দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোর শীর্ষ তিন পদে নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতার মানদণ্ড নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও), প্রধান তথ্যপ্রযুক্তি কর্মকর্তা (সিটিও) এবং কোম্পানি সচিব পদে নিয়োগ পেতে হলে কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত যোগ্যতা পূরণ করতে হবে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) এ-সংক্রান্ত নির্দেশনা জারি করে দেশের সব আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।
নির্দেশনায় বলা হয়েছে, এসব পদে নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতার পাশাপাশি ব্যক্তিগত সততা এবং আর্থিক অবস্থাও বিবেচনায় নিতে হবে। ফৌজদারি অপরাধ, অর্থ পাচার, দুর্নীতি, জালিয়াতি কিংবা নৈতিক স্খলনের কারণে দণ্ডিত কোনো ব্যক্তিকে এসব পদে নিয়োগ দেওয়া যাবে না।
এ ছাড়া নিয়ন্ত্রক সংস্থার আইন ও বিধিবিধান লঙ্ঘনের কারণে শাস্তিপ্রাপ্ত, আর্থিক প্রতিষ্ঠানে দায়িত্ব পালনকালে অবৈধ কর্মকাণ্ডে জড়িত, আদালত কর্তৃক দেউলিয়া বা ঋণখেলাপি ঘোষিত ব্যক্তিরাও এসব পদের জন্য অযোগ্য বিবেচিত হবেন। সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তার কোনো স্বার্থসংশ্লিষ্ট ব্যবসায়িক সম্পর্কও থাকা যাবে না।
এর আগে ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য, এমডি, সিইও, উপদেষ্টা ও পরামর্শক নিয়োগের যোগ্যতা ও মানদণ্ড নির্ধারণ করেছিল বাংলাদেশ ব্যাংক। সেই ধারাবাহিকতায় এবার আর্থিক প্রতিষ্ঠানের সিএফও, সিটিও ও কোম্পানি সচিব নিয়োগের ক্ষেত্রেও নির্দিষ্ট মানদণ্ড বেঁধে দেওয়া হলো।
সিএফও হতে লাগবে ৮ থেকে ১০ বছরের অভিজ্ঞতা
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, আর্থিক প্রতিষ্ঠানের ঋণ বা বিনিয়োগের পরিমাণের ভিত্তিতে সিএফও নিয়োগের অভিজ্ঞতার মেয়াদ নির্ধারণ করা হয়েছে।
যেসব আর্থিক প্রতিষ্ঠানের ঋণ বা বিনিয়োগের পরিমাণ ১ হাজার কোটি টাকার বেশি, সেসব প্রতিষ্ঠানে সিএফও হতে হলে সংশ্লিষ্ট কর্মকর্তার কমপক্ষে ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে অন্তত ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে হিসাবায়ন ও করসংক্রান্ত কার্যক্রমে।
অন্যদিকে, ঋণ বা বিনিয়োগের পরিমাণ ১ হাজার কোটি টাকার কম হলে সিএফও পদে নিয়োগের জন্য ন্যূনতম ৮ বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে। এ ক্ষেত্রেও হিসাবায়ন ও করসংক্রান্ত কাজে অন্তত ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্স বা হিসাববিজ্ঞানে এমবিএ, ব্যাংক ব্যবস্থাপনায় এমবিএম কিংবা ফাইন্যান্স, হিসাববিজ্ঞান ও ব্যাংকিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ), কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (সিএমএ) ও চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট (সিএফএ) ডিগ্রিধারীদের অগ্রাধিকার দিতে বলা হয়েছে।
সিটিও হতে লাগবে তথ্যপ্রযুক্তি খাতে ৮ বছরের অভিজ্ঞতা
প্রধান তথ্যপ্রযুক্তি কর্মকর্তা বা সিটিও পদে নিয়োগের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তার তথ্যপ্রযুক্তি খাতে কমপক্ষে ৮ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে আর্থিক প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থাকতে হবে অন্তত ৫ বছর।
শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে তথ্যপ্রযুক্তি, কম্পিউটারবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, ফলিত পদার্থবিজ্ঞান, গণিত, পরিসংখ্যান কিংবা ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি উচ্চতর শিক্ষাগত যোগ্যতাও প্রয়োজন হবে।
এ পদে নিয়োগের ক্ষেত্রে তথ্যপ্রযুক্তি ও কম্পিউটারবিজ্ঞানে পেশাগত ডিগ্রিধারীদের অগ্রাধিকার দিতে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
কোম্পানি সচিব হতে লাগবে ৮ বছরের অভিজ্ঞতা
কোম্পানি সচিব পদে নিয়োগের জন্য আর্থিক প্রতিষ্ঠানে কমপক্ষে ৮ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে বোর্ড সেক্রেটারিয়েট বা কমপ্লায়েন্স কার্যক্রমে অন্তত ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বিকল্প হিসেবে তালিকাভুক্ত কোম্পানির কোম্পানি সচিব বা সমপর্যায়ের পদে ৩ বছরের অভিজ্ঞতাও গ্রহণযোগ্য হবে।
শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) স্বীকৃত চার্টার্ড সেক্রেটারি ডিগ্রির পাশাপাশি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সিএফও, সিটিও ও কোম্পানি সচিব নিয়োগ বা পদায়নের ক্ষেত্রে নির্ধারিত যোগ্যতা ও মানদণ্ড অনুসরণ করতে হবে। তবে এসব পদে নিয়োগ বা পদায়নের জন্য কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমোদন নেওয়ার প্রয়োজন হবে না।
























