ঢাকা   বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

অপু বিশ্বাসের ‘বিজনেস মেন্টর’ কে এই যুবক, কেন তাঁকে নিয়ে পোস্ট?

বিনোদন

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২২:০১, ১৫ অক্টোবর ২০২৬

অপু বিশ্বাসের ‘বিজনেস মেন্টর’ কে এই যুবক, কেন তাঁকে নিয়ে পোস্ট?

ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা অপু বিশ্বাসের ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা তৈরি হয়েছে। বুধবার সন্ধ্যায় এক যুবকের সঙ্গে ছবি প্রকাশ করে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন এই অভিনেত্রী। পোস্টে ওই ব্যক্তিকে ‘প্রিয় বন্ধু’ ও ‘বিজনেস মেন্টর’ হিসেবে উল্লেখ করেছেন তিনি। ব্যবসা সম্পর্কে নতুনভাবে শেখা, স্বপ্ন বাস্তবায়নের সাহস এবং নিজের কিছু করার অনুপ্রেরণা পাওয়ার পেছনে তাঁর অবদানের কথাও তুলে ধরেছেন অপু।

অপু বিশ্বাসের এমন ব্যক্তিগত শুভেচ্ছাবার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে খুব একটা দেখা যায় না। তাই যুবকের সঙ্গে ছবি এবং তাঁকে নিয়ে লেখা বার্তাটি অনুসারীদের নজর কেড়েছে।

শুভেচ্ছাবার্তার শুরুতে অপু লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার প্রিয় বন্ধু, আমার বিজনেস মেন্টর…।’ ওই ব্যক্তির কাছ থেকেই ব্যবসাকে নতুনভাবে চিনতে শিখেছেন বলে জানিয়েছেন তিনি।

অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার সাহস এবং নিজের কিছু করার অনুপ্রেরণাও পেয়েছেন তাঁর কাছ থেকে। জীবনের পথচলায় শেখানো বিষয়গুলোকে মূল্যবান উল্লেখ করে অপু লিখেছেন, ‘আপনার জন্য রইল হৃদয়ের গভীর থেকে অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা।’

জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ওই ব্যক্তির সাফল্য কামনা করেছেন অপু। পাশাপাশি বন্ধুত্ব ও একসঙ্গে পথচলা আরও দীর্ঘ হোক, সেই প্রত্যাশাও জানিয়েছেন। পোস্টের শেষাংশে তিনি লেখেন, ‘শুধু বিজনেস মেন্টর নয়, একজন প্রিয় বন্ধু হিসেবেও এভাবেই পাশে থাকবেন সব সময়। আপনার সঙ্গে এই বন্ধুত্ব ও পথচলা আরও অনেক দূর এগিয়ে যাক…।’

তাহলে ছবিতে অপুর সঙ্গে থাকা যুবক কে? শুভেচ্ছাবার্তায় তাঁর পরিচয় স্পষ্ট করে উল্লেখ করেননি অভিনেত্রী। তবে পোস্টে তাঁকে বন্ধু ও ব্যবসায়িক পরামর্শদাতা হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন।

কয়েক বছর ধরে অভিনয়ের পাশাপাশি ব্যবসার সঙ্গেও যুক্ত হয়েছেন অপু বিশ্বাস। তাঁর ঘনিষ্ঠজনদের ভাষ্য অনুযায়ী, ছবিতে থাকা ওই ব্যবসায়ীর নাম ফেরদৌস হাসান। তিনি সিঙ্গাপুরপ্রবাসী। অপুর জন্মদিনের শুভেচ্ছাবার্তায় উঠে এসেছে ব্যবসায়িক জীবনে তাঁর কাছ থেকে পাওয়া অনুপ্রেরণা ও সহযোগিতার কথা।