আন্তর্জাতিক বাজারদরের তুলনায় কম দামে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে সিঙ্গাপুরভিত্তিক বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের কাছ থেকে পাঁচ কার্গো এলএনজি কেনার অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি প্রয়োজনে অতিরিক্ত কার্গো কেনার সুযোগ রাখা হয়েছে। এ ছাড়া কাতার এনার্জি ট্রেডিং এলএলসির কাছ থেকে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় আরও এক কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাপানের জেরা গ্লোবাল মার্কেটস প্রাইভেট লিমিটেডের কাছ থেকেও এলএনজি কেনার উদ্যোগ নিয়েছে সরকার।
শনিবার (২৪ অক্টোবর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির পৃথক বৈঠকে এসব প্রস্তাব অনুমোদন করা হয়। রোববার (২৫ অক্টোবর) অর্থ মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
বিপি সিঙ্গাপুরের কাছ থেকে পাঁচ কার্গো এলএনজি
সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে সরাসরি ক্রয় পদ্ধতিতে বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের কাছ থেকে পাঁচ কার্গো এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। নির্ধারিত মূল্য অনুযায়ী, প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) এলএনজির দাম জাপান-কোরিয়া মার্কার (জেকেএম) বাজারদরের তুলনায় শূন্য দশমিক ১৭ মার্কিন ডলার কম হবে।
এ ছাড়া, প্রয়োজনে উভয় পক্ষের সম্মতিতে অতিরিক্ত কার্গো কেনার সুযোগ রাখা হয়েছে। সরকারি ক্রয় আইন, ২০০৬-এর ৬৮ ধারা এবং সরকারি ক্রয় বিধিমালা, ২০২৫-এর ৯৯-এর ২ বিধি অনুসরণ করে সরাসরি ক্রয় পদ্ধতিতে এ গ্যাস কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কাতার থেকে আসছে আরও এক কার্গো
একই বৈঠকে সরকার-টু-সরকার ভিত্তিতে কাতার এনার্জি ট্রেডিং এলএলসির কাছ থেকে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় আরও এক কার্গো এলএনজি কেনার প্রস্তাব অনুমোদিত হয়।
আগামী ২০ ডিসেম্বর সরবরাহের জন্য নির্ধারিত এ কার্গোর প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট গ্যাসের দাম জাপান-কোরিয়া বাজারদরের তুলনায় শূন্য দশমিক ১০ মার্কিন ডলার কম নির্ধারণ করা হয়েছে।
জেরা গ্লোবাল মার্কেটস থেকেও এলএনজি কেনার উদ্যোগ
অন্যদিকে, অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে জাপানের জেরা গ্লোবাল মার্কেটস প্রাইভেট লিমিটেডের কাছ থেকে এলএনজি কেনার প্রস্তাব উপস্থাপন করা হয়। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে এলএনজি কেনার কথা বলা হয়েছে।
এ ক্ষেত্রে সরকারি ক্রয় আইন, ২০০৬-এর ৬৮ ধারা এবং সরকারি ক্রয় বিধিমালা, ২০২৫-এর ৯৯-এর ২ বিধি অনুসরণের প্রস্তাব করা হয়।
এ ছাড়া, বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) এবং জেরা গ্লোবাল মার্কেটসের মধ্যে চূড়ান্ত করা স্বল্পমেয়াদি এলএনজি বিক্রয় ও ক্রয় চুক্তি এবং শর্তপত্রের নির্ধারিত নমুনায় স্বাক্ষরের বিষয়ে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
সরকারের এ উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক বাজারদরের তুলনায় কম দামে এলএনজি আমদানির সুযোগ তৈরি হতে পারে। তবে আমদানির মোট ব্যয়, সরবরাহের পরিমাণ এবং দেশের জ্বালানি খাতে এর আর্থিক প্রভাব নির্ভর করবে চূড়ান্ত চুক্তির শর্ত ও বাস্তবায়নের ওপর।
























