ঢাকা   বৃহস্পতিবার ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রাহায়ণ ১৪৩৩

তিন কোম্পানির ক্রেডিট রেটিং প্রকাশ, সর্বোচ্চ ‘এএএ’ পেল রূপালী ইন্স্যুরেন্স

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১১:৪২, ২৬ নভেম্বর ২০২৬

তিন কোম্পানির ক্রেডিট রেটিং প্রকাশ, সর্বোচ্চ ‘এএএ’ পেল রূপালী ইন্স্যুরেন্স

শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। কোম্পানিগুলো হলো—লংকাবাংলা ফাইন্যান্স, এসকোয়ার নিট কম্পোজিট ও রূপালী ইন্স্যুরেন্স। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, লংকাবাংলা ফাইন্যান্সের ক্রেডিট রেটিং নির্ধারণ করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (ক্র্যাব)। কোম্পানিটির দীর্ঘমেয়াদি রেটিং হয়েছে ‘এএ৩’ এবং স্বল্পমেয়াদি রেটিং ‘এসটি-২’। পাশাপাশি কোম্পানিটির আউটলুক স্থিতিশীল (স্টেবল) রাখা হয়েছে।

কোম্পানিটির ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার তারিখ পর্যন্ত প্রাপ্ত অন্যান্য প্রাসঙ্গিক গুণগত ও পরিমাণগত তথ্যের ভিত্তিতে এ রেটিং নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে, এসকোয়ার নিট কম্পোজিটের সার্ভেইল্যান্স রেটিং নির্ধারণ করেছে ক্র্যাব। কোম্পানিটির দীর্ঘমেয়াদি রেটিং ‘এএ৩’ এবং স্বল্পমেয়াদি রেটিং ‘এসটি-৩’। এ কোম্পানির আউটলুকও স্থিতিশীল রাখা হয়েছে।

এসকোয়ার নিট কম্পোজিটের ৩০ জুন ২০২৬ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩১ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত ব্যাংক দায়ের অবস্থান এবং রেটিং ঘোষণার তারিখ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক গুণগত ও পরিমাণগত তথ্য পর্যালোচনা করে এ রেটিং নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া রূপালী ইন্স্যুরেন্সের সার্ভেইল্যান্স রেটিং নির্ধারণ করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড (এনসিআর)। কোম্পানিটির দীর্ঘমেয়াদি রেটিং হয়েছে ‘এএএ’ এবং স্বল্পমেয়াদি রেটিং ‘এসটি-১’। পাশাপাশি এর আউটলুক স্থিতিশীল রয়েছে।

রূপালী ইন্স্যুরেন্সের ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে এ রেটিং নির্ধারণ করা হয়েছে।