তৈরি পোশাকশ্রমিকদের নতুন মজুরিকাঠামোয় গ্রেডভেদে বেতন বাড়ছে ৩৬ থেকে ৪৩ শতাংশ। এতে শ্রমিকদের মাসিক মজুরি সর্বনিম্ন ৪ হাজার ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ৬ হাজার ৪৬৫ টাকা পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। নতুন কাঠামোয় সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা। তবে গত দুই বছরে দুই দফায় ৯ শতাংশ করে বার্ষিক মজুরি বৃদ্ধি পাওয়ায় শ্রমিকদের বর্তমান বেতনের তুলনায় প্রকৃত বৃদ্ধির হার কিছুটা কম হবে।
গত মঙ্গলবার গভীর রাতে নিম্নতম মজুরি বোর্ডের সভায় শ্রমিকদের নতুন মজুরিকাঠামোর প্রস্তাব গৃহীত হয়। সভায় প্রথম তিনটি গ্রেডের মজুরি নিয়ে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে সমঝোতা হয়। তবে চতুর্থ বা সর্বনিম্ন গ্রেডের মজুরি নিয়ে মতবিরোধ থাকায় শেষ পর্যন্ত ভোটাভুটির মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়।
রাত একটার পর অনুষ্ঠিত ভোটে ছয়জন সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকার পক্ষে এবং দুজন ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন। ফলে সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে সর্বনিম্ন মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব গৃহীত হয়। ২০২৩ সালের ১ ডিসেম্বর কার্যকর হওয়া আগের কাঠামোয় সর্বনিম্ন মজুরি ছিল ১২ হাজার ৫০০ টাকা।
তবে শ্রমিকদের চারটি গ্রেডের মোট মজুরি নির্ধারণ করা হলেও মূল বেতন ও বিভিন্ন ভাতার পরিমাণ এখনো চূড়ান্ত হয়নি। মূল বেতন, বাড়িভাড়া, যাতায়াত, খাদ্য ও চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের বেতন-ভাতা নির্ধারণে আজ বৃহস্পতিবার মজুরি বোর্ডের পঞ্চম সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এসব বিষয়ে সমঝোতা হওয়ার পর খসড়া মজুরি প্রস্তাবের ওপর মতামত নেওয়া হবে। এরপর চূড়ান্ত খসড়া শ্রম মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয়ের যাচাই-বাছাই শেষে প্রজ্ঞাপন জারি করা হবে। তবে প্রজ্ঞাপন জারির সময় যা-ই হোক, আগামী ১ ডিসেম্বর থেকে নতুন মজুরিকাঠামো কার্যকর হবে বলে জানিয়েছে মজুরি বোর্ড।
মঙ্গলবার গভীর রাতে সিদ্ধান্তের পর মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি সাংবাদিকদের বলেন, বোর্ড গঠনের ২৫ দিনের মাথায় মজুরির বিষয়ে সিদ্ধান্ত হয়েছে, যা আগে কখনো হয়নি। সর্বশেষ মালিকপক্ষের ১৬ হাজার টাকা এবং শ্রমিকপক্ষের ১৮ হাজার টাকার প্রস্তাবের মধ্যে ভোটাভুটি হয়। সংখ্যাগরিষ্ঠ সদস্যের ভোটে ১৭ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব গৃহীত হয়েছে।
কোন গ্রেডে কত বাড়ছে মজুরি
মজুরি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, চারটি গ্রেডেই উল্লেখযোগ্য হারে মজুরি বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
|
গ্রেড ও পদ |
আগের মজুরি |
নতুন মজুরি |
বৃদ্ধি |
|---|---|---|---|
|
প্রথম গ্রেড (সিনিয়র অপারেটর) |
১৫,০৩৫ টাকা |
২১,৫০০ টাকা |
৬,৪৬৫ টাকা |
|
দ্বিতীয় গ্রেড (অপারেটর) |
১৪,২৭৩ টাকা |
২০,০০০ টাকা |
৫,৭২৭ টাকা |
|
তৃতীয় গ্রেড (জুনিয়র অপারেটর) |
১৩,৫৫০ টাকা |
১৯,২০০ টাকা |
৫,৬৫০ টাকা |
|
চতুর্থ গ্রেড (সর্বনিম্ন) |
১২,৫০০ টাকা |
১৭,০০০ টাকা |
৪,৫০০ টাকা |
প্রথম গ্রেডের সিনিয়র অপারেটরদের মজুরি সবচেয়ে বেশি ৬ হাজার ৪৬৫ টাকা বা ৪৩ শতাংশ বাড়ছে। দ্বিতীয় গ্রেডে ৫ হাজার ৭২৭ টাকা বা ৪০ শতাংশ এবং তৃতীয় গ্রেডে ৫ হাজার ৬৫০ টাকা বা ৪১ দশমিক ৭০ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। সর্বনিম্ন চতুর্থ গ্রেডে মজুরি বাড়ছে ৪ হাজার ৫০০ টাকা বা ৩৬ শতাংশ।
তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর তথ্য অনুযায়ী, পোশাকশ্রমিকদের মধ্যে ১৪ শতাংশ চতুর্থ গ্রেডে, ২৬ শতাংশ তৃতীয় গ্রেডে, ৩২ শতাংশ দ্বিতীয় গ্রেডে এবং ২৮ শতাংশ প্রথম গ্রেডে কাজ করেন। অর্থাৎ দ্বিতীয় গ্রেডেই সবচেয়ে বেশি শ্রমিক কর্মরত। এই গ্রেডে মজুরি বাড়ছে দ্বিতীয় সর্বোচ্চ ৫ হাজার ৭২৭ টাকা।
