রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে চলছে সপ্তাহব্যাপী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা ২০২৬। ২০ টাকার পরিবেশবান্ধব কাগজের কলম থেকে শুরু করে ৫ লাখ টাকার কাঠের হাতি—বৈচিত্র্যময় পণ্যের বিশাল সমাহার নিয়ে বসেছে এবারের মেলা। পোশাক, জুতা, চামড়াজাত পণ্য, পাটপণ্য, কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্য, প্রসাধনী, গয়না, হস্তশিল্পসহ নানা পণ্যের পসরা সাজিয়েছেন দেশের বিভিন্ন অঞ্চলের উদ্যোক্তারা।
মেলায় অংশ নিয়েছেন ৪০০টির বেশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা এবং শিল্পপ্রতিষ্ঠান। কেনাকাটার পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্য, সংস্কৃতি ও কারুশিল্প কাছ থেকে দেখার সুযোগও রয়েছে এখানে।
চামড়ার জুতা থেকে মাটির গয়না
মেলায় প্রবেশ করতেই হাতের ডানে হল ‘এ’ এবং বাঁয়ে হল ‘ডি’। চামড়ার ব্যাগ, জুতা ও অন্যান্য চামড়াজাত পণ্যের সমাহার দেখতে প্রথমেই ঢুঁ মারলাম হল ‘এ’-তে।
এখানে চামড়ার ব্যাগ পাওয়া যাচ্ছে ২ হাজার টাকা থেকে। জুতার দাম ৮৯০ থেকে ৩ হাজার ৯০০ টাকা, বেল্ট ৫০০ টাকা এবং মানিব্যাগ ২৫০ থেকে ৫০০ টাকা। চামড়ার জ্যাকেট পাওয়া যাচ্ছে সাড়ে ৯ হাজার থেকে ১১ হাজার টাকায়। এ ছাড়া রয়েছে ৬৫ হাজার টাকার রকিং চেয়ার।
বিশেষভাবে নজর কাড়ল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীদের হাতে তৈরি পণ্যের স্টল ‘দ্রি’। সেখানে রয়েছে নকশা করা মাটির গয়না, টেপা পুতুল, রঙিন মাটির হাঁড়ি, কলসি, কাচের বোতল, ফুলের টব, ফুলদানি, লবণদানি, চুড়ি, ব্রেসলেট, কানের দুল, লাইটার, ক্লে পিন ও দৃষ্টিনন্দন সরাচিত্র। এসব পণ্যের দাম ৫০ থেকে ১ হাজার ৫০০ টাকা।
মাটির সরায় রংতুলিতে ফুটিয়ে তোলা হয়েছে ‘নায়ক’ সিনেমার উত্তম কুমার, সত্যজিৎ রায়ের ‘গুপী গাইন বাঘা বাইন’, প্রফেসর হিজিবিজি, মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পুতুলনাচের ইতিকথা’, নিমাই ভট্টাচার্যের ‘মেমসাহেব’, ‘মহানগর’ ও ‘থ্রি ইডিয়টস’-এর মতো চলচ্চিত্র ও সাহিত্যকর্মের নানা অনুষঙ্গ। পাশাপাশি রয়েছে গ্রামবাংলার বিভিন্ন চিত্র।
‘দ্রি’র উদ্যোক্তা মুহাম্মদ ঐশিক অদ্রি বলেন, ‘মাটির সঙ্গে দেশের সংস্কৃতির যে পুরোনো সম্পর্ক, তা আমরা এই চিত্রকল্পের মাধ্যমে রঙে-রূপে নতুন করে তুলে ধরার চেষ্টা করছি।’
প্রাকৃতিক রঙের শাড়ি, পাঁচ লাখ টাকার কাঠের হাতি
