ঢাকা   রোববার ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

৯৯৯ টাকা দেনমোহরে বিয়ে করলেন অভিনেতা সুজাত শিমুল

বিনোদন

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২১:৫০, ২৫ অক্টোবর ২০২৬

সর্বশেষ

৯৯৯ টাকা দেনমোহরে বিয়ে করলেন অভিনেতা সুজাত শিমুল

মঞ্চ ও টেলিভিশনের অভিনয়শিল্পী সুজাত শিমুল বিয়ে করেছেন। তাঁর স্ত্রী জান্নাতুন নেছা থিয়েটার ও আবৃত্তিকর্মী। গত শনিবার সন্ধ্যায় রাজধানীর মিরপুরের একটি রেস্তোরাঁয় তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এতে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন। তবে বিয়ের খবর ছাপিয়ে আলোচনায় এসেছে তাঁদের দেনমোহরের পরিমাণ—মাত্র ৯৯৯ টাকা।

কেন দেনমোহর হিসেবে ৯৯৯ টাকা বেছে নিলেন তাঁরা? এর পেছনে রয়েছে নিজেদের জীবনদর্শন, বিশেষ ভাবনা এবং বিয়েকে দেখার ভিন্ন দৃষ্টিভঙ্গি।

সুজাত শিমুল জানান, বিয়ের সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই তাঁরা চেয়েছিলেন দেনমোহরের অঙ্কটি হবে ব্যতিক্রমী এবং তাঁদের দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পর্কিত। সেই ভাবনা থেকেই বেছে নেন ৯৯৯ সংখ্যাটি।

তিনি বলেন, “আমরা যখন বিয়ে করার সিদ্ধান্ত নিই, তখন ভাবছিলাম, কাবিনটা হবে একটা ইউনিক নম্বর, যেটি আমাদের দৈনন্দিন জীবনে খুবই প্রয়োজনীয়। আমরা বিয়েকে জীবনের খুব প্রয়োজনীয় একটি অংশ মনে করি। বিয়ের মধ্য দিয়ে জীবনের নতুন একটি অধ্যায় শুরু হয়, একধরনের পরিপূর্ণতা আসে। সেই প্রয়োজনীয়তার জায়গা থেকেই আমাদের দৈনন্দিন জীবনে বিপদ-আপদে যে ৯৯৯ নম্বরে ফোন করি, সেখান থেকেই ট্রিপল নাইন-এর ধারণাটা আসে।”

৯৯৯ সংখ্যার পেছনে যে ভাবনা

সুজাত শিমুলের কাছে ৯৯৯ সংখ্যাটির অর্থ শুধু জরুরি সেবার নম্বরের সঙ্গে সম্পর্কিত নয়; এর মধ্যে তিনি খুঁজে পেয়েছেন জীবনের অপূর্ণতার প্রতীকও।

তাঁর ভাষায়, “৯৯৯ পাশাপাশি থাকলেও সংখ্যাটির পরের ঘরে একটি শূন্যস্থান রয়ে যায়। এটি মানুষের জীবনের অপূর্ণতার প্রতীক। মানুষের জীবন কখনোই পুরোপুরি পরিপূর্ণ হয় না; কোথাও না কোথাও কিছুটা ঘাটতি থেকেই যায়। এসব কারণে আমরা ট্রিপল নাইন, অর্থাৎ ৯৯৯ বেছে নিয়েছি।”

এই সংখ্যার সঙ্গে পারিবারিক একটি যোগসূত্রও রয়েছে। অভিনেতা জানান, তাঁর শ্বশুর পুলিশে কর্মরত ছিলেন। ফলে জরুরি সেবা নম্বর ৯৯৯-এর সঙ্গে তাঁদের ব্যক্তিগত স্মৃতির সম্পর্কও রয়েছে।

দেনমোহর নিয়ে দিতে চেয়েছেন ভিন্ন বার্তা

দেনমোহরের অঙ্ক নির্ধারণের পেছনে সামাজিক দৃষ্টিভঙ্গিও কাজ করেছে বলে জানান সুজাত শিমুল। তাঁর মতে, বিয়েতে দেনমোহরের পরিমাণ নিয়ে বড় অঙ্কের আলোচনা কখনো কখনো সম্পর্কের আস্থা ও পারস্পরিক বোঝাপড়ার জায়গাটিকে আড়াল করে দেয়।

তিনি বলেন, “সবচেয়ে বড় যে বার্তা দিতে চেয়েছি, আমরা বিয়েতে কাবিন করতে গিয়ে এত লাখ টাকা, এত লাখ টাকা—এর মধ্যে যেন মনে হয়, একটা বিনিময় কিংবা আস্থা-অনাস্থার বিষয় সামাজিকভাবে হয়ে আসছে। আমার কাছে মনে হচ্ছে, নারী হিসেবে একটা সাহস—৯৯৯ টাকা কাবিনে বিয়ে করছে। অনেক কিছু মিলেই এই ৯৯৯ টাকার ভাবনাটা এসেছে।”

বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরেণ্য অভিনেতা ও নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, লেখক-সাংবাদিক আনিসুল হকসহ বর-কনের পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনেরা।

সর্বশেষ