দেশের চারটি এয়ারলাইনসের কাছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) পাওনা ৭ হাজার ১২৭ কোটি টাকার বেশি। এর মধ্যে রাষ্ট্রীয় সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কাছেই জমেছে প্রায় ৫ হাজার ৮৬৯ কোটি টাকা। অন্যদিকে বেসরকারি তিনটি এয়ারলাইনসের কাছে পাওনা রয়েছে ১ হাজার ২৫৮ কোটি টাকার বেশি। কিন্তু প্রতিষ্ঠান তিনটির কার্যক্রম বন্ধ থাকায় এসব অর্থ আদায় নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
বেবিচকের অর্থ ও হিসাব বিভাগের তৈরি গত আগস্ট পর্যন্ত হিসাব বিবরণীতে এ তথ্য উঠে এসেছে। ৭ নভেম্বর স্বাক্ষরিত এক চিঠিতে চারটি দেশীয় এয়ারলাইনসের কাছে পাওনার বিস্তারিত বিবরণী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হয়েছে।
হিসাব বিবরণী অনুযায়ী, চারটি এয়ারলাইনসের কাছে বেবিচকের মোট পাওনা ৭ হাজার ১২৭ কোটি ৯ লাখ ৪৫ হাজার ৩ টাকা।
এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কাছে পাওনা ৫ হাজার ৮৬৮ কোটি ৮৫ লাখ ২ হাজার ৫৩২ টাকা। এই অর্থের মধ্যে রয়েছে মূল বিল, মূল্য সংযোজন কর (ভ্যাট), আয়কর এবং বিল পরিশোধে বিলম্বের কারণে আরোপিত অতিরিক্ত ফি ও সারচার্জ।
অন্যদিকে, বেসরকারি তিনটি এয়ারলাইনসের মধ্যে সবচেয়ে বেশি পাওনা রিজেন্ট এয়ারওয়েজের কাছে। প্রতিষ্ঠানটির কাছে বেবিচকের পাওনা ৪৫৪ কোটি ৭১ লাখ ৪০ হাজার ২৩ টাকা। ইউনাইটেড এয়ারওয়েজের কাছে ৩৯১ কোটি ৭২ লাখ ১০ হাজার ৬৩৮ টাকা এবং জিএমজি এয়ারলাইনসের কাছে ৪১১ কোটি ৮০ লাখ ৯১ হাজার ৮১০ টাকা।
তিনটি এয়ারলাইনসের কোনোটিই বর্তমানে চালু নেই। ফলে এসব প্রতিষ্ঠানের কাছ থেকে বিপুল অঙ্কের বকেয়া আদায় নিয়ে জটিলতায় পড়েছে বেবিচক। হিসাব বিবরণীতে প্রতিষ্ঠানগুলোর পাওনার বিষয়ে মামলাধীন উল্লেখ করা হয়েছে।
বিমানবন্দরের জায়গা দখলে ১৩ উড়োজাহাজ
বকেয়া আদায়ের পাশাপাশি বিমানবন্দরের জায়গা দখল করে থাকা অকেজো উড়োজাহাজ নিয়েও বিপাকে রয়েছে বেবিচক। বন্ধ হয়ে যাওয়া বেসরকারি এয়ারলাইনসগুলোর ১৩টি উড়োজাহাজ দেশের দুটি বিমানবন্দরে পড়ে আছে। এর মধ্যে ১২টি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবং একটি কক্সবাজার বিমানবন্দরে।
উড়োজাহাজগুলোর মধ্যে ইউনাইটেড এয়ারওয়েজের ৯টি, রিজেন্ট এয়ারওয়েজের দুটি এবং জিএমজি ও অ্যাঞ্জেল এয়ারওয়েজের একটি করে উড়োজাহাজ রয়েছে।
ঢাকার বিমানবন্দরে পড়ে থাকা ১২টি উড়োজাহাজ রপ্তানি কার্গো অ্যাপ্রোনের প্রায় ১ লাখ ৯২ হাজার বর্গফুট জায়গা দখল করে রেখেছে। অন্যদিকে কক্সবাজার বিমানবন্দরে পড়ে রয়েছে ইউনাইটেড এয়ারওয়েজের এটিআর-৭২-২১২ মডেলের একটি উড়োজাহাজ।
স্ক্র্যাপ হিসেবে বিক্রি হবে অকেজো উড়োজাহাজ
