খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে নতুন করে কর আদায়ের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এখন থেকে খুচরা বিক্রেতাদের কাছে পণ্য সরবরাহের সময় প্রতি হাজারে ২ টাকা হারে অগ্রিম কর আদায় করা হবে। এ কর আদায় নিশ্চিত করতে বিশেষ অ্যাপ তৈরি করছে সংস্থাটি। আগামী জানুয়ারি থেকে অ্যাপটি ব্যবহারের পরিকল্পনা রয়েছে।
এনবিআরের এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের প্রায় ৭০ লাখ খুচরা বিক্রেতা নতুন করে করের আওতায় আসবেন। তবে নতুন এই করের বোঝা শেষ পর্যন্ত ভোক্তাদের ওপর পড়তে পারে বলে আশঙ্কা করছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। তাঁদের মতে, এমনিতেই সীমিত মুনাফায় ব্যবসা চালাতে হচ্ছে। এর মধ্যে নতুন কর যুক্ত হলে পণ্যের দাম বাড়ানো ছাড়া বিকল্প থাকবে না।
যেভাবে আদায় হবে প্রতি হাজারে ২ টাকা
প্রাথমিকভাবে বড় উৎপাদনকারী প্রতিষ্ঠানের পরিবেশকদের মাধ্যমে নতুন এই কর আদায় কার্যক্রম শুরু করতে চায় এনবিআর। এ জন্য বিশেষ একটি অ্যাপ তৈরি করছে সংস্থাটির তথ্যপ্রযুক্তি শাখা।
অ্যাপের মাধ্যমে পরিবেশকেরা খুচরা বিক্রেতাদের কাছে পণ্য বিক্রির হিসাব সংরক্ষণ করবেন এবং স্বয়ংক্রিয়ভাবে ই-ইনভয়েস তৈরি করতে পারবেন। মাস শেষে মোট বিক্রির হিসাব অনুযায়ী প্রতি হাজারে ২ টাকা হারে অগ্রিম কর সরকারি কোষাগারে জমা দেবেন তাঁরা। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেও কর পরিশোধের ব্যবস্থা রাখা হচ্ছে।
এই কর মূলত খুচরা বিক্রেতার অগ্রিম আয়কর। পরিবেশকেরা তা সংগ্রহ করে সরকারি কোষাগারে জমা দেবেন। প্রাথমিক পর্যায়ে পরিবেশকদের জন্য অ্যাপ চালু হলেও পরে পর্যায়ক্রমে সব পাইকারি বিক্রেতার জন্য এটি বাধ্যতামূলক করার পরিকল্পনা রয়েছে।
অ্যাপের ব্যবহার ও বাস্তবায়ন পদ্ধতি চূড়ান্ত করতে শিগগিরই বড় বড় প্রতিষ্ঠানের বিক্রয় বিভাগের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসবে এনবিআর।
এ বিষয়ে এনবিআরের আয়কর বিভাগের একজন শীর্ষ কর্মকর্তা জানান, অ্যাপের মাধ্যমে কর আদায়ের বিষয়টি নিশ্চিত করবেন পরিবেশকেরা। তাই ব্যবসায়িক প্রতিনিধিদের মতামত নিয়েই অ্যাপের কার্যপদ্ধতি চূড়ান্ত করা হবে। কারণ, ব্যবসায়ীরা ব্যবহার না করলে এই ব্যবস্থার মাধ্যমে কর আদায় নিশ্চিত করা সম্ভব হবে না।
কর আদায়ের আওতায় আসবেন ৭০ লাখ ব্যবসায়ী
বাংলাদেশ দোকান মালিক সমিতির হিসাবে, দেশে প্রায় ৭০ লাখ খুচরা বিক্রেতা রয়েছেন। নতুন এই ব্যবস্থা কার্যকর হলে তাঁদের কাছ থেকে পণ্য সরবরাহের পর্যায়েই অগ্রিম কর সংগ্রহ করা হবে।
মূলত রাজস্ব আদায় বাড়ানোর লক্ষ্যেই নতুন এই উদ্যোগ নিয়েছে এনবিআর। চলতি অর্থবছরের প্রথম তিন মাসে সংস্থাটির রাজস্ব আদায়ে ঘাটতি দাঁড়িয়েছে ৪১ হাজার ৮৭৯ কোটি টাকা। এমন পরিস্থিতিতে করের আওতা সম্প্রসারণ ও রাজস্ব আদায় বাড়াতে খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে অগ্রিম কর সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।
আইনে কী আছে, ব্যবসায়ীদের শঙ্কা কোথায়?
২০২৬ সালের অর্থ আইনে উৎপাদনকারী, আমদানিকারক, সরবরাহকারী, পরিবেশক ও আড়তদারদের কাছ থেকে খুচরা বিক্রেতাদের কাছে পণ্য বিক্রির সময় চালান বা বিক্রয়মূল্যের ওপর শূন্য দশমিক ২ শতাংশ হারে অগ্রিম কর সংগ্রহ বা কর্তনের বিধান রাখা হয়েছে। অর্থাৎ প্রতি হাজার টাকার পণ্য সরবরাহে ২ টাকা কর দিতে হবে।
তবে এই অর্থ চূড়ান্ত কর নয়। এটি সমন্বয়যোগ্য অগ্রিম আয়কর হিসেবে গণ্য হবে। বছর শেষে আয়কর রিটার্ন দাখিলের সময় খুচরা ব্যবসায়ীরা তাঁদের মোট প্রদেয় আয়করের সঙ্গে আগে পরিশোধিত এই অর্থ সমন্বয় করতে পারবেন।
কিন্তু বাস্তবে এই করের প্রভাব নিয়ে উদ্বিগ্ন ক্ষুদ্র ব্যবসায়ীরা। তাঁদের বক্তব্য, ব্যবসায় মুনাফার পরিমাণ এমনিতেই কম। এর মধ্যে বিক্রির ওপর অগ্রিম কর দিতে হলে ব্যবসার খরচ ও পণ্যের দাম—দুটিই বাড়তে পারে।
রাজধানীর ক্ষুদ্র ব্যবসায়ী সাকিব মিয়ার উদাহরণেই বিষয়টি স্পষ্ট। তিনি মাসে ২৫ লাখ টাকার বেশি চাল-ডালসহ বিভিন্ন নিত্যপণ্য বিক্রি করেন। তাঁর ভাষ্য, প্রতি হাজার টাকায় তাঁদের মুনাফা থাকে প্রায় ২০ টাকা। এই অর্থ থেকেই দোকানভাড়াসহ অন্যান্য খরচ মেটাতে হয়।
সাকিব মিয়া বলেন, ‘হাজারে আমরা ২০ টাকার মতো মুনাফা করি; এর মধ্যে দোকানভাড়াসহ যাবতীয় খরচ জোগাড় করতে হয়। তার ওপর দুই টাকা কর দিতে হলে ভোক্তাদের ওপর প্রভাব পড়বে। আমাদের তখন দুই টাকা বেশি দামে পণ্য বিক্রি করতে হবে।’
ফলে এনবিআরের নতুন এই কর আদায় ব্যবস্থা একদিকে রাজস্বের আওতা বাড়ানোর উদ্যোগ হলেও অন্যদিকে ক্ষুদ্র ব্যবসায়ী ও ভোক্তাদের ওপর এর সম্ভাব্য প্রভাব নিয়ে তৈরি হয়েছে নতুন আলোচনা।
























