আগামী বছরের জানুয়ারি থেকেই শিশুদের নির্দিষ্ট স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ সরবরাহ করবে সরকার। এ তথ্য জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন।বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর শাহবাগে বাংলাদেশ শিশু একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, শিশুদের জন্য অভিন্ন স্কুল ড্রেস চালু করা হলে তাদের মধ্যে সমতা ও ভ্রাতৃত্ববোধ গড়ে উঠবে। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানে সব শিশুর সমান সুযোগ নিশ্চিত করতেও এটি ভূমিকা রাখবে।
তিনি বলেন, অতীতে শিশুদের স্কুলমুখী করতে সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছিল। তবে অনিয়ম ও দুর্নীতির কারণে সেসব উদ্যোগ প্রত্যাশিত ফল দিতে পারেনি।
অনুষ্ঠানে প্রাক-প্রাথমিক পর্যায় থেকেই শিশুদের ধর্মীয় ও নৈতিক শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান মন্ত্রী।
তিনি আরও বলেন, শিশুদের পর্যাপ্ত নৈতিক শিক্ষা দেওয়া গেলে ভবিষ্যতে বাংলাদেশে নারী ও শিশুদের ওপর নির্যাতনের ঘটনা কমে আসবে। তাই ছোটবেলা থেকেই শিশুদের নৈতিক মূল্যবোধ ও মানবিক গুণাবলিতে গড়ে তোলা প্রয়োজন।
