মেলায় ইকো প্রিন্টের শাড়ি নিয়ে এসেছে ‘অঙ্গন’। বিভিন্ন গাছের লতাপাতা ব্যবহার করে প্রাকৃতিক রঙে তৈরি এসব শাড়ির দাম ১০ হাজার থেকে ১২ হাজার ৫০০ টাকা। এ ছাড়া ওয়ান পিস ২ থেকে ৩ হাজার টাকা, টু পিস ৪ হাজার ৫০০ টাকা এবং থ্রি-পিস ৫ হাজার টাকা থেকে শুরু। রয়েছে পরিবেশবান্ধব ইকো প্রিন্টের পানির বোতলও। দাম ৯০০ থেকে ১ হাজার ৫০০ টাকা।
বাঁশ ও কাঠের তৈরি কারুপণ্য নিয়ে প্রথমবারের মতো এসএমই মেলায় অংশ নিয়েছে ‘কোয়ান্টাম ব্যাম্বুরিয়ান’। প্রতিষ্ঠানটির স্টলে রয়েছে ৭০টির বেশি পণ্য।
এর মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছে গর্জনগাছের গুঁড়ি খোদাই করে তৈরি বিশাল আকৃতির একটি কাঠের হাতি। শুঁড় উঁচিয়ে দাঁড়িয়ে থাকা হাতিটি মেলার দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করছে। প্রতিষ্ঠানের বিক্রয় ব্যবস্থাপক সাইফউদ্দিন সাইফ জানান, মেলার প্রথম দিনেই হাতিটি ৫ লাখ টাকায় বিক্রি হয়েছে।
শাড়ি, শীতের পোশাক ও নকশিকাঁথা
শাড়িপ্রেমীদের জন্য মেলায় রয়েছে জামদানি, তাঁত ও মণিপুরি শাড়ির বিশাল সংগ্রহ। জামদানি শাড়ি পাওয়া যাচ্ছে ২ হাজার থেকে ১ লাখ টাকায়। তাঁতপল্লিতে শাড়ির দাম ৮০০ থেকে ১০ হাজার টাকা এবং মণিপুরি শাড়ি ১ হাজার থেকে ৮৫ হাজার টাকা।
সামনে শীত। তাই শীতের পোশাক ও অনুষঙ্গ কেনাকাটার সুযোগও রয়েছে। কম্বল পাওয়া যাচ্ছে ১ হাজার থেকে ২ হাজার ৮০০ টাকায়। কম্বলের মতো ব্যবহার করা যায় এমন খেশের দাম ৪ হাজার ২০০ টাকা। মণিপুরি মাফলার ১২০ থেকে ৬০০ টাকা এবং শাল ও চাদর ৭৫০ থেকে ২ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।
ছেলেদের ব্লেজার পাওয়া যাচ্ছে ১ হাজার ৫০০ থেকে ৫ হাজার টাকা, প্যান্ট ১ হাজার ৫০০ টাকা, পাঞ্জাবি ১ হাজার ৮০০ টাকা এবং কটি ৯০০ থেকে ২ হাজার ৫০০ টাকায়। এ ছাড়া রয়েছে টি-শার্ট, ফতুয়া, গামছা ও লুঙ্গি।
হল ‘ডি’-তে দেখা মিলল লেখক এস এম নাজনিন মোনালিসার উদ্যোগে তৈরি পরিবেশবান্ধব পণ্যের। শিশুদের জন্য বই লেখার পাশাপাশি পরিবেশবান্ধব পণ্য নিয়েও কাজ করেন তিনি। মেলায় এনেছেন নিজ হাতে তৈরি কাগজের কলম ‘বেহাগ’। প্রতিটি কলমের দাম ২০ থেকে ৩০ টাকা। এ ছাড়া তালপাতার পাখা, বাঁশের কুলা ও ডালা পাওয়া যাচ্ছে ২০০ টাকায়।
চাঁপাইনবাবগঞ্জ থেকে নকশিকাঁথা নিয়ে এসেছে ‘চাঁপাই নকশি’। প্রতিটি কাঁথার দাম ১ হাজার ৫০০ থেকে ১০ হাজার টাকা। প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত রয়েছেন গ্রামের প্রায় পাঁচ হাজার নারী কর্মী। নকশা ও কাজের ধরন অনুযায়ী একটি কাঁথা তৈরি করতে আট দিন থেকে ছয় মাস পর্যন্ত সময় লাগে।
