দেশের বস্ত্র ও তৈরি পোশাক খাতে বড় বিনিয়োগ করতে যাচ্ছে ডিবিএল গ্রুপ। তুরস্কের শিল্পগোষ্ঠী সানকো হোল্ডিংয়ের সঙ্গে যৌথভাবে মৌলভীবাজারের শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলে গড়ে তোলা হবে অত্যাধুনিক ডেনিম কাপড় উৎপাদন কারখানা। এতে বিনিয়োগ করা হবে ৩০ কোটি মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ হাজার ৭৫০ কোটি টাকা। কারখানাটি চালু হলে প্রায় ৪ হাজার ৪০০ মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিতব্য এই কারখানার ৫১ শতাংশ মালিকানা থাকবে ডিবিএল গ্রুপের হাতে। বাকি ৪৯ শতাংশের মালিক হবে তুরস্কের সানকো হোল্ডিংয়ের ডেনিম উৎপাদনকারী প্রতিষ্ঠান ইসকো। মৌলভীবাজারের শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলে প্রায় ৮০ একর জমির ওপর গড়ে উঠবে কারখানাটি।
ডিবিএল গ্রুপ সূত্র জানিয়েছে, ২০২৮ সালে কারখানাটিতে বাণিজ্যিক উৎপাদন শুরুর আশা করা হচ্ছে। এটি হবে ডিবিএল গ্রুপের ইতিহাসে অন্যতম বৃহৎ বিনিয়োগ। প্রস্তাবিত কারখানায় প্রতি মাসে প্রায় এক কোটি মিটার ডেনিম কাপড় উৎপাদনের সক্ষমতা থাকবে। পাশাপাশি সুতা উৎপাদনের ব্যবস্থাও রাখা হবে।
গত বুধবার এ বিনিয়োগ নিয়ে ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে বৈঠক করেছেন তুরস্কের সানকো হোল্ডিংয়ের শীর্ষ কর্মকর্তারা। বৈঠক শেষে ইনভেস্ট বাংলাদেশের এক বিজ্ঞপ্তিতে ডিবিএল গ্রুপের সঙ্গে যৌথভাবে ৩০ কোটি ডলার বিনিয়োগে ডেনিম কারখানা স্থাপনের পরিকল্পনার কথা জানানো হয়।
নতুন বিনিয়োগের বিষয়ে ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ জব্বার বলেন, ডেনিম কারখানায় সবচেয়ে আধুনিক প্রযুক্তির যন্ত্রপাতি ব্যবহার করা হবে। উৎপাদিত কাপড় স্থানীয় রপ্তানিকারকদের কাছে বিক্রির পাশাপাশি বিদেশেও রপ্তানি করা হবে।
তিনি বলেন, গত কয়েক বছরের মধ্যে এটি ডিবিএল গ্রুপের সবচেয়ে বড় বিনিয়োগ। কারখানার জন্য যেসব কর্মী নিয়োগ দেওয়া হবে, তাঁদের বড় অংশই নতুন কর্মী হবেন। তাঁদের একটি অংশকে তুরস্কে প্রশিক্ষণের ব্যবস্থাও করা হবে। কারখানাটি চালু হলে ডেনিম কাপড় উৎপাদন ও রপ্তানিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।
এদিকে ইনভেস্ট বাংলাদেশের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সানকো হোল্ডিংয়ের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান ফাতিহ কোনুকোগ্লু ও পর্ষদ সদস্য হাকান কোনুকোগ্লুর নেতৃত্বে একটি প্রতিনিধিদল ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে বৈঠক করে। এ সময় বাংলাদেশে বড় অঙ্কের বিনিয়োগের প্রতিশ্রুতির কথা জানান তাঁরা।
বৈঠকে সানকো হোল্ডিংয়ের প্রধান আর্থিক কর্মকর্তা মুস্তাফা গুনবুলুত, প্রধান কৌশল কর্মকর্তা চাগাতায় আবরাস এবং আঞ্চলিক প্রধান ব্যবস্থাপক তেজকান বালতাস উপস্থিত ছিলেন।
এ ছাড়া ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার, ট্রেজারিপ্রধান জাকারিয়া চৌধুরী, গ্রুপ রেগুলেটরি অ্যাফেয়ার্স প্রধান জুয়েল জাব্বার এবং ইনভেস্ট বাংলাদেশের সদস্য (বিনিয়োগ উন্নয়ন) নাহিয়ান রহমান বৈঠকে অংশ নেন।
বিশ্ববাজারে পরিচিত সানকো হোল্ডিং
তুরস্কের শিল্পগোষ্ঠী সানকো হোল্ডিং ১৯০৪ সাল থেকে বস্ত্র খাতের ব্যবসার সঙ্গে যুক্ত। বর্তমানে বস্ত্রের পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি, নির্মাণ, প্যাকেজিং ও অর্থায়ন খাতেও ব্যবসা রয়েছে প্রতিষ্ঠানটির।
সানকো হোল্ডিংয়ের ডেনিম বিভাগ ইসকো বিশ্বের অন্যতম বৃহৎ ডেনিম কাপড় উৎপাদনকারী প্রতিষ্ঠান। বছরে ২৫ থেকে ৩০ কোটি মিটার ডেনিম কাপড় উৎপাদনের সক্ষমতা রয়েছে তাদের। বিশ্বের ৬০টির বেশি দেশে প্রতিষ্ঠানটির গ্রাহক রয়েছে।
শক্তিশালী হবে তৈরি পোশাকের পশ্চাৎ-সংযোগ শিল্প
ইনভেস্ট বাংলাদেশ জানিয়েছে, প্রস্তাবিত কারখানাটি হবে রপ্তানিমুখী। এই বিনিয়োগ বাস্তবায়িত হলে দেশের বস্ত্র ও তৈরি পোশাক খাতের পশ্চাৎ-সংযোগ বা ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্প আরও শক্তিশালী হবে।
বিশেষ করে ডেনিম কাপড় ও সুতা উৎপাদনের সক্ষমতা বাড়লে স্থানীয় তৈরি পোশাক প্রস্তুতকারকদের কাঁচামালের চাহিদা পূরণে সহায়তা করবে। এতে আমদানিনির্ভরতা কমানোর পাশাপাশি রপ্তানি আয় বাড়ানোর সুযোগ তৈরি হবে।
সব মিলিয়ে প্রায় ৩ হাজার ৭৫০ কোটি টাকার এই বিনিয়োগ বাস্তবায়িত হলে মৌলভীবাজারে বড় শিল্প অবকাঠামো গড়ে ওঠার পাশাপাশি ৪ হাজার ৪০০ মানুষের কর্মসংস্থান হবে। একই সঙ্গে দেশের ডেনিম শিল্পে উৎপাদন সক্ষমতা ও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সুযোগ বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
