বিমানবন্দরে পড়ে থাকা অকেজো উড়োজাহাজগুলো ২০২৪ সালের ২৬ মে বাজেয়াপ্ত করে বেবিচক। পরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাকা ১২টি উড়োজাহাজ ভাঙারি বা স্ক্র্যাপ হিসেবে বিক্রির প্রস্তাব বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে পাঠানো হয়।
বেবিচক সূত্র জানিয়েছে, সচল উড়োজাহাজ হিসেবে এগুলো কেনার উপযুক্ত ক্রেতা পাওয়া যায়নি। এ কারণে ভাঙারি হিসেবে বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। বাজেয়াপ্ত করার পর দুই বছরের বেশি সময় ধরে উড়োজাহাজগুলো বিমানবন্দরে পড়ে রয়েছে।
বেবিচকের হিসাব অনুযায়ী, এসব উড়োজাহাজ সরিয়ে সেখানে ১২টি নতুন পার্কিং বে চালু করা গেলে প্রতিদিন প্রায় ২ কোটি ৮৮ লাখ টাকা অতিরিক্ত আয় করা সম্ভব।
আর্থিক সংকটে বন্ধ তিন এয়ারলাইনস
২০০৫ সালে প্রতিষ্ঠিত ইউনাইটেড এয়ারওয়েজ ২০০৭ সালের ১০ জুলাই বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা শুরু করে। আর্থিক সংকট, অভ্যন্তরীণ কোন্দল ও অব্যবস্থাপনার কারণে ২০১৪ সালের সেপ্টেম্বরে প্রতিষ্ঠানটি সাময়িকভাবে ফ্লাইট পরিচালনা বন্ধ করে। পরে ২০১৬ সালের ৬ মার্চ থেকে সব ধরনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে যায়।
অন্যদিকে, কোভিড-১৯ মহামারি ও তীব্র আর্থিক সংকটের কারণে ২০২০ সালের মার্চ থেকে রিজেন্ট এয়ারওয়েজের সব ফ্লাইট বন্ধ হয়ে যায়। বকেয়া ঋণ ও উড়োজাহাজের লিজের অর্থ পরিশোধ করতে না পারায় ২০২৩ সালের ২৯ মার্চ প্রতিষ্ঠানটির মাতৃপ্রতিষ্ঠান এইচজি এভিয়েশন লিমিটেডের অবলুপ্তি বা লিকুইডেশন প্রক্রিয়া শুরু হয়। আদালতের নির্দেশে এ প্রক্রিয়া শুরু হয়েছিল। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০২৪ সালের মে মাসে রিজেন্টের পরিত্যক্ত উড়োজাহাজগুলো আনুষ্ঠানিকভাবে বাজেয়াপ্ত করে বেবিচক।
এদিকে, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, অব্যবস্থাপনা, আর্থিক সংকট ও ঋণের দায়ে ২০১২ সালের ২৮ মার্চ বন্ধ হয়ে যায় জিএমজি এয়ারলাইনস। ১৯৯৭ সালে যাত্রা শুরু করেছিল বেসরকারি এই এয়ারলাইনস। অন্যদিকে পণ্য পরিবহনকারী উড়োজাহাজ সংস্থা অ্যাঞ্জেল এয়ারওয়েজ ২০১৬ সাল পর্যন্ত সেবা দিয়েছে।
সব মিলিয়ে চারটি এয়ারলাইনসের কাছে হাজার কোটি টাকার বেশি পাওনা আটকে রয়েছে বেবিচকের। এর মধ্যে তিনটি বেসরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ থাকায় অর্থ আদায় আরও কঠিন হয়ে পড়েছে। পাশাপাশি পরিত্যক্ত উড়োজাহাজগুলো বিমানবন্দরের গুরুত্বপূর্ণ জায়গা দখল করে রাখায় নতুন পার্কিং বে চালুর সম্ভাবনাও বাধাগ্রস্ত হচ্ছে। ফলে বকেয়া আদায় ও বিমানবন্দরের জায়গা পুনরুদ্ধার—দুই ক্ষেত্রেই বড় চ্যালেঞ্জের মুখে রয়েছে বেবিচক।
