পাহাড়ের শস্য থেকে জাপানি মিষ্টি আলু
হল ‘ডি’-এর শেষ দিকে রয়েছে ‘অর্গানিক শস্যভান্ডার’। প্রতিষ্ঠানটির বিক্রয় ব্যবস্থাপক মির্জা রুহানিয়া জানান, তরঙ্গ ফাউন্ডেশনের আওতায় বান্দরবানে তাঁদের প্রায় ৯ হাজার ৫০০ কৃষাণী রয়েছেন। ফাউন্ডেশনের পক্ষ থেকে কৃষাণীদের অর্গানিক বীজ সরবরাহ করা হয়। পাহাড়সহ পাঁচটি প্লটে এসব শস্য উৎপাদিত হয়। পাশাপাশি বরিশাল ও মানিকগঞ্জেও কিছু শস্য উৎপাদন করা হয়।
স্টলে রয়েছে কামরাঙা শিম, শিমের বীজ, চিচিঙ্গা, ছোট বেগুন, রাজমা শিম, কাঁচা ও শুকনা হলুদ, আদা, মিষ্টিকুমড়া, মুখিকচু, পেঁপে, কলা, আখ ও বিন্নি মরিচ। চালের মধ্যে রয়েছে কালো বিন্নি, সাদা বিন্নি ও লাল চাল।
এ ছাড়া পাওয়া যাচ্ছে কিনোয়া, রঙিন ভুট্টা, বাদাম, বিভিন্ন ধরনের মসলা, মধু, নারকেল তেল, ঘি, শজনেপাতার গুঁড়া ও বিটরুটের গুঁড়াসহ নানা পণ্য।
পাশের একটি স্টলে রয়েছে জাপানি ‘কিনতোকি বিজিন’ জাতের মিষ্টি আলু। জাপান থেকে আনা বীজে দেশের উত্তরাঞ্চলে উৎপাদিত এই মিষ্টি আলু বিক্রি হচ্ছে প্রতি কেজি ২০০ টাকায়।
পোশাকের বাহারি আয়োজন
মেলার হল ‘এফ’ সাজানো হয়েছে তাঁত, জামদানি, রাজশাহী সিল্ক, বাটিক, প্রিন্ট, সুতি ও খাদির নানা ধরনের পোশাকে।
এফ-৫২ নম্বর স্টলে রয়েছে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) পণ্য। পুলিশ সদর দপ্তরে কর্মরত পুলিশ নায়েক মো. আল মামুন জানান, পুলিশ সদস্য ও তাঁদের পরিবারের সদস্যদের হাতে তৈরি বিভিন্ন পণ্য নিয়ে সাজানো হয়েছে স্টলটি। রয়েছে শাড়ি, থ্রি-পিস, নকশিকাঁথা, বিছানার চাদর, টেবিল রানার ও হাতের কাজের গয়না।
এফ-২৩ নম্বর স্টলটি এসওএস চিলড্রেনস ভিলেজ বাংলাদেশের। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বগুড়া ও সিলেটসহ বিভিন্ন স্থানে প্রতিষ্ঠানটির যুব আবাসন, বিদ্যালয় ও সামাজিক কেন্দ্রের শিক্ষার্থীদের হাতে তৈরি পণ্য পাওয়া যাচ্ছে এখানে।
রাফিয়া ফ্যাশন নিয়ে এসেছে জামদানির সঙ্গে অন্যান্য উপকরণের মিশেলে তৈরি শতাধিক পণ্য। ছোট-বড় ব্যাগ, জুতা, ফাইল ফোল্ডার, ল্যাপটপ ব্যাগ ও কটিসহ এসব পণ্যের দাম ১ হাজার থেকে ১০ হাজার টাকা।
