন্ধ পুরোপুরি দূর হয় না। মূলত মাংসের চর্বি, প্রোটিন এবং সালফারজাতীয় কিছু উপাদান ত্বকের সঙ্গে লেগে থেকে যায়। ফলে দীর্ঘ সময় হাতে অস্বস্তিকর গন্ধ অনুভূত হয়। তবে চিন্তার কিছু নেই—ঘরে থাকা কয়েকটি সহজ উপকরণ ব্যবহার করেই দ্রুত এ সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

সবচেয়ে সহজ উপায়গুলোর একটি হলো সাদা টুথপেস্ট ব্যবহার করা। হাতে সামান্য টুথপেস্ট নিয়ে ভালোভাবে ঘষে কয়েক মিনিট পর ধুয়ে ফেলুন। টুথপেস্টে থাকা বেকিং সোডা ও হালকা ঘর্ষণকারী উপাদান হাতে লেগে থাকা চর্বি ও দুর্গন্ধ দূর করতে সহায়তা করে।

স্টেইনলেস স্টিলও অনেকের কাছে কার্যকর একটি সমাধান হিসেবে পরিচিত। রান্নাঘরের স্টিলের কল, সিঙ্ক বা স্টেইনলেস স্টিলের চামচ ঠান্ডা পানির নিচে রেখে হাত ঘষতে পারেন। ধারণা করা হয়, এটি গন্ধের জন্য দায়ী কিছু যৌগকে ত্বক থেকে আলাদা করতে সাহায্য করে।

এ ছাড়া এক টেবিল চামচ বেকিং সোডার সঙ্গে সামান্য লেবুর রস বা পানি মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। এরপর হাতে আলতোভাবে ঘষে ধুয়ে ফেলুন। বেকিং সোডা ও লেবুর এই মিশ্রণ হাতে থাকা অতিরিক্ত তেল, ব্যাকটেরিয়া ও দুর্গন্ধ কমাতে বেশ কার্যকর।

কফি পছন্দ করেন? তাহলে ব্যবহৃত বা তাজা কফির গুঁড়াও কাজে লাগাতে পারেন। হাতে কিছুক্ষণ কফির গুঁড়া ঘষে ধুয়ে ফেললে গন্ধ অনেকটাই কমে যায়। পাশাপাশি হাতে কফির হালকা সুগন্ধও থেকে যায়।

আরেকটি সহজ উপায় হলো ভিনেগার ব্যবহার। সমপরিমাণ সাদা ভিনেগার ও পানি মিশিয়ে তাতে কয়েক মিনিট হাত ভিজিয়ে রাখুন। এরপর সাবান দিয়ে আবার হাত ধুয়ে ফেলুন। ভিনেগারের অম্লীয় উপাদান দুর্গন্ধ দূর করতে সাহায্য করে।

বিশেষজ্ঞদের মতে, কোরবানির মাংস ধোয়া বা কাটার পর হাত পরিষ্কারের সময় গরম পানির বদলে ঠান্ডা পানি ব্যবহার করাই ভালো। কারণ গরম পানি ত্বকের রন্ধ্র খুলে দেয়, ফলে গন্ধ আরও গভীরে আটকে যেতে পারে। আর শুরু থেকেই সতর্ক থাকতে চাইলে কাঁচা মাংস ধরার সময় ফুড-সেফ গ্লাভস ব্যবহার করা যেতে পারে। এতে হাতে গন্ধ লাগার ঝামেলাও অনেকটাই কমে যাবে।