নেত্রকোণা পৌর শহরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা মো. ফাহিম রহমান খান পাঠানের বাসায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হোসেনপুর এলাকায় এ ঘটনা ঘটে। এতে বাসার একটি কক্ষে থাকা কিছু আসবাবপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
বৃহস্পতিবার ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে ফাহিম রহমান খান পাঠানের বাসার বারান্দার একটি কক্ষে আগুন দেখতে পান পরিবারের সদস্যরা। পরে তারা আগুন নেভানোর চেষ্টা করেন। একপর্যায়ে স্থানীয় এলাকাবাসী এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সহযোগিতা করেন।
ফাহিম রহমান খান পাঠান এনসিপির কেন্দ্রীয় বেসরকারি পেশাজীবী সহ-সম্পাদক। তিনি নেত্রকোণা-২ আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী। অগ্নিকাণ্ডের সময় তিনি ঢাকায় অবস্থান করছিলেন বলে জানা গেছে।
এদিকে, এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করে অভিযোগ উঠেছে। তবে এ অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে কোনো সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।
নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
