একই স্টলে রয়েছে আনিকা নূরের ‘আর্ট জেনিস’। পেশায় স্থপতি হলেও ডিজিটাল প্রিন্টের শাড়ি নিয়ে কাজ করেন তিনি। ভ্রমণপিপাসু ক্রেতাদের চাহিদা অনুযায়ী তাঁর শাড়িতে ফুটে ওঠে দেশের বিভিন্ন দর্শনীয় স্থান ও ঋতুবৈচিত্র্যের ছবি।
এক ছাদের নিচে দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্য
মেলার হল ‘জি’-তে রয়েছে বিএসটিআই, জীবন বীমা, ডাক বিভাগ, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন এবং বাংলাদেশ ইনসুলেটর অ্যান্ড স্যানিটারিওয়্যার ফ্যাক্টরি লিমিটেডসহ বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল।
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের স্টলে আখের চিনি বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৪০ টাকায়। ভিনেগারের দাম ৭০ থেকে ১৪০ টাকা এবং জৈব সারের দাম ৩৫ টাকা।
অন্যদিকে বাংলাদেশ ইনসুলেটর অ্যান্ড স্যানিটারিওয়্যার ফ্যাক্টরি লিমিটেডের স্টলে রয়েছে পেপারওয়েট থেকে শুরু করে ছোট-বড় সিরামিকের টব। দাম ৭২ থেকে ১ হাজার ৬০০ টাকা। পাশাপাশি সাশ্রয়ী দামে পাওয়া যাচ্ছে বাথরুম ও রান্নাঘরের বেসিন এবং প্যান।
সারা দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী পণ্য নিয়ে সাজানো হয়েছে মেলার বিশেষ প্রদর্শনী গ্যালারি। এখানে রয়েছে ভৌগোলিক নির্দেশক বা জিআই স্বীকৃতিসহ নানা ধরনের ঐতিহ্যবাহী পণ্য।
এর মধ্যে রয়েছে সিলেট ও মৌলভীবাজারের মণিপুরি তাঁতশিল্প, মৌলভীবাজারের সুজানগরের আগর কাঠ, আগর চিপস ও আতর, টাঙ্গাইলের বল্লার তাঁতপণ্য, নারায়ণগঞ্জের জামদানি, রাজশাহীর সিল্ক শাড়ি, কুষ্টিয়ার কুমারখালীর বিছানার চাদর, কুমিল্লার খাদি কাপড়, জামালপুর, যশোর ও চাঁপাইনবাবগঞ্জের নকশিকাঁথা এবং রংপুরের শতরঞ্জি।
আরও রয়েছে বগুড়ার কাশঘাসের হস্তশিল্প, শুকনা কচুরিপানার ডাঁটা দিয়ে তৈরি পরিবেশবান্ধব ব্যাগ, ঝুড়ি ও মাদুর, জালি টুপি, নওগাঁর উমানি টুপি এবং যশোরের কেশবপুরের কাঠের হস্তশিল্প।
পিরোজপুরের নারকেলের ছোবড়ায় তৈরি পাপোশ, সুপারির খোলের থালা-বাটি, ঠাকুরগাঁওয়ের রেশমের স্কার্ফ ও ওড়না, মানিকগঞ্জ ও টাঙ্গাইলের বাঁশ-বেতের সামগ্রী, কুষ্টিয়ার একতারা ও দোতারা, সাতক্ষীরার ঘাসের মাদুর, চাঁপাইনবাবগঞ্জের শুকনা আম, পিরোজপুর ও কুমারখালীর মৃৎশিল্প এবং ধামরাইয়ের কাঁসাশিল্পও রয়েছে প্রদর্শনীতে।
এ ছাড়া দেখা মিলছে নীলফামারীর পরচুলা, ময়মনসিংহের গৌরীপুরের বাঁশের ছিপ, সিরাজগঞ্জের লুঙ্গি, দিনাজপুরের পাঁপড়, বাগেরহাটের নারকেলের খোলের বোতাম, ঢাকার মিরপুরের বেনারসি ও কাতান শাড়ি, যশোরের নরেন্দ্রপুর ও পিরোজপুরের বলদিয়ার ক্রিকেট ব্যাট, রাজশাহীর কালুহাটির পাদুকা এবং ফরিদপুরের টেরাকোটার।