মজুরি বোর্ডের শ্রমিকপক্ষের প্রতিনিধি জানিয়েছেন, কোনো শ্রমিকের বর্তমান মজুরি নতুন কাঠামোর নির্দিষ্ট গ্রেডের কাছাকাছি থাকলে তাঁর মজুরি ২ হাজার টাকা বাড়বে। এ ছাড়া সোয়েটার কারখানার শ্রমিকেরা আগের তুলনায় বেশি দৈনিক মজুরি পাবেন।
১৭ হাজার টাকা নিয়ে শ্রমিক সংগঠনগুলোর মিশ্র প্রতিক্রিয়া
সর্বনিম্ন মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব নিয়ে শ্রমিক সংগঠনগুলোর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তবে ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি) এক বিবৃতিতে বলেছে, ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি শ্রমিকদের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে পারেনি।
মজুরি বোর্ডের শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার বলেন, বাংলাদেশে শ্রমিকেরা কখনোই ন্যূনতম মজুরি নিয়ে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি। অনেক আলোচনা ও দর-কষাকষির পর প্রথম থেকে তৃতীয় গ্রেডের মজুরি নিয়ে একমত হওয়া গেছে। তবে চতুর্থ গ্রেডের জন্য শ্রমিকপক্ষ সপ্তম দফায় ১৮ হাজার টাকা প্রস্তাব করেছিল। শেষ পর্যন্ত ভোটাভুটিতে ১৭ হাজার টাকা নির্ধারিত হয়েছে।
তিনি বলেন, এই সিদ্ধান্তে তাঁরা সন্তুষ্ট নন। তবে বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী নতুন মজুরি নির্ধারণ করা হয়েছে। এখন সব কারখানায় দ্রুত নতুন মজুরি কার্যকর করার আহ্বান জানান তিনি। পাশাপাশি শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার অনুরোধ করেন।
কারখানার উৎপাদন ব্যয় বাড়ার শঙ্কা
নতুন মজুরিকাঠামো কার্যকর হলে পোশাক কারখানাগুলোর উৎপাদন ব্যয়ও বাড়বে। ধামরাইয়ের পরিবেশবান্ধব কিউট ড্রেস ইন্ডাস্ট্রিতে বর্তমানে প্রায় ৬৫০ শ্রমিক কাজ করেন। কারখানাটিতে প্রতি মাসে শ্রমিকদের মজুরি বাবদ ব্যয় হয় প্রায় দেড় কোটি টাকা। নতুন কাঠামো কার্যকর হলে এই খাতে মাসিক ব্যয় প্রায় ৪০ লাখ টাকা বাড়বে।
কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক শেখ এইচ এম মোস্তাফিজ বলেন, মজুরি বাড়লে তাঁদের মুনাফা কমে যাবে, যদি ক্রেতারা পোশাকের দাম না বাড়ান। বিষয়টি নিয়ে ইতিমধ্যে ক্রেতাদের সঙ্গে আলোচনা হয়েছে। তবে বৈশ্বিক বাজারে তৈরি পোশাকের চাহিদা কম থাকায় অধিকাংশ ক্রেতা দাম বাড়াতে রাজি নন। মধ্যপ্রাচ্যের অস্থিরতারও প্রভাব রয়েছে। যদিও কিছু ক্রেতা দাম বাড়াতে সম্মত হয়েছেন।
তিন দশকে মজুরি বেড়েছে ১১ হাজার ৫৭০ টাকা
নব্বইয়ের দশকের শুরুতে বাংলাদেশের তৈরি পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মজুরি ছিল মাত্র ৬২৭ টাকা। ১৯৯৪ সালে তা ৪৮ শতাংশ বাড়িয়ে ৯৩০ টাকা নির্ধারণ করা হয়। এরপর প্রায় তিন দশকে কয়েক দফায় বেড়ে ২০২৩ সালে সর্বনিম্ন মজুরি দাঁড়ায় ১২ হাজার ৫০০ টাকা। ওই বছর মজুরি বেড়েছিল ৫৬ শতাংশ।
সম্মিলিত গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার বলেন, শ্রমিকদের প্রত্যাশা ছিল শেষ পর্যন্ত ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা হবে। সেই হিসাবে তাঁরা পুরোপুরি সন্তুষ্ট নন। তবে আগের সময়ের তুলনায় এবার মজুরি বোর্ডে শ্রমিকপক্ষের দর-কষাকষি ভালো হয়েছে। সর্বনিম্ন গ্রেডের তুলনায় ওপরের গ্রেডগুলোতে এবার বেশি হারে মজুরি বেড়েছে।
নতুন মজুরিকাঠামো বাস্তবায়িত হলে পোশাকশ্রমিকদের আয় বাড়বে। তবে শ্রমিকদের প্রকৃত আয় কতটা বাড়বে, তা নির্ভর করবে মূল বেতন ও বিভিন্ন ভাতার চূড়ান্ত কাঠামোর ওপর। একই সঙ্গে বাড়তি উৎপাদন ব্যয় সামাল দিতে পোশাকের আন্তর্জাতিক ক্রেতারা দাম বাড়াতে কতটা সম্মত হন, সেটিও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
























