জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী বেতন নির্ধারণ বা পে ফিক্সেশন কার্যক্রম সম্পন্ন করতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) অধীন মাঠপর্যায়ের সব কার্যালয় ও প্রতিষ্ঠানের জনবলের পূর্ণাঙ্গ তথ্য চাওয়া হয়েছে। নির্ধারিত ছকে প্রয়োজনীয় তথ্য আগামী ৭ অক্টোবরের মধ্যে পাঠাতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) মাউশি থেকে এ-সংক্রান্ত চিঠি জারি করা হয়।
চিঠিতে বলা হয়েছে, নতুন বেতনকাঠামোয় মাউশির অধীন কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন কার্যক্রম আরও সহজ এবং স্বচ্ছ করতে আইবাস++-এর অর্গানোগ্রাম সাব-মডিউলের ডাটাবেজে প্রতিষ্ঠানভিত্তিক জনবলের পূর্ণাঙ্গ তথ্য এন্ট্রির কাজ চলছে। এতে পদের নাম বা পদবি, মূল গ্রেড ও পদসংখ্যার তথ্য অন্তর্ভুক্ত করা হচ্ছে।
সরকারের আর্থিক ব্যবস্থাপনা আরও সুসংহত করতে আইবাস++-এর পে ফিক্সেশন সাবসিস্টেমে জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী বেতন নির্ধারণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করা প্রয়োজন। এ কারণে মাউশি ও এর অধীন মাঠপর্যায়ের কার্যালয় ও প্রতিষ্ঠানগুলোর জনবলের পূর্ণাঙ্গ তথ্য অর্গানোগ্রাম সাব-মডিউলে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া এনাম কমিশনের পর সৃষ্ট পদগুলোও অর্গানোগ্রাম সাব-মডিউলে এন্ট্রি করতে বলা হয়েছে। এসব পদের তথ্য পাঠানোর ক্ষেত্রে অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুশাখার পৃষ্ঠাঙ্কনকৃত জিওসহ প্রয়োজনীয় কাগজপত্র দিতে হবে।
যেসব তথ্য দিতে হবে
নির্ধারিত ছকে প্রতিটি প্রতিষ্ঠানের কার্যালয়ের নাম, ১৩ ডিজিটের কোড, ক্রমিক নম্বর, পদের নাম বাংলা ও ইংরেজিতে, পদের মূল গ্রেড (Substantive Grade), পদভিত্তিক জনবলের সংখ্যা এবং মন্তব্য উল্লেখ করতে হবে।
মাউশির নির্দেশনা অনুযায়ী, তথ্যের সফট কপি নিকোশ ফন্টে ওয়ার্ড ডকুমেন্ট হিসেবে ই-মেইলে পাঠাতে হবে। একই সঙ্গে নির্ধারিত তথ্যের হার্ড কপিও পাঠাতে হবে।
হার্ড কপি পাঠানোর ঠিকানা—উপপরিচালক, এইচআরএম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা (কক্ষ নম্বর-৫৩০)।
সফট কপি পাঠাতে মাউশির নির্ধারিত ই-মেইল ঠিকানা [email protected] ব্যবহার করতে বলা হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে এসব তথ্য সংগ্রহ ও ডাটাবেজে অন্তর্ভুক্তির মাধ্যমে জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী মাউশির কর্মকর্তা-কর্মচারীদের বেতন নির্ধারণের পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
























