ঢাকা   বৃহস্পতিবার ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রাহায়ণ ১৪৩৩

গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড ছুড়ে মহাসড়ক থেকে সরাল পুলিশ

গ্রামবাংলা

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১১:২২, ২৬ নভেম্বর ২০২৬

সর্বশেষ

গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড ছুড়ে মহাসড়ক থেকে সরাল পুলিশ

গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা দেখা দিয়েছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করলে শ্রমিকদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এতে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে একদল পোশাকশ্রমিক মিছিল নিয়ে ভোগড়া বাইপাস এলাকায় আসেন। একপর্যায়ে তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধের চেষ্টা করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।

এদিকে শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়ার আশঙ্কায় গাজীপুর মহানগরীর কোনাবাড়ি, পল্লী বিদ্যুৎসহ আশপাশের কয়েকটি এলাকার পোশাক কারখানায় বৃহস্পতিবার ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে। এ ছাড়া গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার ও ভবানীপুরসহ বিভিন্ন এলাকার কয়েকটি কারখানায় তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় পুলিশের উপস্থিতিও বাড়ানো হয়েছে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রম চালু রাখতে পুলিশ কাজ করছে।

শ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধের চেষ্টাকে কেন্দ্র করে গাজীপুরের শিল্পাঞ্চলে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।

সর্বশেষ