প্রদর্শনীতে শুধু পণ্য দেখার সুযোগই নয়, রয়েছে সেগুলো তৈরির প্রক্রিয়া সরাসরি দেখার ব্যবস্থা। কীভাবে কাদামাটি থেকে মাটির পণ্য তৈরি হচ্ছে, কীভাবে চরকায় সুতা কাটা হচ্ছে কিংবা কীভাবে বোনা হচ্ছে জামদানি—সবই দেখার সুযোগ পাচ্ছেন দর্শনার্থীরা। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, আবার কেউ কারিগরদের নিপুণ হাতের কাজ দেখে মুগ্ধ হচ্ছেন।
খাওয়াদাওয়া ও আড্ডার আয়োজন
মেলার বিশাল পরিসর ঘুরে ক্লান্ত হয়ে পড়লে চলে আসতে পারেন হল ‘এইচ’-এর উন্মুক্ত খাবার চত্বরে। এখানে রয়েছে দেশি-বিদেশি নানা পদের খাবারের আয়োজন। পিঠার আড্ডা, নাশতা হাট, শর্মা দামাস্কো ও কুষ্টিয়া সুইটসসহ মোট ১৫টি স্টলে পাওয়া যাচ্ছে বিভিন্ন খাবার।
৫০ থেকে ৮০ টাকায় পাওয়া যাচ্ছে ভাপা, পাটিসাপটা, মালপোয়া, চিকেন পুলি ও দুধচিতই পিঠা। এ ছাড়া ৩০০ টাকায় হাঁসের মাংস এবং ২০ টাকায় ছিটা রুটি পাওয়া যাচ্ছে।
আদিবাসীদের ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নিতে চাইলে যেতে পারেন ‘হেবাং’ স্টলে। সেখানে ৫০ টাকায় কলা পিঠা ও বিন্নি পিঠা, ২০০ টাকায় লাকসু, ১০০ টাকায় মুন্ডি, ২০০ টাকায় কাঁকড়া ভাজা এবং ৮০ টাকায় ভুট্টা পাওয়া যাচ্ছে।
এ ছাড়া সুশি, রামেন ও মোমোর দাম ২০০ থেকে ৪৫০ টাকা। মসলা দোসা ও ছোলা বাটুরা ১২০ থেকে ৩০০ টাকা, শর্মা ও মিট বক্স ২০০ থেকে ৩৭০ টাকা। ডিমের পোলাও ও খিচুড়ি পাওয়া যাচ্ছে ১০০ টাকায়।
খাওয়াদাওয়া শেষে চায়ের কাপে চুমুক দেওয়ারও সুযোগ রয়েছে। ৪০ থেকে ১২০ টাকায় সাধারণ চা, মসলা চা, গুড়ের চা ও চকলেট চা পাওয়া যাচ্ছে। রয়েছে বিশেষ আকর্ষণ হিসেবে ভোজ্য কাপ বা ‘এডিবল কাপ’-এ চা পরিবেশনের ব্যবস্থা। চা পান শেষে কাপটিও খেয়ে ফেলা যাবে।
কখন যাবেন মেলায়?
আগামী ২৮ নভেম্বর পর্যন্ত চলবে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা ২০২৬। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে মেলা। সবচেয়ে আকর্ষণীয় বিষয়, মেলায় প্রবেশের জন্য কোনো টিকিটের প্রয়োজন নেই। অর্থাৎ বিনা প্রবেশমূল্যেই এক জায়গায় ঘুরে দেখা যাবে দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্য, ক্ষুদ্র উদ্যোক্তাদের উদ্ভাবনী পণ্য এবং বৈচিত্র্যময় খাবারের আয়োজন।
























