ঢাকা   বৃহস্পতিবার ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রাহায়ণ ১৪৩৩

সরকারি চাকরিজীবীদের জন্য বাসা বরাদ্দের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৩০ নভেম্বর পর্যন্ত

গ্রামবাংলা

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১১:৩১, ২৬ নভেম্বর ২০২৬

সরকারি চাকরিজীবীদের জন্য বাসা বরাদ্দের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৩০ নভেম্বর পর্যন্ত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য রাজধানীর বিভিন্ন এলাকায় খালি থাকা সরকারি বাসা ও ফ্ল্যাট বরাদ্দ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এবার অনলাইনে আবেদন করে এসব বাসা পাওয়ার সুযোগ থাকছে। এ জন্য আগামী ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহী সরকারি চাকরিজীবীরা।

এ লক্ষ্যে গত ১৯ নভেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন সরকারি আবাসন পরিদপ্তর। পরিদপ্তরের পরিচালক মো. জহিরুল ইসলাম খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিভিন্ন শ্রেণির বাসা বরাদ্দের যোগ্যতা, শর্ত ও আবেদনের নিয়ম উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুসারে কর্মকর্তা-কর্মচারীদের গ্রেড ও মূল বেতনের ভিত্তিতে বিভিন্ন শ্রেণির বাসা বরাদ্দ দেওয়া হবে।

কোন গ্রেডের কর্মকর্তারা কোন বাসা পাবেন

পঞ্চম বা তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা ‘এফ’ শ্রেণির বাসার জন্য আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী তাঁদের মূল বেতন কমপক্ষে ৪৬ হাজার ৯৭০ টাকা হতে হবে। এসব বাসার মধ্যে আজিমপুর, ইস্কাটন, ধানমন্ডি ও মিরপুর এলাকার বিভিন্ন আবাসিক ভবনের ফ্ল্যাট রয়েছে।

ষষ্ঠ বা তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তাদের জন্য ‘ই’ শ্রেণির বাসা বরাদ্দের সুযোগ রাখা হয়েছে। এ ক্ষেত্রে মূল বেতন কমপক্ষে ৩৫ হাজার ৫০০ টাকা হতে হবে। রাজধানীর শাহজাহানপুর, সোবহানবাগ, মোহাম্মদপুর, মিরপুরের ন্যাম গার্ডেন, মিরপুর সেকশন-৬ ও পাইকপাড়া এলাকায় এসব বাসা রয়েছে।

এ ছাড়া দশম গ্রেড বা তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারাও ‘ই’ শ্রেণির বাসার ন্যূনতম প্রাপ্যতার ভিত্তিতে ভাড়াকর্তনের শর্তে আবেদন করতে পারবেন।

অন্যদিকে সপ্তম, অষ্টম ও নবম গ্রেডের কর্মকর্তাদের জন্য ‘ডি-১’ শ্রেণির বাসা বরাদ্দ দেওয়া হবে। এ ক্ষেত্রে জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ন্যূনতম মূল বেতন ২২ হাজার টাকা হতে হবে। শাহজাহানপুর ও গ্রিন রোড এলাকায় এ শ্রেণির বাসা রয়েছে।

অস্থায়ী বাসা বরাদ্দেও সুযোগ

বিজ্ঞপ্তিতে অস্থায়ী শ্রেণির বাসা বরাদ্দের বিষয়টিও উল্লেখ করা হয়েছে। ন্যূনতম নবম গ্রেডের স্থায়ী বা সাবস্ট্যানটিভ পদধারী কর্মকর্তারা পূর্ণ ভাড়ায় ইস্কাটনের সরকারি অফিসার্স হাউস (জিওএইচ), বেইলি স্কয়ার ও বেইলি ব্যাচেলর হোস্টেলে বিভিন্ন আকারের বাসার জন্য আবেদন করতে পারবেন।

এ ছাড়া ষষ্ঠ বা তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তাদের জন্য সার্কিট হাউস রোড এলাকায় পূর্ণ ভাড়ায় বাসা বরাদ্দের সুযোগ রয়েছে।

নির্ধারিত ভাড়ায় নিউ সার্কিট হাউস, জিওএইচ গ্রিন রোড, ইলিশিয়াম, পুরাতন সার্কিট হাউস ও বেইলি স্কয়ার এলাকায়ও অস্থায়ী শ্রেণির বাসা বরাদ্দ দেওয়া হবে।

পাশাপাশি ১২ থেকে ১৮তম গ্রেডের কর্মচারীদের জন্য গ্রিন রোডে একক আসনের আবাসন সুবিধা রাখা হয়েছে।

পরিত্যক্ত বাসার জন্যও আবেদন করা যাবে

সরকারি আবাসন পরিদপ্তরের বিজ্ঞপ্তিতে পরিত্যক্ত শ্রেণির এফ, ডি ও বি শ্রেণির বাসা বরাদ্দের বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে মিরপুর-৬-এর শিয়ালবাড়ি এলাকায় বি-শ্রেণির একটি ফ্ল্যাট রয়েছে।

পরিত্যক্ত এফ শ্রেণির বাসার জন্য পঞ্চম বা তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তা, ডি শ্রেণির জন্য দশম থেকে দ্বাদশ গ্রেডের কর্মকর্তা এবং বি শ্রেণির জন্য ১৬তম থেকে ১৮তম গ্রেডের কর্মচারীরা আবেদন করতে পারবেন।

আবেদনের ক্ষেত্রে যেসব শর্ত মানতে হবে

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাসা বরাদ্দের ক্ষেত্রে জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুসরণ করতে হবে। কেউ জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী তথ্য দিয়ে আবেদন করলে তা বাতিল বলে গণ্য হবে।

অনলাইনে আবেদন করার সময় সংশ্লিষ্ট তথ্যের প্রমাণপত্র সংযুক্ত করতে হবে। অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ কিংবা যথাযথ প্রমাণ ছাড়া জমা দেওয়া আবেদন বিবেচনা করা হবে না।

একজন আবেদনকারী একটি বিজ্ঞপ্তির বিপরীতে সর্বোচ্চ তিনটি বাসার জন্য আবেদন করতে পারবেন। বরাদ্দ পাওয়ার পর ১০ দিনের মধ্যে অথবা বরাদ্দপত্রে উল্লেখ করা নির্ধারিত সময়ের মধ্যে বাসার দখল গ্রহণ করতে হবে। অন্যথায় বরাদ্দ বাতিল করা হতে পারে।

এর আগে হার্ডকপি বা ম্যানুয়াল পদ্ধতিতে আবেদন করেও যেসব কর্মকর্তা-কর্মচারী সরকারি বাসা পাননি, তাঁরাও এবার অনলাইনে নতুন করে আবেদন করার সুযোগ পাবেন।

আগ্রহী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদনের শেষ সময় ৩০ নভেম্বর।