ঢাকা   বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

প্রাথমিক শিক্ষকদের দক্ষতা বাড়াতে এআই প্রশিক্ষণের উদ্যোগ

শিক্ষা

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২০:২০, ২৩ সেপ্টেম্বর ২০২৬

সর্বশেষ

প্রাথমিক শিক্ষকদের দক্ষতা বাড়াতে এআই প্রশিক্ষণের উদ্যোগ

প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দক্ষ করে তুলতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)ভিত্তিক আধুনিক প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তাঁর মতে, শিক্ষাব্যবস্থার ভবিষ্যৎ প্রযুক্তিনির্ভর হওয়ায় এর কার্যকর ব্যবহার নিশ্চিত করতে শিক্ষকদের সক্ষমতা বাড়ানো জরুরি।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন উপলক্ষে স্থানীয় সময় মঙ্গলবার নিউইয়র্কে এডুকেশন হাউস ইউএনজিএ ৮১ আয়োজিত ‘এমপাওয়ারিং টিচার্স ইন লো-রিসোর্স ক্লাসরুমস টু কো-ডিজাইন এডটেক ফর স্টুডেন্ট-সেন্টার্ড লার্নিং’ শীর্ষক বৈশ্বিক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ববি হাজ্জাজ বলেন, প্রযুক্তি শিক্ষকের বিকল্প নয়; বরং শিক্ষকদের সক্ষমতা বাড়ানোর একটি কার্যকর মাধ্যম। বিশেষ করে যেসব শ্রেণিকক্ষে প্রয়োজনীয় সম্পদের ঘাটতি রয়েছে, সেখানে প্রযুক্তির যথাযথ প্রয়োগ শিক্ষার্থীদের শেখার সুযোগ আরও কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক করতে পারে।

তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা যেন শুধু প্রযুক্তি ব্যবহারের মধ্যে সীমাবদ্ধ না থাকেন, বরং শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী উদ্ভাবনী পদ্ধতিতে পাঠদান করতে পারেন—সরকার সেই লক্ষ্যেই কাজ করছে। এ ক্ষেত্রে আন্তর্জাতিক অভিজ্ঞতা ও বিভিন্ন অংশীদারের সহযোগিতা কাজে লাগিয়ে বাংলাদেশের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উদ্যোগ নেওয়া হবে।

বৈশ্বিক সংলাপের প্যানেল আলোচনায় মালদ্বীপের শিক্ষা, উচ্চ শিক্ষা ও দক্ষতা উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী ড. আহমেদ মোহামেদ, ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের মহাসচিবের কার্যালয়ের স্ট্র্যাটেজিক এনগেজমেন্ট অ্যান্ড ইনিশিয়েটিভস বিভাগের সিনিয়র অ্যাডভাইজার অ্যালেক্স ওয়ং এবং ইউনেস্কোর পলিসিজ অ্যান্ড লাইফলং লার্নিং সিস্টেমস বিভাগের পরিচালক বোরহানে চাকরুন অংশ নেন।

পরে নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল আয়োজিত ‘ফ্রম ক্লাসরুম টু ইকোনমি : মডার্নাইজিং বাংলাদেশ’স এডুকেশন অ্যান্ড স্কিলস-টার্নিং লার্নিং ইনটু জবস, এন্টারপ্রাইজ অ্যান্ড ইকোনমিক স্ট্রেংথ’ শীর্ষক আরেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন প্রতিমন্ত্রী।

সেখানে তিনি বলেন, শ্রেণিকক্ষের জ্ঞান ও বাস্তব জীবনের দক্ষতার মধ্যে কার্যকর সংযোগ তৈরি করা প্রয়োজন। ভবিষ্যৎ প্রজন্মকে এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে তারা অর্জিত জ্ঞান ও দক্ষতাকে চাকরি, উদ্যোক্তা সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে কাজে লাগাতে পারে।

অনুষ্ঠানে বাংলাদেশের শিক্ষা ও দক্ষতা উন্নয়ন ব্যবস্থার আধুনিকায়ন, কর্মমুখী শিক্ষা এবং শিক্ষাকে অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে আরও কার্যকরভাবে যুক্ত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সর্বশেষ